Showing posts with label ভাস্কর শীল. Show all posts
Showing posts with label ভাস্কর শীল. Show all posts

ছড়া-কবিতা:: সত্যি-মিথ্যা ভ্রম - ভাস্কর শীল


সত্যি-মিথ্যা ভ্রম
ভাস্কর শীল

ও দাদাভাই, চললে কোথা? বড্ড দেখি হুড়ো,
বলতে পারো খবরগুলোর ল্যাজ আছে না মুড়ো?
শুনছি নাকি বেজায় শীতে কাতুবুড়োর কাশি,
তেঁতুল জলে ভিজিয়ে গলা হজমোলা খায় বাসি।
কুমড়োপটাশ ধামসা বাজায়, গঙ্গারামের বিয়ে,
বুড়ির বাড়ি বর বসেছে টোপর মাথায় দিয়ে।
গঁদের আঠার পায়েস বানায় রামগরুড়ের ছানা,
মিঠে রোদের ফাজলামিতে ভুলেও হাসি মানা।
সকাল-সকাল ভীষ্মলোচন শীতের রোদে ছাদে,
হুলোর সাথে পাল্লা দিয়ে গুনকেলী রাগ ফাঁদে।
ল্যাজ ধরে ঐ ট্যাঁশগরুটার ডানপিটে সব ছেলে
ডিগবাজি খায় নামতা পড়ে, পাউরুটি-গুড় ফেলে।
পাগলা জগার ম্যাজিক দেখে বোম্বাগড়ের রাজা,
খুড়োর কলে ঝুলিয়ে রাখেন উচ্ছে বেগুন ভাজা।
আবার শুনি ষষ্ঠীচরণ শীতের ভয়ে কষে,
বেলুন ফোলায় হাজারখানেক শীর্ষাসনে বসে।
হুঁকোমুখোর কাণ্ড শোনো খড়ের আঁটি পেড়ে,
ছুঁচ খুঁজতেই দিন কেটে যায় কাঁচকলাটা ছেড়ে।
শ্যামের জামাই কেষ্টমোহন যার বাড়ি ঐ কালনা,
লেপ-কম্বল বাক্সে রেখে রোদ্দুরে দেন আলনা।
বাবুরামের বড্ড মজা, সাপগুলো ঘুম ঘোরে,
ব্যাঙের ছাতার পেটেন্ট নিয়ে ব্যাবসা চালায় ভোরে।
কাঠ-বুড়োটাও এই শীতেতে কাঠের গুঁড়োয় কড়া
পাক দিয়েছে উপুড় করে নলেন গুড়ের ঘড়া।
এসব কথা জানিয়ে গেল আদ্যানাথের মেসো
বলছি দাদা সময় পেলে যাচাই করে এসো।
_____
ছবিঃ সুতীর্থ দাশ

ছড়া-কবিতা:: বটকেষ্টর ঘর - ভাস্কর শীল


বটকেষ্টর ঘর
ভাস্কর শীল

কেষ্টপুরের বটকেষ্ট লম্বামতন, কালো,
একটু শুধু ভূতবিলাসী, আর বাকি সব ভালো।
মামদো, হুঁকো, পাকুড়মুখো কিংবা একানড়ে
বটকেষ্ট আদর করেন সব ব্যাটাকেই ধরে।
খালের জলে চুবিয়ে মুড়ো আশশেওড়া ঘষে
হাড় মড়মড় তেলটা মাখান আচ্ছা করে বসে।
গাছের থেকে হড়কে পড়ে মচকে গেলে থাই,
ব্রহ্মপিশাচ ধরনা লাগায়, কোবরেজি তেল চাই।
কিংবা যদি স্কন্ধকাটার পেটের ব্যামো ধরে
বেগুনপোড়া কাজল পাবে বটকেষ্টর ঘরে।
তেঁতুল বিচি, টিকটিকি ল্যাজ, আরশোলাদের পাখা,
বস্তাবাঁধা ভূতঘুনসি সব সময়ই রাখা।
কার যে কখন নজর লাগে, যায় কি বলা আগে?
চিন্তামগন বটকেষ্ট রাত-বিরেতে জাগে।
ভাবছ নাকি গুলতানি সব? হাসছ দেখি বড়ো,
বেশ তো, তবে ট্রেনটা ধরো তিনটে সাড়ে তেরো।
আড়াইখানা স্টেশন পরে বাঁদাড়বনের সারি,
ঐখানেতেই নামতে হবে একটু তাড়াতাড়ি,
পাঁচ পা গেলেই ডাইনেপানে কেষ্টপুরের চর,
নিজেই না হয় ঘুরে এসো বটকেষ্টর ঘর।
_____
ছবিঃ সুমিত রায়