ছড়া-কবিতা:: সাদেক আলীর ছাগল - অমিত চট্টোপাধ্যায়


সাদেক আলীর ছাগল
অমিত চট্টোপাধ্যায়

দাও ফিরিয়ে দাও ফিরিয়ে,
সকাল থেকে বলছে খালি।
হারিয়ে ফেলে ছাগলছানা,
কুসুমপুরের সাদেক আলী।
তিনটে ছোটো ছাগল ছিল
সাদেক আলীর পাঁজর বুকের,
ওদের নিয়েই সারাটা দিন
হেসে খেলে কাটত সুখে।
কাজের খোঁজে সাদেক গেল
পিসির কাছে তাদের রেখে,
ফিরে এসে চাইলে ফেরত
ভিরমি খেল ছাগল দেখে!
তিনটে ছাগল তাগড়া শরীর
মাথায় জোড়া শিঙের বাহার
ডাকলে কাছে আসছে তেড়ে
সাদেককে কেউ চিনছে না আর
সাদেক বলে, আমার ছিল
বড়োই আপন ছাগল ছানা!
যাদের তুমি দিচ্ছ ফেরত,
লাগছে তাদের ঘোর অচেনা!
পিসি বলে, ওরে পাগল!
যাদেরকে তুই গেছিস ছেড়ে,
সেই ছানারাই মস্ত এখন,
তিন বছরে মাথায় বেড়ে।
----------
ছবি: এ আই (নির্মাণ: তাপস মৌলিক)

No comments:

Post a Comment