ছড়া-কবিতা:: দুর্গোৎসব - বিনায়ক বন্দ্যোপাধ্যায়


দুর্গোৎসব
বিনায়ক বন্দ্যোপাধ্যায়

অন্ধকারে ডাকতে গিয়ে
যে পাখি আজ খেল গুলি
জেনো আমার স্মৃতির ভিতর
রয়েছে তার মাথার খুলি

তুমি তাকে বন্ধ করে
তোরঙ্গতে যতই রাখো
অষ্টমীতে ঘি মিশিয়ে
নতুন ময়দা যখন মাখো

লুচির মতো উঠবে ফুলে
ইতিহাসের শহিদরা সব
এবং মনে পড়িয়ে দেবে,
উৎসবও তো সেই বিপ্লব

মারতে যাকে পারবেই না
মূর্তি ভাঙা জল্লাদেরা
কারণ জলে আর জমিতে
মা দুর্গাই তো মায়ের সেরা
----------
ছবি - সুমিত রায়

No comments:

Post a Comment