ছড়া-কবিতা:: ভিসুভিয়াস - পারমিতা বন্দ্যোপাধ্যায়


ভিসুভিয়াস
পারমিতা বন্দ্যোপাধ্যায়

ছবি তো দেখেছি বইয়ের পাতায়
স্বপ্ন দেখেছি মনে,
যদি দেখা পাই আগ্নেয়গিরি
পৃথিবীর কোনো কোণে।

স্বপন পেল সার্থকতা
সালটা ছিল উনিশ,
সুযোগ এল আচম্বিতে
বিধাতাকে কুর্নিশ।

ইতালি পৌঁছে কত যে ঘুরেছি
হিসাব যে তার নাই,
তারপর দেখি ভিসুভিয়াস
প্রাপ্তি তো সেইটাই।

ইতিহাস যেন জেগে উঠেছিল
সেই খানে, সেই ক্ষণে,
চোখের সামনে ধ্বংসের ছবি
দেখেছি তো ভীত মনে।

ভিসুভিয়াসের পদতলে ছিল
ইতালির পম্পেই,
সুন্দর সেই ছোট্ট নগরী
ধ্বংস করেছে সেই।

সেদিনও দিনটি ছিল সুন্দর
স্বাভাবিক ছিল সব,
হঠাৎ দৈত্য উঠল জেগে
দিকে দিকে পড়ে শব।

যখন সবাই কর্মরত
হঠাৎ ধ্বংসলীলায়,
যেমন ছিল সবাই তেমনি
হ’ল প্রস্তরময়।

নতুন করে শিখি যে আজ
প্রকৃতি নির্দয়,
বিদ্যা বুদ্ধি যতই থাক
মানুষ অসহায়।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment