Showing posts with label সমীর সরকার. Show all posts
Showing posts with label সমীর সরকার. Show all posts

ছড়া-কবিতা:: চাঁদ ওঠে ধেই ধেই - টুম্পা মিত্র সরকার


চাঁদ ওঠে ধেই ধেই
টুম্পা মিত্র সরকার

ভুতুড়ে আকাশে দেখি
ঝুরু ঝুরু বর্ষণ
মেঘেদের ছানা কাঁদে
উড়ু উড়ু দর্শন৷

বাতাসটা বড়ো ঝোড়ো
বিচ্ছিরি বাদলায়
ওইখানে মেঘছানা
রূপ তার বদলায়৷

আকাশের গায়ে দেখি
মোটা কালো ছায়া এক
হামাগুড়ি দিয়ে এসে
গোটা গোটা ঝরে দ্যাখ৷

তাই বলি কাঁথা মুড়ি
মেঘ দেখে সাবধান
হাওয়া খাবে মৌসুমী
এইবারে তোলো ধান৷

ফসলকে নিলে ঘরে
বর্ষার আগেতেই
মন-আকাশ মেঘহীন
ওঠে চাঁদ ধেই ধেই৷
_____
ছবিঃ সমীর সরকার

ছড়া-কবিতা:: বিষ্টি এল - সমীরণ সরকার


বিষ্টি এল
সমীরণ সরকার

বিষ্টি এল ঝমঝমিয়ে
মেঘের বাদ্যি বাজে,
লাঙল কাঁধে হারাণ খুড়ো
চলল চাষের কাজে।
বিষ্টি দেখে হাঁসের ছানা
প্যাঁকপ্যাঁকিয়ে গায়,
মাছের খোঁজে পদি পিসি
জালি হাতে যায়।
বিষ্টি দেখে ছাগল ছানা
খোঁজে নিজের মাকে,
পরাণ মুদির গোয়াল ঘরে
প্যাংলা গাইটা ডাকে।
বিষ্টি দেখে আনন্দেতে
নাচে ব্যাঙের খোকা,
গলা ছেড়ে ধরল যে গান
তাইরে নাইরে না কা!
বিষ্টি দেখে খোকা খুকু
মনের আনন্দেতে
ছড়া বলে খেয়াল খুশির
শব্দেতে, ছন্দেতে –।
_____
ছবিঃ সমীর সরকার