গোলটেবিল:: গ্রিমভাইদের রূপকথাঃ মোহনলাল গঙ্গোপাধ্যায় :: আলোচনাঃ সহেলী চট্টোপাধ্যায়


বইঃ গ্রিমভাইদের রূপকথা
অনুবাদকঃ মোহনলাল গঙ্গোপাধ্যায়
আলোচনাঃ সহেলী চট্টোপাধ্যায়

আজ থেকে প্রায় দু’শো বছর আগের কথা। জেকব ও ভিলহেলম গ্রিম। দুই ভাইয়ের বয়সের ব্যবধান মাত্র এক বছরের। দেশ জার্মানি। দুজনেই লেখাপড়ায় খুব ভালো। গোটা ইউরোপ ঘুরে লোকের মুখে মুখে ছড়িয়ে থাকা অজস্র রূপকথা সংগ্রহ করেছিলেন এই দুই ভাই। বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে সেই সব রূপকথা। বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন মোহনলাল গঙ্গোপাধ্যায়। শীত পড়লেই বড়দিন। বড়দিন মানেই ছুটি। ছুটিটা কী রকম হবে? দিদারা গল্প বলবে আর ছোটোরা আগুনের ধারে ঘেঁষাঘেঁষি করে বসে গল্প শুনবে। বাইরে বরফ পড়ছে। শীতকালই হল গল্প শোনার আদর্শ সময়। শীতের দেশের লোকজন এমনটাই মনে করতেন।

এবার দেখে নেওয়া যাক গল্পগুলো কী রকম? শুরুতেই আছে স্নো হোয়্যাইট। বাংলায় তুষারিণী আর সাত বামন। বার বার শুনলেও আমাদের কাছে পুরোনো হবার নয়। সাত বামন নিজেদের ছোটো বোনের মতো স্নো হোয়্যাইটকে আগলে রেখেছিল। খল সেই বিমাতা তাকে বার বার মেরে ফেলার চেষ্টা করত। এই পৃথিবীর সব কিছুই তো আর খারাপ নয়।

আছে সিন্ডারেলার গল্প। সিন্ডারেলা বাংলায় হয়েছেন পাঁশমণি। এই গল্প জানে না এমন লোক পৃথিবীতে নেই। বারো ভাইয়ের গল্পে ছোটো বোন অনেক কষ্ট সহ্য করেছিল তার বারো জন দাদার ভালোর জন্য। আমাদের বাংলায় যেমন আছে সাত ভাই চম্পা আর পারুল বোনের গল্প।

হাঁস চরানি মেয়ের গল্পে দাসীর কূটবুদ্ধিতে রাজকন্যা হাঁস চরানি মেয়ে হয়ে যায়। আর দাসী রাজকন্যা সেজে বসে থাকে। কিন্তু সত্যিটা একদিন বেরিয়ে আসে। আসলে রূপকথা ঠিক কল্পলোকের গল্প নয়। নানান নিষ্ঠুর ঘটনার মধ্যে দিয়ে আমাদের কঠিন বাস্তবের সাথে পরিচয় করিয়ে দেয়। সব সময় সত্যের জয় হবে, এই শিক্ষাই দেয়।

নাচুনি রাজকন্যায় আছে বারোজন রাজকন্যার গল্প। রোজ রাত্তির হলে এরা একটা অন্য জগতে চলে যেত। এরা কখনও চাইত না এদের সত্যিটা কেউ জেনে ফেলুক। নিজেদের জগত থেকে আমাদেরও ফিরতে ইচ্ছে করে না। আমরা চাই না কেউ আমাদের বিরক্ত করুক।

তিন টুকরো সাপ ঠিক ছোটোদের গল্প নয়। এই সঙ্কলনে না রাখলেও হত। এক খামখেয়ালী রাজকন্যের গল্প যে নিজের স্বামীকে হত্যা করার চক্রান্ত করে। সেই স্বামীই একদিন রাজকন্যাকে মৃত্যুর মুখ থেকে জয় করে এনেছিল।

লাল ঢাকা খুকি-তে দেখতে পাই এক ধূর্ত নেকড়েকে। দুরাত্মার ছলের অভাব হয় না।

ধড়ফড়ি মাছের গল্পে দেখি অতি লোভের ফল কখনও ভালো হয় না। আমাদের সংস্কৃতে একটা গল্প আছে পুনর্মূষিক ভব, ব্যাপারটা অনেকটা সেই রকম।

সুলতান কুকুরের গল্পে দেখি এক প্রভুভক্ত কুকুরকে। তার মালিক ভেবেছিল সুলতান বুড়ো হয়ে গেছে। এবার তাকে মেরে ফেলা উচিৎ। কিন্তু সুলতানের কর্তব্যপরায়ণতা দেখে সে নিজের ভুল বুঝতে পারে।

ব্যাং ও রাজকন্যা গল্পে রাজা নিজের মেয়েকে বলছেন তোমার নিজের দরকারের সময় যা অঙ্গীকার করেছ এখন তা ভুললে চলবে না। প্রতিপালন করো।

বুনো গোলাপের বেড়া তো আমাদের অতি পরিচিত গল্প স্লিপিং বিউটি। এক পরীর অভিশাপে রাজপুরীতে সবার চোখে কালঘুম নেমে এসেছিল।

বুড়ো আর তার নাতি গল্পে ছোট্ট ছেলেটির কথায় বাবা-মা’র চোখ খুলে যায়। তারা বুঝতে পারে নিজের বাবার সাথে তারা অন্যায় আচরণ করছে।

আছে আমাদের ছেলেবেলার বন্ধু বুড়ো আংলা। আঙ্গুলের মতো যার সাইজ।

মানুষের মতো জীবজন্তুরাও দয়ামায়া ভালবাসার পাত্র, এই শিক্ষা দেওয়া হয়েছে বনের বাড়ি গল্পে। বেশ কিছু মজার গল্পও এতে স্থান পেয়েছে, রূপকথার কিছু মজার চরিত্র। আছে জাদুকর, পরী, ডাইনি, নিরীহ পশু –পাখি, ধূর্ত কিছু চরিত্র আর রাজকুমার রাজকুমারী তো আছেই। সাধারণ খেটে খাওয়া মানুষও বাদ নেই।

আরও অজস্র রূপকথা। গ্রিমভাইদের রূপকথা সংগ্রহে রাখার মতো একটি বই। সারা পৃথিবীর ছোটোদের জন্য এ এক চিরন্তন উপহার। শুধু ছোটোদের নয়, আমরা যারা বয়সে বড়ো হলেও এখনও মন থেকে বড়ো হইনি তাদেরও সংগ্রহে রেখে দেওয়া উচিত।

গ্রিমভাইদের রূপকথা
অনুবাদকঃ মোহনলাল গঙ্গোপাধ্যায়
প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স
দামঃ ২৫০ টাকা
_____

গোলটেবিল:: ২৫ দেশের রূপকথা লোককাহিনি :: আলোচনাঃ ঋজু পাল


বইঃ ২৫ দেশের রূপকথা লোককাহিনি
সঙ্কলন এবং সম্পাদনাঃ ডঃ মোহাম্মদ হান্নান
প্রকাশনাঃ ঢাকা বইবাজার (ফেব্রুয়ারী ২০০৯)
আলোচনাঃ ঋজু পাল

এই তো সেদিনের কথা। স্কুলে যখন পড়তাম, রাতে ঠাকুমার কাছে শুতাম। মফস্বলে বাড়ি হওয়ায় রাত দশটা মানেই চারদিকে কেমন একটা নিস্তব্ধতা নেমে আসত। ঠাকুমা ভালো গল্প-বলিয়ে ছিলেন। শুরু করতেন একদিক থেকে আর সুতো ছাড়তে ছাড়তে শেষ করতেন আর একদিকে, ততক্ষণে অবশ্য আমি ঘুমিয়ে পড়তাম। কী না ছিল তার গল্পের ভাণ্ডারে – ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, লালকমল নীলকমল, পক্ষীরাজ ঘোড়া, প্রাপ্তবয়স্ক মনও মজে যেত সেইসব গল্পে। কলেজে পড়াকালীন ঠাকুমাকে হারাই, হারাই আমার একমাত্র গল্প-বলিয়েকে। রূপকথার গল্প বহুদিন আর শোনাও হয় না, পড়াও হয় না। বাস্তব জগতে নিজেকে সঁপে দিতে দিতে ক্রমশ মনটা যান্ত্রিকতায় ভরে উঠছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই।
রূপকথা সাধারণত আরম্ভ হয় ‘এক যে ছিল রাজা’ অথবা ‘অনেক অনেকদিন আগের কথা’ দিয়ে। জল-স্থল, আকাশ–পাতাল, মাটি-সমুদ্র এসব নিয়েই গড়ে ওঠে রূপকথার নানা রঙের গল্পগুলো। সব রূপকথার মধ্যে একটি দেশের অথবা কোনও জাতির প্রাচীন কোনও ইতিহাস থাকে। কালের চক্রে হারিয়ে যাওয়া কোনও মূল্যবোধ থাকে। রূপকের আশ্রয়ে সেগুলো ধরা দেয় আমাদের সামনে, মনকে সতেজ সজীব করতে অনুপ্রেরণা দেয়।
ব্যাঙ্গালোরে আসার পর একদিন একটি বই হাতে পাই এক বাংলাদেশি বন্ধুর সৌজন্যে। পঁচিশটা দেশের প্রচলিত রূপকথা স্থান পেয়েছে এই বইটির মলাটের মধ্যে। সেই ছেলেবেলায় পড়া সাত ভাই চম্পার কাহিনি প্রথম পাতায় দেখে ভীষণরকম খুশি হয়েছিলাম। পুরনো স্মৃতি জাগিয়ে তোলার জন্য গ্রামবাংলার এই প্রচলিত গল্পগাথা যথেষ্ট। একটি ব্যাঙের গল্পতে যেমন খুঁজে পাই তিব্বতের চেনা পরিবেশ, ঠিক তেমনই গোন ও কোমার বন্ধুত্বতে জাপানের মূল্যবোধের সূক্ষ্ম পরিচয়, পেরুর ইনকাভূমির রাজপুত্রের সাহসিকতা, সুদূর আফ্রিকার জঙ্গলময় হাতির গল্প, কার্টুন চ্যানেলে দেখা সেই সিনডারেলার মিষ্টি ছবি, ইগলুর দেশের এস্কিমোদের শিকারের গল্প... আরও অনেককিছু নিয়ে বইটা প্রকাশিত হয়েছে।
বর্তমান প্রজন্ম ভাগ করে নিক আমাদের ছেলেবেলার সেই আনন্দঘন মুহূর্তগুলোকে। স্বয়ং প্রকাশকও তাই চান। কম্পিউটার আর ভিডিও গেমসের বাইরে গিয়ে খানিকটা সময় তাদের দেওয়া উচিৎ এইরকম বইয়ের জন্য। হ্যারি পটারের চাপে হারিয়ে যাচ্ছে ঠাকুমার ঝুলি - এই বিতর্কে না ঢুকেও বলি বইটা পড়ুন, ভালো লাগবে। শৈশবের হাতছানিতে সাড়া দেওয়ার আরও একবার সুযোগ পাবেন। হাতছাড়া করবেন কি?
উত্তর আপনার নিজের কাছে।
_____

বায়োস্কোপ:: সিনেমা: Tangled (2010) - রিভিউ: সোনাল দাস

সিনেমাঃ Tangled (2010)
সোনাল দাস

অভিনয়ে (কণ্ঠ) - Mandy Moore (রাপুনজেল), Zachary Levi (ফ্লিন রাইডার), Donna Murphy (মাদার গোথেল)
পরিবেশনায় - ওয়াল্ট ডিজনি পিকচার্স


কেমন আছ ম্যাজিক ল্যাম্পের বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছ। দেখতে দেখতেই এসে গেল নতুন বছর ২০১৭, আর এই নতুন বছরে ম্যাজিক ল্যাম্প তোমাদের জন্য নিয়ে এসেছে ‘রূপকথা স্পেশাল সংখ্যা’। তাই আজকে তোমাদের শোনাব ‘Tangled’ নামের একটা দুর্দান্ত রূপকথার ছবির গল্প।

ওয়াল্ট ডিজনি পিকচার্সের ৫০তম অ্যানিমেটেড ছবি হিসাবে ২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় Tangled। জার্মান রূপকথার এক বিখ্যাত চরিত্র ‘রাপুনজেল’-এর কাহিনি অবলম্বনে ওয়াল্ট ডিজনি পিকচার্স তৈরি করেছে এই ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার মুভিটি। মূল কাহিনিটি নেওয়া হয়েছে ‘The Brothers Grimm’ বা গ্রিমভাইদের সংগৃহীত লোককথা (folk tales) থেকে। এই গ্রিমভাইদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব গল্পের শেষে। তাহলে চল শুরু করা যাক এবারের সিনেমার গল্প -

অনেক অনেক বছর আগে সূর্যের আলোর এক কণা এসে পড়েছিল পৃথিবীর মাটির বুকে যার থেকে সৃষ্টি হয়েছিল এক সুন্দর সোনালি ফুলের। এই ফুলের এক আশ্চর্য ক্ষমতা ছিল। আর সেটা হল যে কোনও রোগ; চোট-আঘাত, এমনকি ক্ষয় বা বার্ধক্যও প্রতিরোধ করা সম্ভবপর হত এই ফুলের সঠিক ব্যবহারে। মাদার গোথেল নামের এক স্বার্থপর দুষ্টু বুড়ি এই সোনালি ফুলের আশ্চর্য ক্ষমতার কথা জানত। আর এই ফুল ব্যবহার করে সে প্রায় ১০০ বছর ধরে নিজের জীবন এবং যৌবন ধরে রেখেছিল।

দুষ্টু বুড়ি সোনালি ফুল ব্যবহারের আগে এবং পরে

কিন্তু একদিন এই রাজ্যের সেনারা এই জাদু-ফুলের সন্ধান পেয়ে যায় আর তারা সেটিকে শিকড়সুদ্ধ উপড়ে নিয়ে যায় তাদের রাজার কাছে। এই রাজার রানির শারীরিক অবস্থা তখন খুব খারাপ ছিল এবং সে সন্তানসম্ভবাও ছিল। তাই রাজা তার সৈন্যদের এই ফুল খুঁজে আনার আদেশ দিয়েছিলেন রানি এবং তার সন্তানকে বাঁচানোর উদ্যেশ্যে। এই ফুলের রস পান করে রানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং জন্ম দেন ‘রাপুনজেল’ নামের এক ফুটফুটে সুন্দর রাজকন্যার।

ফুলের রস পান করার মুহূর্ত

রাজকন্যা জন্মানোর সাথে সাথে সারা রাজ্যে উৎসবের ধুম পড়ে যায়। রাজ্যের সকল প্রজারা প্রায় সাতদিন ধরে এই আনন্দ উদযাপন করল। রাজামশাই রাজকুমারী জন্মানোর আনন্দে একটি আলোক-প্রজ্বলিত ফানুস আকাশে উড়িয়ে দিলেন। নতুন রাজকন্যাকে নিয়ে খুব সুখেই তাদের দিন কাটতে লাগল। কিন্তু এই সুখ খুব বেশিদিন তাদের কপালে সইল না। মাদার গোথেল নামের সেই দুষ্টু বুড়িটা ঠিক খুঁজে বার করল শিশু রাপুনজেলকে। আর তাকে দেখেই সে বুঝতে পারল ওই ফুলের জাদু ক্ষমতা নিহিত রয়েছে রাপুনজেলের সোনালি চুলের মধ্যে। ব্যস, তাকে আর পায় কে। সেই রাতেই শিশু রাপুনজেলকে দোলনা থেকে তুলে নিয়ে গিয়ে সে তাকে লুকিয়ে ফেলল অত্যন্ত দুর্গম স্থানে অবস্থিত এক মিনারের (Tower) মধ্যে, যার খোঁজ সে ছাড়া আর কেউ জানত না।

রহস্যময় মিনার - যেখানে রাপুনজেলকে বন্দি রাখা হয়

রাজামশাই অনেক খুঁজেও রাজকন্যার সন্ধান পেলেন না। আর সেই থেকে প্রতিবছর রাজকন্যার জন্মদিনের দিন একটি করে আলোক-প্রজ্বলিত ফানুস আকাশে ছাড়তে থাকেন এই আশা নিয়ে যদি কখনও সেটি দেখে তাদের রাজকুমারী ফিরে আসেন। রাজামশাইয়ের দেখাদেখি রাজ্যের প্রজারাও রাজকন্যার জন্মদিনের দিন একটি করে আলোক-প্রজ্বলিত ফানুস আকাশে ছাড়তে লাগল।

রাপুনজেলের প্রথম জন্মদিনে ফানুস ছাড়ার মুহূর্তে

এদিকে মাদার গোথেল নামের সেই দুষ্টু বুড়িটা রাপুনজেলের জাদু-চুলের ব্যবহার করে আবার নিজের যৌবন ফিরে পায়, আর রাপুনজেলকে নিজের মেয়ের মতন মানুষ করতে থাকে। সে তাকে কখনও ওই মিনারের বাইরে বেরোতে দেয় না। রাপুনজেলকে বাইরে যেতে না দিলেও মাদার গোথেল নিজে বাইরে যেত খাবার সংগ্রহ করতে। আর মিনার থেকে নামার জন্য সে রাপুনজেলের লম্বা সোনালি চুলকে ব্যবহার করত। রাপুনজেল বাইরে যাবার জন্য খুব জেদ করলে তাকে বোঝাত বাইরের দুনিয়ার সব লোক খুব খারাপ, প্রচন্ড স্বার্থপর এবং হিংস্র। রাপুনজেলও সরল মনে তার পালিত মাকে বিশ্বাস করত আর ভাবত বাইরের দুনিয়াটা সত্যিই কেমন দেখতে।

মাদার গোথেল আর রাপুনজেল

মিনারে বন্দি থাকা অবস্হায় রাপুনজেল লক্ষ করত প্রতিবছর তার জন্মদিনের দিন সারা আকাশ ভরে যেত আলোকময় ফানুসে। তার খুব জানতে ইচ্ছে করত এই ফানুসগুলি কোথা থেকে আসে। কিন্তু মাদার গোথেল তাকে মিনারের বাইরে বেরোতে দিলে তো। তাই আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কীই বা করার থাকে তার পক্ষে। এমনি করে রাপুনজেল যখন ১৮ বছরের হয়ে গেল তখন সে ঠিক করল যেভাবেই হোক সে এই আলোকময় ফানুসের উৎস জেনেই ছাড়বে। কিন্তু মাদার গোথেলকে এড়িয়ে সে কীভাবে মিনার ছেড়ে বেরোবে?

এই ফানুসগুলি আসে কোথা থেকে?​

সুযোগটা একদিন এসে গেল একদম আকস্মিকভাবে। হয়েছে কী, ফ্লিন রাইডার নামের এক দাগী চোর রাজপ্রাসাদ থেকে রাজকন্যার হীরকখচিত মুকুট (crown) চুরি করে পালাতে গিয়ে ঘটনাচক্রে এসে পড়ে সেই দুর্গম স্থানে অবস্থিত মিনারের একদম সামনে। মিনারে প্রবেশ করার সাথেই সে বন্দি হয়ে যায় রাপুনজেলের হাতে - থুড়ি তার চুলের বাঁধনে। রাপুনজেল মুকুটটি হাতে পেলেও বুঝতে পারে না জিনিসটি ঠিক কী? শুধু এটুকু বুঝতে পারে যে ওই জিনিসটা হাতে পেলেই ফ্লিন রাইডার তাকে ছেড়ে চলে যাবে। রাপুনজেল মিনার ছেড়ে বেরোনোর একটা প্ল্যান বানায়। সে মাদার গোথেলকে এক জিনিস আনার বাহানায় তিনদিনের জন্য মিনার থেকে দূরে পাঠিয়ে দেয় আর ফ্লিন রাইডারকে বলে যদি সে তাকে ওই আলোকময় ফানুসের উৎসের কাছে নিয়ে যেতে পারে তাহলে ফেরার সময় তাকে তার মুকুট ফেরত দেবে। বেচারা ফ্লিনের মুকুট ফেরত পাবার জন্য এই শর্তে রাজি হওয়া ছাড়া আর কোনও দ্বিতীয় পথ খোলা ছিল না।

রাপুনজেলের চুলের বাঁধনে বন্দি ফ্লিন রাইডার

ফ্লিনকে সঙ্গী করে মিনার থেকে বেরিয়েই রাপুনজেল আনন্দে আত্মহারা হয়ে ওঠে। জীবনে প্রথমবার সে বন্দিজীবন থেকে মুক্ত হয়ে বাইরের জগতে পা রেখেছে। ফলে কী করবে আর কী করবে না সেই আনন্দেই মশগুল হয়ে ওঠে। এরপর ফ্লিন তাকে নিয়ে এসে হাজির করে এক অদ্ভুত সরাইখানায়। সেখানে কিছুক্ষণ পরেই ফ্লিন রাইডারের সন্ধানে এসে হাজির হয় একদল সেনাবাহিনী; যাদের নেতৃত্ব দিচ্ছিল ম্যাক্সিমাস (Maximus) নামের এক রাজকীয় ঘোড়া। রাপুনজেল ও ফ্লিন রাইডার সরাইখানা থেকে কৌশলে পালাতে সক্ষম হলেও সেনাবাহিনী, ম্যাক্সিমাস এবং দুজন মুকুট ছিনতাইকারী গুন্ডা তাদের পিছু নেয়। এরপর ঘটে এক ধুন্ধুমার কান্ড! এদের সকলের চোখকে ফাঁকি দিয়ে কীভাবে তারা শেষমেশ পালাল সেটা মূল ছবিতে দেখে নিও। সিনেমা দেখার সময় তোমরা এই অংশটা দারুন উপভোগ করবে। এই পালাতে গিয়েই ফ্লিন রাইডার রাপুনজেলের চুলের যাদু ক্ষমতা সম্বন্ধে জানতে পারে। আর প্রথমবার রাপুনজেলের প্রতি দুর্বলতা অনুভব করে।

রাপুনজেলের চুলের জাদু

সেদিন বিকেলে তারা এসে হাজির হয় সেই রাজ্যে যেখানে প্রতিবছর রাজকন্যার জন্মদিন উপলক্ষে রাজা-রানি এবং দেশের সকল প্রজারা আলোকময় ফানুস ছাড়ে। রাপুনজেল প্রথমবার এই ফানুসছাড়ার উৎসস্থল দেখতে পেল এবং রাজ্যের সকলের সাথে কথা বলে এর কারণও জানতে পারল। পূর্ব-চুক্তি অনুসারে রাপুনজেল ফ্লিন রাইডারকে সেই হীরকখচিত মুকুট ফেরত দেয়। কিন্তু তারপরই ঘটনাচক্রে ফ্লিন রাইডার তাকে ছেড়ে নৌকা করে চলে যায়। সাথে নিয়ে যায় সেই মুকুটটিও। রাপুনজেলের অনেক ডাকাডাকিতেও সে সাড়া দেয় না, এমনকি ফিরেও তাকায় না তার দিকে। এসময় মাদার গোথেল এসে হাজির হয় রাপুনজেলের সামনে এবং তাকে বোঝায় কেন সে এতদিন এসব বাইরের জগতের মানুষের থেকে তাকে দূরে রাখত। রাপুনজেল সরল মনে মাদার গোথেলের কথা বিশ্বাস করে এবং তার সাথে আবার ফিরে আসে সেই মিনারে।

ফ্লিন রাইডারের সাথে রাপুনজেল - ফানুস উৎসবের দিন

মিনারে ফিরে এসে রাপুনজেল আবিষ্কার করে সেই এই রাজ্যের হারিয়ে যাওয়া সেই রাজকন্যা এবং বুঝতে পারে মাদার গোথেল শুধুমাত্র তার চুলের জাদু-ক্ষমতা ভোগ করার জন্যেই তাকে এতদিন বন্দি করে রেখেছিল। ফ্লিন রাইডারকেও যে সে মনেপ্রাণে ভালোবাসে তাও সে অনুভব করে। কিন্তু এখন কীভাবে সে ফিরে পাবে ফ্লিন রাইডারকে, কীভাবে ফিরে পাবে তার আসল মা-বাবাকে? কীভাবে পালাবে এই মিনার ছেড়ে, মাদার গোথেলের হাত থেকে?

বাকিটা জানতে হলে অবশ্যই দেখে নিও অ্যানিমেটেড ছবি Tangled। ইংরেজি মুভি চ্যানেলগুলোতে প্রায়ই দেখায় এই ছবিটি। তাই একটু খেয়াল রাখলেই দেখে নিতে পারবে। এছাড়া নেটফ্লিক্স কিংবা যেকোনও মুভি (সিডি-ডিভিডি) বিক্রয়কেন্দ্রেই এই ছবিটি সহজেই পেয়ে যাবে।
আর দেখে তোমাদের কেমন লাগল তা জানিও আমাদের ম্যাজিক ল্যাম্পের পাতায়। নতুন বছরে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।

The Brothers Grimm বা গ্রিমভাইদের কথা
জেকব লুডগার্ড কার্ল গ্রিম এবং উইলহেম কার্ল গ্রিম নামের এই দুই ভাইকেই বিশ্বসাহিত্যের জগৎ একনামে চেনে The Brothers Grimm বা গ্রিমভাই বলে। এদের দুজনেরই জন্ম হয় জার্মানির হানাউ শহরে। জেকব জন্মেছিলেন ৪ঠা জানুয়ারি, ১৭৮৫ খ্রিস্টাব্দে এবং উইলহেম জন্মেছিলেন ২৪শে ফেব্রুয়ারি ১৭৮৬ খ্রিস্টাব্দে। এই দুই ভাই ছিলেন রূপকথার গল্প বানাবার রাজা। বিভিন্ন জায়গা থেকে রূপকথা, লোককথা, নীতিকথা, উপকথার গল্প সংগ্রহ করে সেগুলিকে নিজেদের মতন করে লিখে রাখতেন, নতুনভাবে সাজাতেন। এদের লেখা সর্বকালের সেরা কিছু কাহিনির নাম হল - সিন্ডেরেলা (Cinderella), ব্যাঙ রাজকুমার (The Frog Prince), হ্যান্সেল এবং গ্রেটেল (Hansel and Gretel), রাপুনজেল (Rapunzel), রাম্পেলস্টিনকিন (Rumpelstiltskin), ঘুমন্ত রাজকুমারী (Sleeping Beauty) এবং স্নো-হোয়াইট (Snow White)।
গ্রিমভাইদের রূপকথাগুলি বেশিরভাগই লেখা হয়েছিল ছোটদের কথা মাথায় রেখে। কিন্তু সময়ের সাথে সাথে সেগুলি সববয়সী মানুষদের হৃদয় ছুঁয়ে গেছে। বর্তমানে ১০০-র অধিক ভাষাতে গ্রিমভাইদের এই অমর রূপকথাগুলির অনুবাদ পাওয়া যায়। যদি কখনও হাতে পেয়ে যাও রূপকথার গল্পের এই আশ্চর্য গ্রন্থটি তাহলে অবশ্যই পড়ে নিও। বাংলাতে এর খুব সুন্দর একটি অনুবাদ তোমরা পাবে ‘এশিয়া পাবলিশিং কোম্পানি’ নামক প্রকাশনা থেকে। বইটির নাম ‘গ্রিমভাইদের রচনাবলি’ এবং বইটির অনুবাদ করেছেন কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়।

এই ছবির কিছু উল্লেখযোগ্য ঘটনা

১) এই ছবিটির নাম প্রথমে ‘রাপুনজেল’ রাখা হবে বলে স্থির করা হলেও ঘটনাচক্রে তা বদল হয়ে নাম হয় ‘Tangled’। কী কারণে ‘রাপুনজেল’ নাম বদল হয়ে ‘Tangled’ হয় সে রহস্য আজও অজানা।
২) Mandy Moore এবং Zachary Levi-র গাওয়া ‘I See the Light’ গানটি ৫৪তম Grammy Award-এ ভিসুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের সম্মান পায়।
৩) Kristen Bell এবং Idina Menzel দুজনেই রাপুনজেল চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। তিনবছর বাদে এদের দুজনকেই নির্বাচন করা হয় ওয়াল্ট ডিজনি পিকচার্সের ছবি Frozen (2013)-এর জন্য। যেখানে এদের নাম ছিল যথাক্রমে Anna এবং Elsa।
৪) ওয়াল্ট ডিজনি পিকচার্সের ৫০তম অ্যানিমেটেড ছবি ‘Tangled’।
৫) ‘রাপুনজেল’ একমাত্র ডিজনি রাজকন্যা (Disney princess), যার চোখের রং সবুজ।
_____
ছবিঃ আন্তর্জাল

বায়োস্কোপ::পর্দায় আধুনিক রূপকথাঃ ম্যালফিশ্যন্ট - ঋজু গাঙ্গুলী

পর্দায় আধুনিক রূপকথাঃ ম্যালফিশ্যন্ট
ঋজু গাঙ্গুলী

রাজা স্টেফান আর তাঁর রানি লিয়ার মনে বড়ো কষ্ট। হবে না? তাদের কোনও ছেলেমেয়ে নেই যে! তারপর একদিন রানির কোল জুড়ে এল তাঁদের সন্তান, এক ফুটফুটে মেয়ে। ভোরের নতুন আলোর মতো ঝলমলে সেই মেয়ের নাম রাখা হল অরোরা। রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করা হল যাতে সব্বাই এসে রাজকন্যাকে দেখে যেতে পারে, তাকে সম্মান জানাতে পারে, আশীর্বাদ করতে পারে।
খুব আনন্দ হল সেদিন। এমনকি, স্টেফানের বন্ধু রাজা হিউবার্টের ছেলে ফিলিপের সঙ্গে অরোরার বিয়েটাও পাকাপাকি করে ফেলা হল, যাতে দুই রাজ্য একসঙ্গে থাকতে পারে। তিনজন খুব ভালো পরিও এলেন অরোরাকে আশীর্বাদ করতে আর উপহার দিতে। ফ্লোরা দিলেন রূপ, ফনা দিলেন সঙ্গীত।
কিন্তু তার পরেই হল ভীষণ বিপদ! এক দুষ্টু পরি, যার নাম ম্যালফিশ্যন্ট, আর যাকে কেউ ভয়ে নেমন্তন্ন করেনি, সে হঠাৎই অনুষ্ঠানে এসে রেগে আগুন হয়ে অভিশাপ দিল - অরোরার ষোলোতম জন্মদিনে সূর্যাস্ত হওয়ার আগেই একটা সুতো কাটার টাকুতে হাত কেটে যাবে তার, আর তারপরেই সে মারা যাবে। এই ভয়ংকর অভিশাপ শুনে রাজ্যের সবাই যখন শোকে-ভয়ে প্রায় বেহুঁশ, তখন এক ভালো পরি মেরিওয়েদার, যাঁর আশীর্বাদ আর উপহার দেওয়া তখনও বাকি ছিল, অভিশাপটাকে একটু বদলে দিলেন।
হ্যাঁ, অরোরার হাত কেটে যাবে। কিন্তু তারপর সে মারা যাবে না। বরং সে ঘুমিয়ে পড়বে গভীরভাবে, যতদিন না তাকে সত্যি সত্যি ভালোবাসে এমন কেউ চুমু খেয়ে তাকে জাগিয়ে তোলে।
তারপর?
গল্পটা চেনা চেনা লাগছে না? লাগতেই হবে। ১৯৫৯ সালে ওয়াল্ট ডিজনি স্টুডিওর বানানো এই অ্যানিমেটেড মিউজিকাল ফিল্মটি দেখেনি এমন কেউ আছে নাকি?
নামটা বলতে হবে এর পরেও? আচ্ছা আচ্ছা! সিনেমাটা হল ‘স্লিপিং বিউটি’।


৭০ মিমি ওয়াইড স্ক্রিন ফরম্যাট, রঙের গভীরতা, অসাধারণ জনপ্রিয় কিছু গান এসবের পাশাপাশি এই সিনেমাটা কিন্তু সমালোচক থেকে দর্শক, সবার কাছে প্রশংসিত হয়েছিল একটি বিশেষ চরিত্রের উপস্থিতির জন্যে। কে ছিল সে?
আর কেউ নয়, সে ছিল দুষ্টু পরি ম্যালফিশ্যান্ট, যার উপস্থিতি কচিকাঁচা দর্শকদের এতটাই ভয় ধরিয়ে দিয়েছিল যে ডিজনি ভিলেইন নামে একটা আস্ত ফ্র্যাঞ্চাইজ-ই চালু হয়ে গেছিল এই সিনেমার পর।


তবে আজ থেকে প্রায় ষাট বছর আগে মনে না হলেও, এখন তো আমাদের সবার মনেই এই প্রশ্নটা জাগে, যে এমন শক্তিশালী এক পরি শুধু নিমন্ত্রণ পায়নি বলে একরত্তি একটা মেয়েকে এমন অভিশাপ কেন দেবে? তাছাড়া, এতদিনে তো ডিজনি মিউজিকালের বাইরে এই গল্পর আসল, অন্ধকারাচ্ছন্ন আর হিংস্র চেহারাটা আমরা অনেকেই জেনে গেছি। তাই না?
১৩৩০ থেকে ১৩৪৪-এর মধ্যে রচিত, কিন্তু ১৫২৮-এ প্যারিসে প্রথমবার প্রকাশিত ছ’টি বইয়ের সংকলন আর্থারিয়ান রোমান্স ‘পার্সফরেস্ট’-এর তৃতীয় বইয়ে এই প্রবাদের আদি এবং ক্রুর চেহারাটা ধরা পড়ে। এই বইয়ের অনূদিত রূপটি নিয়ে ইতালির কবি গ্যামবাতিস্তা বেসিল লেখেন ‘সান, মুন, অ্যান্ড তালিয়া’, যা তাঁর মৃত্যুর পর ১৬৩৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সেই গল্পের মার্জিত ও লিখিত রূপটি ধরা পড়ে ১৬৯৭-এ প্রকাশিত শার্ল পেরঁ-র লেখা ফরাসি ক্লাসিকে, যার নামটি ছিল ‘দ্য বিউটি স্লিপিং ইন দ্য উড’। ১৮১২-য় জ্যাকব গ্রিম এই গল্পের মৌখিক রূপটি জার্মান ভাষায় সংকলিত করেন ‘লিটল ব্রায়ার রোজ’ নামে। কিন্তু কেন ম্যালফিশ্যন্ট রাজা-রানি-রাজকন্যার ওপর এত রেগে গেছিল, সেটার ফয়সলা হয়নি। যতদিন না ওয়াল্ট ডিজনি পিকচার্স ঘোষণা করে যে তারা এবার এমন এক সিনেমা বানাতে চলেছে, যাতে গল্পটা বলা হবে ম্যালফিশ্যন্টের দৃষ্টিকোণ থেকে। ২০১০ সালের সেই ঘোষণার পর, অনেক টানাপোড়েন পেরিয়ে, ২০১৪-য় দস্তুরমতো থ্রিডি এবং আইম্যাক্স-এ আত্মপ্রকাশ করে সিনেমাটা।


এই সিনেমায় প্রটাগনিস্ট হল ম্যালফিশ্যন্ট নামের পরি, যে এক রাজ্যের সীমায় অবস্থিত জাদুকরি মায়ায় ভরা মুর-এর বাসিন্দা। ছোট্টবেলাতেই তার সঙ্গে ভাব-ভালোবাসা হয়েছিল এক চাষির ছেলে স্টেফানের।
ম্যালফিশ্যন্ট বড়ো হয়ে যখন জলাজমি আর সেখানকার সব প্রাণীর রক্ষকের দায়িত্ব পালন করছে, তখন একদিন পাশের রাজ্যের রাজা হেনরি মুর দখল করার জন্যে সৈন্যসামন্ত নিয়ে চড়াও হলেন সেখানে। যুদ্ধ হল। ম্যালফিশ্যন্টের প্রতি-আক্রমণে সাংঘাতিক আহত হেনরি ফিরে গিয়ে মৃত্যুশয্যায় ঘোষণা করলেন, যে ম্যালফিশ্যন্টকে মারতে পারবে, সেই হবে রাজ্যের রাজা। লোভী স্টেফান তখন ম্যালফিশ্যন্টের সঙ্গে দেখা করে, আর তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু ম্যালফিশ্যন্টকে সে প্রাণে ধরে মারতে পারে না। তার বদলে ম্যালফিশ্যন্টের সবচেয়ে জোরের জায়গা, তার ডানাজোড়া সে কেটে নিয়ে রাজার কাছে পেশ করে ম্যালফিশ্যন্টকে হত্যা করার প্রমাণ হিসেবে।
এই বিশ্বাসঘাতকতা কেমন লেগেছিল মহাশক্তিধর পরি ম্যালফিশ্যন্টের?


রাগে দুঃখে ম্যালফিশ্যন্ট নিজেকে মুরের রানি বলে ঘোষণা করে, আর ডিয়াভাল নামের এক দাঁড়কাককে মানুষের রূপ দেয় তার হয়ে চরবৃত্তি করার জন্যে। সে-ই একদিন খবর আনে, ততদিনে রাজা হওয়া স্টেফান আর তার রানি লিয়া এক জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের মেয়ের জন্মোৎসব তথা নামকরণ উপলক্ষে। প্রতিহিংসায় অন্ধ ম্যালফিশ্যন্ট সেই অনুষ্ঠানে হাজির হয়, অনাহূত।
আর তারপর?
উফ! অ্যাঞ্জেলিনা জোলির অতুলনীয় অভিনয়, দুর্ধর্ষ সিনেমাটোগ্রাফি, গা-ছমছমে থেকে মনমাতানো মিউজিক, অ্যাকশন, মর্মস্পর্শী কাহিনি, মমত্ব আর হালকা হাসির ছোঁয়ায় স্মরণীয় কিছু সিকোয়েন্স, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে একেবারে শেষমুহূর্তে প্রিয় চরিত্রদের ফিরে আসা, সব মিলিয়ে সিনেমাটা দেখার পর একটাই কথা মনে হয়।
এই যুগের রূপকথা এমনই হওয়া উচিত।

মানুষের মনে অন্ধকার থাকবেই। লোভ, ঈর্ষা, রাগ, অভিমান এসব কালো মেঘে মনের নীল আকাশ ঢাকা পড়বেই। প্রিয় বন্ধুরা একদিন দূরে চলে যাবে। হঠাৎ বোঝা যাবে, যাকে মনের মানুষ ভেবেছিলাম, সে আসলে একদম অন্যরকম, এক্কেবারে অচেনা। তবু, তার মধ্যেও থাকবে বেঁচে থাকার মানে।


তার মধ্যেও থাকবে আনন্দ।


তার মধ্যেই থাকবে নিজের আসল জোর খুঁজে পাওয়ার রাস্তা।


আর সেই রাস্তা দিয়েই খুঁজে নিতে হবে নিজের কাছের মানুষদের, আর নিজেকে।
এই বিপন্ন সময়েও ছোটোদের বড়োমানুষ হওয়ার মতো জোর যোগায় এই সিনেমা। তাই বলছিলাম, এখনও যদি সিনেমাটা দেখে না থাক, তাহলে এইবেলা দেখে নাও চটপট।
_____
ছবিঃ আন্তর্জাল

বায়োস্কোপ:: আটটি কুকুরের গল্প - অদিতি বসুরায়

আটটি কুকুরের গল্প

অদিতি বসুরায়


মায়া, ওল্ড জ্যাক, সর্টি, ডেভে, ট্রুম্যান, শ্যাডো, ব্রুক, ছোট ম্যক্স – এরা আটজন। আটটি কুকুর। তখন তারা আন্টার্কটিকায়। পরিস্থিতির চাপে বরফে আটকে পড়ে। খাবার ছিল না। ভয়াবহ ঠাণ্ডা। মালিক কাম ট্রেনার তাদের ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তারা কেউ একে অপরকে ছেড়ে যায়নি। কয়েকজন মানুষের প্রাণ বাঁচানোর বিনিময়ে তাদের পরিত্যক্ত হতে হয়েছিল বরফের দেশে। কেননা, মানুষ হওয়ার সমস্যা অনেক। হিমশীতল নির্জন এলাকায় খিদেতে কষ্ট পেতে পেতেও তারা সঙ্গীদের খাবার যোগাড় করার চেষ্টা করে গেছে।
ছবিটি রিলিজ করেছিল ২০০৬ সালে। নাম - এইট বিলো। ওয়াল্ট ডিজনির পরিবেশনায় আমেরিকা, কানাডা ও গ্রীনল্যান্ডে একসঙ্গে রিলিজ করে। আসলে ‘এইট বিলো’ বন্ধুত্বের ছবি। যে বন্ধুত্ব পরিস্থিতির চাপে পড়ে কখনও পিছু হটে না। অস্তিত্বের সঙ্কট কেড়ে নিতে পারে না সহমর্মিতাকে। আটটি কুকুর যখন নিজেদের নির্বান্ধব এবং আশ্রয়হীন হিসেবে আবিষ্কার করে, তখন থেকেই জার্নি শুরু। মায়া তাদের লিডার। তাকে ফলো করে বাকি সাতজন। এরা সকলেই ‘স্লেজ ডগ’ মানে যারা মেরু অঞ্চলে বেঁচে থাকার যোগ্য। এদের গা ফারের মতো পশম-সমান লোমে ঢাকা। যার ফলে এরা মেরু প্রদেশের কড়া শীতে ঘোরাফেরা করতে পারে। শেফার্ড, মানে তাদের মালিক আন্টার্কটিকায় তাদের ছেড়ে যাওয়ার পর পুরোপুরি দুটি সপ্তাহ তারা অপেক্ষা করে। শেষপর্যন্ত খাবারের অভাবে আর অন্য কোনও উপায় না খুঁজে পেয়ে ম্যাক্স যায় সিগাল শিকার করতে। বাকিরাও যায় তার পিছু পিছু। কিন্তু ওল্ড জ্যাক পারেনি। কেননা, সে ছিল সবচেয়ে বয়স্ক এবং কাহিল। অনাহারে ক্লান্ত জ্যাক আর বেরোতে পারেনি আস্তানা ছেড়ে। এবার ডেভের পালা। পা পিছলে পড়ে গিয়ে মারাত্মক চোট পায় সে। বাকি ছয়জনের চোখের সামনে মারা যাওয়া ডেভেকে সারারাত ঘিরে রাখে তার সঙ্গীরা। বরফ, শীত কিছুই তাদের সরিয়ে নিয়ে যেতে পারেনি বন্ধুর মৃতদেহের পাশ থেকে। এ এক আশ্চর্য আখ্যান! ছ’টি অসহায় প্রাণী - একটি মৃতদেহ, অন্ধকার রাত, সব মিলিয়ে বড়ো কষ্ট হয়। সেই সঙ্গে মনে হতে থাকে কী মায়াময় এই জীবনযাপন! গাল বেয়ে গড়িয়ে আসা চোখের জল মুছে নিতে নিতে এই মানব অস্তিত্বকে বড়ো ক্ষুদ্র মনে হয়। ছবি এগোতে থাকে। পরদিন ভোরে ফিরে যায় বাকিরা। বরফের বিছানায় একা ঘুমিয়ে থাকে ডেভে চিরকালের মতো।
এর মধ্যে আবার ম্যাক্স দল থেকে আলাদা হয়ে যায়। ফিরে আসার পথে দলের জন্যে খাবারের বন্দোবস্ত করতে গিয়ে সে একটি লেপার্ড সিলকে মারার চেষ্টা করে কিন্তু উলটে এই সিলের দলবলই অ্যাটাক করে তাদের। মায়া গুরুতর জখম হয়। ম্যাক্স আবার ফিরে আসে নিজের পরিজনদের কাছে। মেরু এলাকার ঠান্ডায়, অনাহারে, ক্লান্তিতে ঘুরে বেড়ায় তারা আশ্রয় এবং খাবারের সন্ধানে। আহত মায়া এই অসম লড়াইয়ে হেরে যায় শেষে! মারা যায় সে এক গাঢ় ঠাণ্ডার দিনে। লুটিয়ে পড়ে বরফের ওপর। কোথাও কোনও শব্দ নেই তখন। কেবল তার বন্ধুরা বসে থাকে তাকে ঘিরে। তারপর একসময় শুয়ে পড়ে দলপতির পাশেই। বরফ পড়ে যায় অবিশ্রাম। এভাবে কেটে যায় প্রায় ছ’মাস।
এই সময় শেফার্ড  বহু চেষ্টার পরে ফিরে আসে তার কুকুরদের কাছে। সেও খুব অশান্তিতে ছিল এদের রেখে। কিন্তু সেও খুবই অসহায়, কেননা, মেরু অঞ্চলে আসার মতো টাকা তার কাছে ছিল না। আবার সে স্পনসরও পাচ্ছিল না। তাকে মায়ার কাছে নিয়ে যায় ম্যাক্স। অসুস্থ মায়াকে নিয়ে আসে শেফার্ড। ফিরে আসে সবাইকে নিয়ে। শুধু ওল্ড জ্যাক আর ডেভে ঘুমিয়ে থাকে বরফের কফিনে।


এই যুদ্ধের, বারুদের, রাগের, ঝগড়ার দুনিয়ায় ‘এইট বিলো’ এক লুকিয়ে থাকা ভালোবাসার দেরাজ। এই দেরাজটিকে খুলতে পারলেই বেরিয়ে আসে বন্ধুত্ব, সখ্যের মণিমুক্তো। এসো, এদের হাত ধরি। বরফ ফুঁড়ে জন্ম নিক গোলাপ-চারা।
______