বিজ্ঞান:: মহাকাশযানের গোরস্থান - সোহিনী দেবরায়


মহাকাশযানের গোরস্থান
সোহিনী দেবরায়

আমার দশ বছরের ভাইপো জিষ্ণু রোজই মহাকাশের গল্প শুনতে চায়। ও এখনও অবধি সবথেকে বেশি খুশি হয়েছে রকেটের গল্প শুনে। রকেটের গল্প শুনতে শুনতেই ও একদিন হঠাৎ করে জিজ্ঞেস করল, “যে রকেটগুলোর কাজ শেষ হয়ে যায়, সেই রকেটগুলো দিয়ে কী করা হয়?”
প্রশ্নটা শুনে আমার মনেও অনেকগুলো প্রশ্নের উদয় হল। প্রথমে মনে হল মহাকাশেই কি রকেটগুলো নষ্ট করে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? তারপর ভাবতে বসলাম, মহাকাশে যে এত এত রকেট, কৃত্রিম উপগ্রহ আর মহাকাশযান ঘুরে বেড়ায়, সত্যিই সেগুলোর কী হয়? তাদের কাজ যখন শেষ হয়ে যায় বা মেয়াদ ফুরিয়ে আসে, তখন কি সেগুলো অনন্তকাল ধরে মহাশূন্যের অন্ধকারেই ভাসতে থাকে? নাকি তাদের অন্য কোথাও রেখে দেওয়ার ব্যবস্থা আছে!

এসব জানতেই কয়েকদিন ধরে একটু পড়াশোনা করলাম। জানতে পারলাম, কর্মজীবনের শেষে মানুষ যেমন অবসর নেয়, ঠিক তেমনই মহাকাশে পাঠানো এই বিশাল বিশাল যন্ত্রগুলোও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে কাজ থেকে ‘অবসর’ নেয়। তবে এদের ‘অবসর’ নেওয়ার ধরনে আবার পার্থক্য আছে। একদল যন্ত্র পৃথিবীর বুকে ফিরে এসে আশ্রয় নেয় মহাসমুদ্রের গভীরে। আরেক দল চিরকালের জন্য থেকে যায় মহাকাশেরই এক ফাঁকা রাস্তায়।

পৃথিবীর বুকে মহাসমুদ্রের গভীরে ঠিক যে ঠিকানায় মহাকাশযান বা রকেট বা এই ধরনের যন্ত্রগুলোকে রাখা হয়, তাকে বলা হয় ‘স্পেসক্রাফট সেমিট্রি’ বা মহাকাশযানের গোরস্থান। মহাকাশযানের এই গোরস্থানটি অবস্থিত নিউজিল্যান্ডের পূর্ব দিকে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকের গভীরে। এই গোরস্থানের একদম কেন্দ্রবিন্দুটির নাম ‘পয়েন্ট নিমো’। নামটা কি শোনা শোনা লাগছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। ফরাসি সাহিত্যিক জুল ভার্নের বিখ্যাত উপন্যাস ‘টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি’-র রহস্যময় চরিত্র ‘ক্যাপ্টেন নিমো’-র নাম থেকেই এই জায়গাটার নামকরণ হয়েছে। লাতিন ভাষায় এই ‘নিমো’ শব্দটির অর্থ হল ‘কেউ না’ বা ‘যে এখানে নেই’। সত্যিই তো, এই জায়গায় কোনো মানুষ নেই, প্রাণস্পন্দন নেই, পৃথিবীর সবথেকে কাছের দ্বীপও এই পয়েন্ট নিমো প্রায় ২,৬৮৮ কিলোমিটার দূরে অবস্থিত!
মজার বিষয় হল, এই পয়েন্ট নিমোর সব থেকে কাছে যে মানুষগুলো থাকেন, তারা কিন্তু পৃথিবীর মাটিতে থাকেন না। তারা হলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের মহাকাশচারী। স্পেস স্টেশন যখন নিমোর মাথার ওপর দিয়ে যায়, তখন তারা নিমোর অনেক বেশি কাছাকাছি থাকেন। এই কাছাকাছি থাকার হিসেবটা শুনবেন? ‘মাত্র’ চারশো কিলোমিটার ওপরে। মানে কলকাতা থেকে ধরুন প্রায় দার্জিলিং-এর দূরত্বের সমান! ‘মাত্র’ই বটে!
এইটুকু শোনার পরে ছোট্ট জিষ্ণু বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, “কাম্মা, এত জায়গা থাকতে গোরস্থান হিসেবে পয়েন্ট নিমোকেই বেছে নেওয়া হল কেন?”
ভালো প্রশ্ন। সত্যিই তো, পৃথিবীর তিন ভাগ জল। এত এত সমুদ্র, মহাসমুদ্র থাকতে একমাত্র এই অঞ্চলটাকেই গোরস্থান হিসেবে বেছে নেওয়া হল কেন? আসলে পয়েন্ট নিমোর সামুদ্রিক পরিবেশও বেশ অদ্ভুত। একদমই বৈচিত্র্যহীন। এই অঞ্চলটি একটি বিশাল সামুদ্রিক ঘূর্ণিস্রোতের (South Pacific Gyre) ঠিক মাঝখানে অবস্থিত হওয়ায় এখানে বাইরের কোনো পুষ্টি উপাদান বা বলা ভালো জৈব উপাদান পৌঁছাতে পারে না। ফলে বিশাল এই মহাসাগরের জলে জীবনধারণের মতো পর্যাপ্ত খাদ্য বা উপাদান না থাকায় মাছ কিংবা অন্যান্য সামুদ্রিক প্রাণীদের উপস্থিতি নেই বললেই চলে। বিজ্ঞানীরা এই অদ্ভুত অঞ্চলকে মহাসাগরের ‘মরুভূমি’ হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু এখানেও একটা মজার ঘটনা আছে। এই শান্ত ও নির্জন জলরাশিতে ১৯৯৭ সালে ঘটে গিয়েছিল বিজ্ঞানের এক অন্যতম রোমাঞ্চকর ঘটনা। আমেরিকান সংস্থা NOAA-র বিজ্ঞানীরা মহাসাগরের বহু গভীরে বসানো অত্যন্ত শক্তিশালী সূক্ষ্ম সংবেদনশীল হাইড্রোফোনের মাধ্যমে এক অদ্ভুত এবং প্রচণ্ড উচ্চমাত্রার কম-কম্পাঙ্কের শব্দ পেয়েছিলেন। এই শব্দের নাম দেওয়া হয় ‘দ্য ব্লুপ’। প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূর থেকেও এই শব্দের তীব্রতা পাওয়া গিয়েছিল। শব্দটা এসেছিল এই পয়েন্ট নিমোর খুব কাছাকাছি কোনো এলাকা থেকেই। শব্দটির তরঙ্গ দেখে প্রথমদিকে অনেকে ভেবেছিলেন মহাসাগরের নীচে হয়তো কাল্পনিক কোনো ভয়ঙ্কর জলজীব লুকিয়ে রয়েছে যে এভাবে ডাকছে! তবে বহু বছর ধরে একটানা বহু গবেষণা ও বিশ্লেষণ করার পরে ২০০৫ সালে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে, শব্দটা কোনো ভয়ঙ্কর প্রাণীর ডাক নয়। বরং তা হল কুমেরু বা অ্যান্টার্কটিকার সুবিশাল হিমশৈল বা বরফের পাহাড় ভেঙে পড়ার (Icequake) সময় তৈরি হওয়া দানবীয় এক কম্পন ও শব্দের প্রতিধ্বনি, যা সমুদ্রের তলদেশের মধ্যে দিয়ে পয়েন্ট নিমো অঞ্চল পর্যন্ত ভেসে এসেছিল।
১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আড়াইশোরও বেশি অকেজো স্যাটেলাইট, রকেটের অংশ এবং স্পেস স্টেশনকে নীচে নামিয়ে এনে এই পয়েন্ট নিমোর অতল জলে বিসর্জন দেওয়া হয়েছে। এমনকি ২০৩০ সালের পর আন্তর্জাতিক স্পেস স্টেশনের মেয়াদ শেষ হলে সেটিও আগুনে জ্বলতে জ্বলতে এই পয়েন্ট নিমোর বুকেই চিরদিনের মতো ঘুমিয়ে পড়বে।

তবে আগেই যেটা বললাম, সব মহাকাশযানকে কিন্তু পৃথিবীর সমুদ্রে টেনে নামিয়ে আনা যায় না। যেসব কৃত্রিম উপগ্রহ বা জিওসিনক্রোনাস স্যাটেলাইট মহাকাশের অনেক অনেক উঁচুতে (প্রায় ৩৬,০০০ কিলোমিটারেরও বেশি দূরে) থাকে, সেগুলোকে টেনে নীচে নামাতে যে প্রচুর জ্বালানির দরকার হয়, তা মিশন শেষে তাদের কাছে থাকে না। তখন বিজ্ঞানীরা সেগুলোকে পৃথিবীর বুকে না ফেলে, মূল কক্ষপথ থেকে ধাক্কা দিয়ে দিয়ে আরও তিনশো কিলোমিটার ওপরে এক ফাঁকা জায়গায় পাঠিয়ে দেন। মহাকাশের সেই নির্জন কক্ষপথটিকে বলা হয় ‘গ্রেভইয়ার্ড অরবিট’ বা ‘জাঙ্ক অরবিট’। অর্থাৎ মহাকাশেই তৈরি করা হয় আরেক গোরস্থান! সেখানে মহাকাশযানগুলো অন্য কোনো সচল স্যাটেলাইটের ক্ষতি না করে মহাকাশের আবর্জনা বা ‘স্পেস জাঙ্ক’ হয়ে আজীবন চুপচাপ ঘুরতে থাকে।
তবে মহাকাশে এই আবর্জনার পরিমাণ দিন দিন এতই বেড়ে চলেছে যে তা থেকে বড়ো ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে, যা বিজ্ঞানের ভাষায় কেসলার সিনড্রোম (Kessler Syndrome) নামে পরিচিত। ১৯৭৮ সালে নাসার বিজ্ঞানী ডোনাল্ড কেসলার প্রথম এই মারাত্মক তত্ত্বটি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, মহাকাশে জমা হওয়া একটা ছোট্ট বলের আকারের আবর্জনাও যদি ঘণ্টায় হাজার হাজার কিলোমিটার গতিতে কোনো চলন্ত উপগ্রহকে ধাক্কা দেয়, তবে সেটি বোমার মতো ফেটে গিয়ে হাজার হাজার নতুন টুকরো বা আবর্জনার সৃষ্টি করবে। সেই নতুন টুকরোগুলো আবার পাশের অন্যান্য উপগ্রহকে ধাক্কা মারবে এবং এভাবে শৃঙ্খল বিক্রিয়ার (Chain Reaction) মতো একের পর এক ধ্বংসলীলা চলতে থাকবে। কেসলার সিনড্রোম যদি সত্যি ঘটে, তবে পৃথিবীর চারপাশের মহাকাশে আবর্জনার এমন এক ঘন ও বিপজ্জনক দেয়াল তৈরি হবে যে মানুষ আর কখনোই নতুন কোনো রকেট নিয়ে মহাকাশে যেতে পারবে না। এমনকি আমাদের ব্যবহৃত জিপিএস, মোবাইল নেটওয়ার্ক ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি অচল হয়ে পড়তে পারে।

তাই অচল মহাকাশযান, স্যাটেলাইট, রকেটগুলোকে সমুদ্রে এনে ফেলাটাই নিরাপদ। এখানে একটা বিষয় জেনে রাখা দরকার। মহাকাশযানগুলোকে সমুদ্রে ফেলা হচ্ছে মানেই যে সমুদ্রদূষণ হচ্ছে, তা কিন্তু নয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, জাতিসংঘের বিভিন্ন আইন মেনে এবং সমুদ্রের জলজ পরিবেশ রক্ষা করেই বিজ্ঞানীরা পরম দক্ষতার সঙ্গে এই বিসর্জনের কাজটি পরিচালনা করেন। যখন কোনো স্পেস স্টেশন বা কৃত্রিম উপগ্রহের মিশন শেষ হয়ে যায়, তখন সেটি ঘণ্টায় প্রায় ২৭,০০০ কিলোমিটারেরও বেশি গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। এই গতি কমানোর জন্য বিজ্ঞানীরা প্রথমে মহাকাশযানের ইঞ্জিনের মুখ বা ‘রেট্রো-রকেট’ পৃথিবীর ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরিয়ে সজোরে চালু করেন, বিজ্ঞানের ভাষায় একে বলা হয় De-orbit Burn বা আরও সহজভাবে বললে ব্রেক কষার সঙ্গে তুলনা করা যেতে পারে। এর ফলে মহাকাশযানটি প্রথমে তার স্বাভাবিক কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে নীচের দিকে নামতে শুরু করে এবং একসময় পৃথিবীর ঘন বায়ুমণ্ডলে প্রবেশ করে। ঘণ্টায় হাজার হাজার কিলোমিটার বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করতেই বাতাসের প্রচণ্ড ঘর্ষণে সেখানকার তাপমাত্রা ২,০০০ ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে উঠে যায়, যার ফলে মহাকাশযানটিতে তীব্র বিস্ফোরণ ঘটে আগুন জ্বলে ওঠে এবং তার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ অংশই পুড়ে ছাই হয়ে যায়। তবে রকেটের যেসব অংশ অত্যন্ত শক্ত ধাতুতে তৈরি, যেমন স্টেইনলেস স্টিল বা টাইটেনিয়ামের তৈরি জ্বালানি ট্যাঙ্ক সেগুলো সেই প্রচণ্ড তাপেও পুরোপুরি ধ্বংস হয় না। বিজ্ঞানীরা আগে থেকেই সুপারকম্পিউটারের সাহায্যে নির্দিষ্ট ব্যবস্থা করে রাখেন যাতে পুড়ে না যাওয়া এই ভারী ধাতব ধ্বংসাবশেষগুলো ডাইনে-বাঁয়ে কোনো জনবসতি বা দ্বীপে না গিয়ে ঠিক দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জনমানবহীন ‘পয়েন্ট নিমো’ এলাকার নির্দিষ্ট সমুদ্রসীমানাতেই এসে আছড়ে পড়তে পারে। পুরো প্রক্রিয়াটি এতই সূক্ষ্মভাবে মিনিট ও সেকেন্ডের হিসাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে মহাশূন্যের আবর্জনা সরাতে গিয়ে পৃথিবী বা পৃথিবীর মানুষের কোনো ক্ষতি না হয়। তবে ক্ষতি যে অতীতে কখনোই হয়নি, তা নয়। আমেরিকার তৈরি প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ যখন ১৯৭৯ সালে তার কাজ শেষ হওয়ার পরে পৃথিবীতে খসে পড়েছিল, তখন বিজ্ঞানীরা তার গতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেননি। যার ফলে সেটি পয়েন্ট নিমোর সামুদ্রিক গোরস্থানে না পড়ে ভুলবশত অস্ট্রেলিয়ার এক জনমানবহীন প্রত্যন্ত অঞ্চলে আছড়ে পড়েছিল। সেই ঘটনায় কোনো মানুষের ক্ষতি না হলেও অস্ট্রেলিয়া সরকার নাসাকে ‘জনসমক্ষে ময়লা ফেলার’ অপরাধে চারশো ডলার জরিমানা করেছিল। অন্যদিকে, সোভিয়েত ইউনিয়ন ও পরবর্তীতে রাশিয়ার মহাকাশ বিজ্ঞানের গর্ব ‘স্যাল্যুট’ সিরিজের প্রায় ছয়টি স্পেস স্টেশনকে তাদের মেয়াদ শেষে সুনিয়ন্ত্রিতভাবে এই পয়েন্ট নিমোর বুকেই চিরতরে বিসর্জন দেওয়া হয়। তবে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড়ো ও নজরকাড়া ঘটনাটি ঘটেছিল ২০০১ সালে। রাশিয়ার সুবিশাল স্পেস স্টেশন ‘মির’-কে ধ্বংস করা হয়। ১৫ বছর ধরে মহাকাশে টানা সফল সেবা দেওয়ার পর প্রায় ১৩৭ টন ওজনের এই বিশাল যন্ত্রটিকে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকিয়ে দেওয়া হয়, তখন সেটি আগুনের বিশাল গোলার মতো হাজার হাজার টুকরো হয়ে জ্বলতে জ্বলতে পয়েন্ট নিমোর জলে আছড়ে পড়েছিল, যা দেখতে সারা বিশ্বের মানুষ উন্মুখ হয়ে তাকিয়ে ছিল।

তবে এখানেই শেষ নয়। ভবিষ্যতে মহাকাশের আবর্জনার ব্যবস্থা করার জন্য বিজ্ঞানীরা নতুন নতুন দারুণ সব প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। এখন এমন কিছু বিশেষ স্যাটেলাইট তৈরির কাজ চলছে যাদের বলা হচ্ছে Space Tug। এগুলো মহাশূন্যে উড়তে থাকা অবস্থায় বিশাল বড়ো জাল/নেট বা রোবোটিক হাত দিয়ে অকেজো স্যাটেলাইটগুলোকে ধরে ফেলবে এবং টেনে এনে নিরাপদে ধ্বংস করবে। এ ছাড়া পৃথিবী বা মহাকাশ থেকে শক্তিশালী Laser Beam পাঠিয়ে ছোটো ছোটো স্পেস জাঙ্কগুলোকে ধাক্কা দিয়ে নির্দিষ্ট গোরস্থানের দিকে ঠেলে দেওয়ার পরীক্ষাও চালানো হচ্ছে। এমনকি বিজ্ঞানীরা এখন এমন সব বিশেষ উপাদান দিয়ে ভবিষ্যতের মহাকাশযান বানাচ্ছেন, যেগুলো মিশন শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলেই শতভাগ পুড়ে ছাই হয়ে যাবে। এর ফলে সমুদ্রের অতল গভীরে কোনো ধাতব আবর্জনা ফেলার সম্ভাবনাই আর তৈরি হবে না। যদিও এগুলো সব ভবিষ্যতের পরিকল্পনা।
আপাতত একদিকে সমুদ্রের নীচে ঘুমিয়ে থাকা ‘স্পেসক্রাফট সেমিট্রি’ আর অন্যদিকে মহাশূন্যে ভাসতে থাকা ‘গ্রেভইয়ার্ড অরবিট’, এই দুই ঠিকানাতেই নিঃশব্দে জমা হয়ে রয়েছে মানুষের মহাকাশ জয়ের শত শত গল্প।
----------
ছবি: এ আই (নির্মাণ: তাপস মৌলিক)

No comments:

Post a Comment