
অসুরের প্রার্থনা
সুব্রত দাস
যে কথাটি আজকে আমি বলছি
নিসনে মা তুই আমার কোনো কসুর -
ঠিক ধরেছিস, তোর ছোড়া মা বটে
দিশেহারা ত্রিশূল খাওয়া অসুর!
কিন্তু এবার করিসনে মা, দোহাই
মর্ত্যে কেমন চলছে কী দুর্যোগ,
আর হবেনি আগের মতন খাওয়া
জং-পরা ঐ ত্রিশূল-খোঁচার ভোগ!!
প্যান্ডেলে মা ভরসা কি আর পাব
হোক না যতই জমকালো আয়োজন,
হঠাৎ জলের তোড়েই খাবি খাব -
তাই এসবের আর কী প্রয়োজন?
মর্ত্য এবার নয় নিরাপদ মোটেও
সাগর পাহাড় বনজঙ্গল নদী,
একসাথে সব খেপল কী তার কারণ
বুঝিয়ে না হয় একটু বলিস যদি -
দেখব ভেবে ঠান্ডা মাথায় আমি
খড়্গ হাতে না হয় শূন্যে ভেসে,
মোষের পিঠে রোষের যুদ্ধে নামি
দেখব কেমন যুদ্ধে জিতিস হেসে!!
রাখছি বলে এইবেলা ড্যাম সিওর
বানের ঘোলা জলেই ডুবে মরব না,
রাখলে কথা মহিষাসুরের মা গো
আর কখনও এ প্রার্থনা করব না!!
----------
ছবি - আন্তর্জাল








