Showing posts with label সৌমেন দাস. Show all posts
Showing posts with label সৌমেন দাস. Show all posts

ছড়া-কবিতা:: পড়ে শীত - সৌমেন দাস


পড়ে শীত

সৌমেন দাস

পড়ে শীত কনকন
হাওয়া ওঠে বনবন
বুড়োদাদু লেপ মুড়ে
কাঁপে শুধু ঠনঠন

চারিদিক জুড়ে
হিমচাদরে মুড়ে
গাঁয়ের মেঠো পথটি বেয়ে
যায় মধুপুরে

জড়োসড়ো বসে
হাতে হাত ঘষে
ভকভকে ধোঁয়া ছেড়ে
হুঁকো খায় কষে

ক্ষণকাল পর-
উঠে তাড়াতাড়ি
লাঠি হাতে কেঁপে কেঁপে
ফিরে চলে বাড়ি
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প 

ছড়া-কবিতা:: বৃষ্টিউড়ান - সৌমেন দাস


বৃষ্টিউড়ান
সৌমেন দাস

বৃষ্টি মানেই ঘরে বসে
হইহুল্লোড় আড্ডা,
বৃষ্টি মানেই জল থই থই
রাস্তা-ঘাটে গাড্ডা।

বৃষ্টি মানেই কাগজভেলা
মন-কেমনের বেলা,
বৃষ্টি মানেই তিড়িং তিড়িং
সবুজ শিশু খেলা।

বৃষ্টি মানেই ময়ূরনাচন
আকাশ ঘন কালো,
বৃষ্টি মানেই কদম-রাগে
মেঘের ফাঁকে আলো।

বৃষ্টি মানেই কুলছাপানো
নদীর মাঝে বান,
বৃষ্টিবেলায় এমন ছড়ায়
ভিজুক সবার প্রাণ।
_____
ছবিঃ নচিকেতা মাহাত