Showing posts with label টুম্পা মিত্র সরকার. Show all posts
Showing posts with label টুম্পা মিত্র সরকার. Show all posts

ছড়া-কবিতা:: আমার ছড়া - টুম্পা মিত্র সরকার


আমার ছড়া
টুম্পা মিত্র সরকার

একটা ছড়া লেখার পরেই
কাটি আবার ফের
রাগ হয়েছে তাতেই নাকি
শুনছি ছড়াদের৷

ভাবছি এবার লিখব ছড়া
ছন্দটা বেশ শিখে
সেই ছড়ারা জ্বেলে দেবে
খুশির আলোটিকে৷

হঠাৎ কখন ফুটলে ছড়া
নদীর কোনো চরে...
পড়ার শেষে বলবে সবাই
তারপরে তারপরে..৷

আমি তখন লিখব আবার
সবার কথা শুনে
একখানা নয় দু-খানা নয়
দশটা গুনে গুনে৷

সেসব ছড়া পড়ার শেষে
থাকবে যখন ঘোরে
আমার ছড়া ভীষণ মজায়
হাসবে জোরে জোরে৷
----------
ছবি - আন্তর্জাল

ছড়া-কবিতা:: মেঘটা - টুম্পা মিত্র সরকার


মেঘটা
টুম্পা মিত্র সরকার

একখানা মেঘ ঘুরে ঘুরে
নামল ঢাকা, ফরিদপুরে
ঘাসফড়িঙের রোদবিকেলের বেলা৷
মেঘের এমন দস্যিপনা
কারোর সাথে হয় তুলনা?
দিন-রাত্তির শুধুই খেলা খেলা৷
ঘুড়ির পিছন ছুটতে থাকে
হাওয়ার ডানায় স্বপ্ন আঁকে
এক নিমেষে যায় ছুটে কলকাতায়৷
খেলায় এমন আত্মহারা
ডাকলেও কেউ দেয় না সাড়া
ফুলপরিদের সঙ্গে সে মিল পাতায়৷
জোছনা আঁকা চাঁদের পাশে
মনকেমনের স্বপ্নে ভাসে
আকুল হয়ে নামায় জলের ধারা৷
পরক্ষণেই সবুজ ঘিরে
নব জীবন পায় সে ফিরে
খুব খুশিতে গুনতে বেরোয় তারা৷
----------
ছবি - আন্তর্জাল

ছড়া-কবিতা:: মায়ের কাছে ফেরা - টুম্পা মিত্র সরকার


মায়ের কাছে ফেরা
টুম্পা মিত্র সরকার
 
সকাল থেকে সারা দুপুর
ঝরছ কেবল টাপুর টুপুর
ভাবছটা কী?
বান ডাকাবে?
তবেই যাবে ফিরে নিজের ঘাঁটি?
 
সারাটা দিন খেলার পরে
ফিরবে যখন নিজের ঘরে
মা যে তোমায় রেগে
বলবে জানি, ‘বাউন্ডুলে
কোথায় ছিলি এতক্ষণ এই
নাওয়া খাওয়া ভুলে?’
শঙ্কাতে উদ্বেগে৷
 
তার’চে ভালো এই অবেলায়
অস্তরাগে রঙের মেলায়
বিহুর পরব দেখে
যাও ফিরে যাও নিজের ঘরে
দুধসাদা রঙ মেখে৷
 
যাওয়ার পথে রাতবিরেতে
চাঁদ-লুকানো ধানের খেতে
দেখবে জোনাক-আলো
সেই আলোতে পথ পেরিয়ে
হাওয়ারই গান সঙ্গে নিয়ে
ঘুচবে যতেক কালো৷
 
ঠিক তখনই আতায় পাতায়
ভাব জমিয়ে এক কবিতায়
সে কোন্ বাউলকবি...
সুরের ঢেউয়ে ভুবন জুড়ে
রক্তরবির আলোকপুরে
গান লেখে ভৈরবী৷
 
সে গানখানি সৃষ্টিসুখে
ফুল পাখি আর নদীর বুকে
থামলে অকস্মাৎ
দেখবে মা ঠিক দাঁড়িয়ে আছে
বাড়িয়ে দুটি হাত৷
_____

ছবিঃ সম্বিতা

ছড়া-কবিতা:: চাঁদ ওঠে ধেই ধেই - টুম্পা মিত্র সরকার


চাঁদ ওঠে ধেই ধেই
টুম্পা মিত্র সরকার

ভুতুড়ে আকাশে দেখি
ঝুরু ঝুরু বর্ষণ
মেঘেদের ছানা কাঁদে
উড়ু উড়ু দর্শন৷

বাতাসটা বড়ো ঝোড়ো
বিচ্ছিরি বাদলায়
ওইখানে মেঘছানা
রূপ তার বদলায়৷

আকাশের গায়ে দেখি
মোটা কালো ছায়া এক
হামাগুড়ি দিয়ে এসে
গোটা গোটা ঝরে দ্যাখ৷

তাই বলি কাঁথা মুড়ি
মেঘ দেখে সাবধান
হাওয়া খাবে মৌসুমী
এইবারে তোলো ধান৷

ফসলকে নিলে ঘরে
বর্ষার আগেতেই
মন-আকাশ মেঘহীন
ওঠে চাঁদ ধেই ধেই৷
_____
ছবিঃ সমীর সরকার

ছড়া-কবিতা:: সেই সে গ্রামে - টুম্পা মিত্র সরকার


সেই সে গ্রামে
টুম্পা মিত্র সরকার

সবুজ ঘেরা গাছপাতা ফুল
পদ্মদিঘির টলটলে জল
রঙ ঢেলে দেয় সুয্যিঠাকুর
সেই সে গ্রামের নামখানা বল?

সকাল জাগে শিশির-ঘাসে
সন্ধে হলেই জোনাকি ঢল
রাত পাহারায় চাঁদের বুড়ি
সেই সে গ্রামের নামখানা বল?

আশ্বিনে যার আলটুসী মেঘ
ভাসায় সাদা মেঘকম্বল
ছোট্ট খুকি আলপনা দেয়
সেই সে গ্রামের নামখানা বল?

গুরুজন দেয় আশিসের হাত
ভায়ের মনে ভায়ের দখল
মন ছুটেছে সুখের খোঁজে
এবার পুজোয় সেইখানে চল৷
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী