
বর্ষায়
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বসে আছি,
যদি হাওয়া আসে খোলা জানলায়
ঘুমের ভিতরে স্বপ্নরা যেন না জাগায়।
পা মেপে চলা,
কথা চেপে রাখি সময়ের নীচে দাঁড়িয়ে ‒
কিছু পথ বাকি;
পুরানো পথের
চিহ্নরা গেছে হারিয়ে।
ধরি না জোনাকি,
সাজাই না ফুল
মন এলোমেলো হয়ে থাকে
বারান্দাটায় ছোটো বেড়ালেরা
সারারাত ডাকে মাকে।
দূরে কালো মেঘ,
দমকা বাতাসে
চেনা তালগাছ কাঁপে
ছোটো কবিতারা থেমে গেছে
কত পুরোনো খাতার মাপে।
চেনা বৃষ্টিরা ভোর রাত্তিরে
অতি গাঢ় হয়ে আসে,
তার ভিতরেই বহু দূরে যেন
সেরা সঙ্গীত ভাসে।
জেগে আছি খোলা জানলায়
শুধু হাওয়া খেলে যাক পর্দায়।
----------
ছবি: এ আই (নির্মাণ: তাপস মৌলিক)
No comments:
Post a Comment