
লাল বাড়ি নীল আকাশ
মধুমিতা ভট্টাচার্য
লালরঙা এক বাড়ি
উঠোন জুড়ে পাতাবাহার
ঋতু ফুলের কেয়ারি
এমন একটা বাড়ি,
ভেতর জুড়ে ছায়ার হদিস
ছাদের নজরদারি
ছবি আঁটা চার দেয়ালে
গল্পের পায়চারি
দরজা খুলেই আলোর গুমোর
হাওয়ার দাপট ভারী
মনখারাপী উধাও করা
খুশির জলঝারি।
এমন একটা আকাশ,
নীলরঙা বাহারি
লক্ষ হাজার তারার মিছিল
চড়ে রাতের গাড়ি
দেয় আঁধারে পাড়ি,
দূরবিনে চোখ রাখলে আকাশ
নামে পাশের বাড়ি
চল রে যাবি... কে যাবি রে
আয় ছুটে শিগগিরই
এমন একটা লালরঙা আর
ভালবাসার বাড়ি
আকাশ ছুঁয়ে তারার ভেলায়
চল বেরিয়ে পড়ি
চল বেরিয়ে পড়ি।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment