Showing posts with label রাজীব মিত্র. Show all posts
Showing posts with label রাজীব মিত্র. Show all posts

ছড়া-কবিতা:: তুমি - রাজীব মিত্র


তুমি
রাজীব মিত্র
 
তুমি ভালো ছেলে - সব্বাই জানে
বই পড়াটাই নেশা,
দিনরাত্তির ঘরে বসে থা
বন্ধ যে মেলামেশা
খেলার মাঠেতে কেউ কি দেখেছে
তোমাকে একটিবার?
মাঠে নেমে খেলা করতে কখনও?
মনে তো পড়ে না আর!
তুমি খেল জানি, শুনেছি সে কথা,
একা কম্পিউটারে,
সেখানে তুমি তো দারুণ দক্ষ,
কতজন সেটা পারে?
ভালো গুণ তবু পার না কিন্তু
মিশতে সবার সাথে
নিজেকে গুটিয়ে খোলসেতে রাখ
কী লাভ হচ্ছে তাতে?
আমি আমি ছাড়া আর তো জান না
বদলাও অভ্যেস,
মেলামেশা করো খোলসটা ভেঙে
তা না হলে সব শেষ
পড়া শেষে নিয়ে চাকরি হচ্ছ
জীবনে প্রতিষ্ঠিত
আড়ালে তবুও মানুষ হলে না
শুনে যাবে নিয়মিত
_____
ছবিঃ আন্তর্জাল

ছড়া-কবিতা:: মায়ের শাসন - রাজীব মিত্র


মায়ের শাসন
রাজীব মিত্র

ধুলোর সাথে ভাব জমাব
বহু দিনের শখ,
সুযোগ কোথায়? থাকতে যে হয়
ফিটফাট চকচক।
মাটি নিয়ে যেই খেলব
মায়ের চোখে পড়ে,
হাত-পাগুলো ধুইয়ে আগে
আটকে দেবে ঘরে।
কাদা মাখলে আর কথা নেই
চেঁচিয়ে মাথায় বাড়ি
বলবে মা ঠিক, “এই ছেলেকে
নিয়ে কি আর পারি?
সব সময়েই ধুলো কাদায়
থাকছে ও ভূত সেজে
দিনে দিনে পড়াশোনার
যায় বারোটা বেজে
ঠামার কাছে গল্প শুনি
বাবাও ছোটোবেলায়
পড়া ছাড়াও থাকত মেতে
ধুলো কাদার খেলায়।
এই কথাটা যেই না আমি
বলব ডেকে মাকে,
“মন দে পড়ায়”, বলে শুধুই
মুখ ঘুরিয়ে থাকে।
_____
ছবিঃ সুজাতা চ্যাটার্জী