Showing posts with label বিনায়ক বন্দ্যোপাধ্যায়. Show all posts
Showing posts with label বিনায়ক বন্দ্যোপাধ্যায়. Show all posts

ছড়া-কবিতা:: দুর্গোৎসব - বিনায়ক বন্দ্যোপাধ্যায়


দুর্গোৎসব
বিনায়ক বন্দ্যোপাধ্যায়

অন্ধকারে ডাকতে গিয়ে
যে পাখি আজ খেল গুলি
জেনো আমার স্মৃতির ভিতর
রয়েছে তার মাথার খুলি

তুমি তাকে বন্ধ করে
তোরঙ্গতে যতই রাখো
অষ্টমীতে ঘি মিশিয়ে
নতুন ময়দা যখন মাখো

লুচির মতো উঠবে ফুলে
ইতিহাসের শহিদরা সব
এবং মনে পড়িয়ে দেবে,
উৎসবও তো সেই বিপ্লব

মারতে যাকে পারবেই না
মূর্তি ভাঙা জল্লাদেরা
কারণ জলে আর জমিতে
মা দুর্গাই তো মায়ের সেরা
----------
ছবি - সুমিত রায়

ছড়া-কবিতা:: আগমনি - বিনায়ক বন্দ্যোপাধ্যায়


আগমনি
বিনায়ক বন্দ্যোপাধ্যায়
 
জানলা বন্ধ, দরজা বন্ধ মা কীভাবে আসে?
সে ভাবনাটা ভেবো না, মা তোমায় ভালোবাসে
ভালোবাসে শিউলি ফুল আর কাশের দোলাচল
যখন মেঘের মধ্যে থেকে হারিয়ে গিয়ে জল
ভরেছে সব নদী নালা এবং পুকুরগুলো
শরত ঋতুর মধ্যে দিয়ে মা তোমাকেই ছুঁল
সেই ছোঁয়াটাই থাকবে গায়ে, মা থাকবেন মনে
বন্দি যদি হয়েও থাকি বারান্দার এক কোণে
বোধনের ওই ঢাকের আওয়াজ সারিয়ে দেবে জ্বর
মণ্ডপ হয়ে উঠবে সেজে সক্কলের অন্তর
_____
ছবিঃ শ্রীময়ী