ছড়া-কবিতা:: ইচ্ছে হলে খুঁজো - মৌসুমী চট্টোপাধ্যায় দাস


ইচ্ছে হলে খুঁজো
মৌসুমী চট্টোপাধ্যায় দাস

বাঁশঝাড়টার মাথার ওপর হলদে ক্ষয়া চাঁদ
নিঝুম রাতে পুকুরধারে বিছিয়ে মায়ার ফাঁদ
হাতছানিতে ডেকেছে কি বর্ণা শুভাঙ্গীকে?
গাঁয়ের শেষে কুটুমবাড়ি এখনও কার টিকে?
পলাশ প্রদীপ শুভাঞ্জনের কারোর মামাবাড়ি
যেতে হলে হয় পেরোতে পান বরজের সারি?
আমার কিন্তু মনে পড়ে সেই যে সে দিনগুলো,
লম্ফজ্বলা সন্ধেবেলা, রসুই ঘরের কুলো,
শাড়ির পাড়ের সুতোয় বোনা আসনে ফুলকাটা,
ওই তো খয়ের চুনের দাগে দিদার পানের বাটা।
হুক্কা-ডাকা আচার-চাখা ঝগড়াঝাঁটি মিল,
মন ভোলানো তরকারিতে মশলা দিত শিল।
বাঘ বেরোনোর গল্প শুনে ঘুমিয়ে যখন কাদা
স্বপ্নে একানড়ের ভয়ে ‘ও-ম্মা’ বলে কাঁদা।
লটরপটর মাটির পুতুল, বিয়ের আসর তার,
ঘাড় দোলানো বুড়ো পুতুল, পুঁতির অলংকার।
পাড়ার খুদে পাঠাগারে পঁচিশে বৈশাখ,
পূর্ণিমাতে শিন্নিমাখা, টুকরো করা আখ।
পাট পচানো জলায় জাগা খুশির কাশের দোল,
শিকেয় তোলা দুধের হাঁড়ি, জিয়োনো কই শোল।
যায়নি সে সব সোনালি দিন, ইচ্ছে হলে খুঁজো
বার্ষিকীদের হলদে পাতায়, আসছে ছুটি-পুজো।
----------
ছবি: এ আই (নির্মাণ: তাপস মৌলিক)

No comments:

Post a Comment