বায়োস্কোপ:: ফিরে এল ‘ফেলুদা’ - সৌম্যকান্তি দত্ত


ফিরে এল ‘ফেলুদা’
সৌম্যকান্তি দত্ত

তাকিয়া টেনে কোলের উপর তুলে তারিণীখুড়ো বললেন, “আজকে শুধু ফেলুদার গপ্পো!”
“ফেলুদার গপ্পো?” ন্যাপলা খুব উৎসাহের সঙ্গেই জিজ্ঞেস করল।
“হ্যাঁ, কেন, কোনও সমস্যা আছে কি?”
“না, ইয়ে মানে, ফেলুদার সাথেও আপনার বুঝি আলাপ আছে?”
“তোর এসব ব্যাপারে বেশি কৌতূহলটা আমার মোটেই পছন্দ হয় না, ন্যাপলা। ওরে পল্টু, যা, চায়ের কথা বল গিয়ে। এই শীতকালে চা-টা না হলে ঠিক জমে না।”
“আর চায়ের সাথে টা-টা?” ভুরুটা আলতো কুঁচকে চটপটি বলল।
“আছে,” তারিণীখুড়ো তার ঝুলি থেকে একটা খবরের কাগজের ঠোঙা বের করে বলল, “নে রে পল্টু, ভেতরে গিয়ে দে, বল গরম শিঙাড়া আছে।”
শিঙাড়ার ঠোঙা হাতে নিয়ে পল্টু দৌড়ে চলে গেল রান্নাঘরে। নিমেষের মধ্যে শিঙাড়া ভর্তি প্লেট এনে ধরল, “এটা নিন, চা আসছে।”
“সত্যিই, শীতের বিকেলে গরম গরম শিঙাড়া, আহা!” ভুলু বলল।
তারিণীখুড়ো বললেন, “এসবের তোরা আর সে স্বাদ পেলি কই রে। সেবার আমি, ফেলুবাবু, লালমোহন, ঐ তপেশ একসাথে গিয়েছিলাম শ্যামবাজারে এক অতিথির বাড়ি। আহা, উত্তর কলকাতার বিখ্যাত শিঙাড়া! এখনও জিভে জল আসে।”
“সে কি! তোপসে তো কোনও গল্পে আপনার কথা কোন ছাড়, নামটাও লেখেনি!” বড়ো বড়ো চোখ করে ন্যাপলা বলল।
“উফ! তুই তো বড়ো ইয়ে রে ছোকরা! পল্টু, ওকে সামলা কিন্তু,” খুড়ো ভারী বিরক্ত স্বরে বললেন।
পল্টু ইশারায় ন্যাপলাকে থামতে বলল। ইতিমধ্যে চা হাজির। দুধ-চিনি ছাড়া লিকার চায়ে খুড়ো এক চুমুক দিয়ে শুরু করলেন বলা–
“তোদের তো বলেইছি, আজ বলব ফেলুদার গল্প। এ বছর তার পঞ্চাশ বছর কিনা...”
কথাটা শেষ হতে না হতেই মাঝখান থেকে ন্যাপলা ফস করে বলে উঠল, “ইয়ে মানে, ওটা প্রকাশনার পঞ্চাশ হবে যে!”
“সে যাই হোক, তোকে আর ভুল শোধরাতে হবে না। আর কথার মাঝে কথা বলবি না। শেষ সাবধান করলাম কিন্তু!”
“ঠিক আছে, শুরু করুন।”
পাঞ্জাবির পকেট থেকে বিড়ির প্যাকেট বের করে তার থেকে একটা ধরিয়ে আয়েস করে টান দিলেন তারিণীখুড়ো। তারপর আবার শুরু করলেন, “হ্যাঁ, কী যেন বলছিলাম? ও, মনে পড়েছে। তো সেই ফেলুবাবুর গল্প যখন প্রথম বেরলো সন্দেশে, সে কী উত্তেজনা! তপেশ ছোকরারও এলেম আছে বলতে হয়। ন্যাপলার মতন ওস্তাদ নয়। সালটা খুব সম্ভবত ১৯৬৫। ডিসেম্বর মাস। সন্দেশে বেরলো ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। বিকেলবেলা, সবে বাড়ি ফেরার ট্রামে উঠছি। এমন সময় রাস্তায় দেখা ফেলুবাবুর সাথে। আমায় বললে, কী, তারিণীবাবু, সন্দেশটা দেখলেন? তোপসে তো এবার সোজা কলম ধরেই বসল!
“আমি বললাম, সে কি! এটা তো জানতুম না! তা, আপনাদের গপ্পো নিশ্চয়ই?
“ফেলুবাবু বললেন, তা তো বটেই।
“উত্তম সংবাদ। দাঁড়ান মশাই, আজই কিনে নেব।
“ব্যস, সেদিনই পাড়ার পত্রিকা স্টল থেকে কিনে নিলুম সন্দেশ পত্রিকা।” খুড়োকে আবার থামতে হল।
পল্টু বলল, “প্রথম লাইন তো ‘রাজেনবাবুকে রোজ বিকেলে ম্যালে আসতে দেখি...’। কী, তাই তো?”
“ঠিক ধরেছিস।” খুড়ো আবার শুরু করল, “রাত জেগে প্রথম অংশটা পড়ে ফেললাম। দিব্বি লেখা! ছোকরার লেখার বাঁধুনিখানা চমৎকার। এরপর আবার পরের মাস, মানে ১৯৬৬-এর জানুয়ারিতে বের হল দ্বিতীয় অংশ। বাকিটুকু পরের মাসে শেষ হল। খাসা লেখা। তারপর অনেকদিন আর দেখাসাক্ষাৎ হয় না ফেলুবাবুদের সাথে। আমিও ব্যস্ত হয়ে পড়লাম নিজের কাজে। প্রায় বছর আটেক বাদে হঠাৎ একদিন রাস্তায় দেখা তপেশ ছোকরার সাথে। ও ইস্কুল থেকে ফিরছিল। আমাকে দেখে ডাক দিল, খুড়ো, আছেন কেমন? আপনার তো কোনও খবরাখবরই নেই!
“আমি বললুম, আরে, লেখক তপেশ যে! আমি আছি একরকম, তোমাদের খবর বল। দাদার খবর কী?
“ফেলুদা ভালো আছে। জানেন খুড়ো, আমাদের সাথে লেখক লালমোহন গাঙ্গুলীর পরিচয় হয়েছে।
“হ্যাঁ, বল কী! প্রখর রুদ্রের জনকের সাথে তোমাদের পরিচয় হয়েছে?
“কেন, আপনি ‘সোনার কেল্লা’ পড়েননি?
“না, ইয়ে মানে, সময় সুযোগের অভাব ভাই। সে যাই হোক, তা একদিন পরিচয় করাবে তো আমার সাথে?
“আলবাত। আপনি আজই আসুন না! লালমোহনবাবু তো আজ আসবেন।
“চল, অনেক বছর তোমাদের সাথে তো দেখাসাক্ষাৎই হয় না। আজ একঢিলে দুই পাখি মারা যাবে!
“ব্যস, চললাম রজনী সেন রোডে। সেখানেই জটায়ুর সাথে প্রথম আলাপ হল। ওঁর লেখা ‘দুর্ধর্ষ দুশমন’ বইটা দিলেন,” এতটা বলে খুড়ো থামলেন।
সদর দরজায় টোকা পড়েছে। পল্টু একছুটে গেল দরজা খুলতে।
“আরে! ফেলুদা যে!” পল্টুর জোর চিৎকার শুনতেই ন্যাপলা, ভুলু, চটপটি, সুনন্দ দৌড়ে গেল।
“ইয়েস, চলে এলাম। তোপসে, চটপট ওদের খবরটা দে দেখি!” ফেলুদা বলল।
তোপসে বলতে যাওয়ার আগেই ন্যাপলা বলল, “আমার যে বি-শ-শ-শ-শ্বাসই হচ্ছে না! ফেলুদা সত্যিই এসেছে!”
ঠোঁটের কোণে মুচকি হাসি দিয়ে ফেলুদা বলল, “তাই বুঝি!”
হঠাৎ করে সুনন্দ বলল, “টেলিপ্যাথি! আমরা এতক্ষণ তোমাদের গল্পই তো করছিলাম।”
“বটে? কীরকম?” ফেলুদা জিজ্ঞেস করল।
ন্যাপলা আবার আগ বাড়িয়ে বলল, “খুড়ো আজ তোমাদের গপ্পো করছে। তোমাদের সাথে খুড়োর নানান আলাপ পরিচয়ের গপ্পো!”
“কোন খুড়ো?” তোপসে বলল।
“সে কি! তারিণীখুড়ো, তারিণীচরণ ব্যানার্জ্জী! ভুলে গেলে নাকি?” চটপটি বলল বিস্ময়ের সাথে।
ফেলুদা ভ্রু কুঁচকে বলল, “তারিণীখুড়ো? তিনি কে?”
“তোমরা চেনো না তাকে?” ন্যাপলা বলল।
“কই, না তো! এরকম নামে কাউকে তো ঠিক চিনি না,” ফেলুদা বলল।
ন্যাপলা তার ডানহাতটা কপালে ঠেকিয়ে বলল, “বোঝো! এইটাই আন্দাজ করেছিলাম। খুড়ো নির্ঘাত গুল মেরেছে আমাদের!”
“তা, কই তোমাদের খুড়ো?” ফেলুদা বলল।
চটপটি আর ভুলু দৌড়ে গেল খুড়োকে ডাকতে। পলকের মধ্যেই ওরা ফিরে এসে বলল, “খুড়ো নেই। হাওয়া!”
পল্টু দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো বন্ধ করে বলল, “পেছনের দরজা দিয়ে চলে গেছে মনে হয় খুড়ো।”
ফেলুদা গম্ভীর হয়েও মুচকি হেসে বলল, “হয় এর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব।”
ওরা পাঁচজন হা হা করে হেসে উঠল। পল্টু বলল, “যাই হোক, তোপসেদা কী যেন বলছিল?”
তোপসে এতক্ষণে মুখ খুলল, “ও হ্যাঁ, শোন, আগামী ১৬ই ডিসেম্বর আমরা আসছি সিনেমা হলে। তোমাদের সবার আমন্ত্রণ।”
ন্যাপলা বলল, “ডবল ফেলুদা তো?”
“একদম,” ফেলুদা বলল।
তোপসে বলল, “তাহলে দেখা হচ্ছে ঐদিন সিনেমা হলে। আর একটা সারপ্রাইজ আছে।”
“কী!” বলল সুনন্দ।
তোপসের মুখ থেকে কথা কেড়ে ফেলুদা বলল, “সেটা ক্রমশ প্রকাশ্য।”
_____

ম্যাজিক:: ভোজবাজি:: দেশলাই কাঠির ম্যাজিক - শশাঙ্ক শেখর চট্টোপাধ্যায়

ভোজবাজি
সহজে ম্যাজিক শেখো
এবারের ম্যাজিক – দেশলাই কাঠির ম্যাজিক
দেখাচ্ছেনঃ শশাঙ্ক শেখর চট্টোপাধ্যায়
নিচের ভিডিওতে ক্লিক করলেই ম্যাজিক



_____

একটু ভাবি:: বইমেলার আগেই - শ্রেয়সী চক্রবর্তী

একটু ভাবি
বইমেলার আগেই
শ্রেয়সী চক্রবর্তী

বই পড়ুয়া বইয়ের পোকা
একটা বড় আর-টা খোকা
কুচমুচিয়ে দাঁতে দাঁত
পাতায় পাতায় কুপোকাত!!


আর তো কদিন বাদেই জমজম করে শুরু হতে চলল ৩৫তম কলকাতা বইমেলা। সেখানে হাজার হাজার বইয়ের স্টল, বইয়ের রাস্তা, বইয়ের ঘরবাড়ি। তাছাড়াও সঙ্গে সঙ্গে বাগান আলো করে থাকে কত শত ছোট বড় মাঝারি পত্র-পত্রিকার রকমারি আকর্ষণ। আজকাল আবার বিভিন্ন বায়বীয় অর্থাৎ অনলাইন বই সংক্রান্ত ওয়েবসাইট বা ই-ম্যাগাজিনের স্টলও বইমেলায় দেদার দেখা যায়। (তেমনি একটা ই-ম্যাগাজিনে এই লেখাটা বেরোচ্ছে যদিও!) তাছাড়া নানান টেলিভিশন চ্যানেল, বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমের হুড়োহুড়ি আড্ডা, ঝালমুড়ি, কাগজের ভেঁপু, মমার্ত, জিভে জল আনা একশো রকম সুস্বাদু খাবার, টিভিতে মুখ দেখানোর সহস্র উপায়, অদ্ভুত সব চালের উপর নাম লেখা, ধানের শিষের মাথায় মুখ আঁকানো, রণপা চড়া মানুষ আর জনস্রোতের উত্তাল ঢেউ – এই হল বইমেলার অশেষ ঝলমলানি, যা কিনা পাঠক এবং হুজুগে অপাঠকের কাছে রোজনতুন।


বাহ! একদম ঠিক ধরেছ। আমি আসলে ‘পাঠক’ এই শব্দটার কাছে পৌঁছতে চাইছি। পাঠক কাকে বলব? বই কিনলেই বা বচ্ছরকার দিনে বইমেলায় নিত্যি হানা দিলেই কি পাঠক বলা যায় মানুষকে?! আমরা ছোটবেলায় জানতাম পাঠক হওয়ার জন্য অফুরান ভালবাসা লাগে আর লাগে ধৈর্য। আর ফুচকার সঙ্গে তেঁতুল জলের মতো লাগে কয়েক ছটাক পাগলামি। প্রথমে আসি ভালবাসায়। এই ভালবাসা খুব উত্তেজিত, বই হাতে পেলেই তাকে গিলে নিয়ে ছুঁয়ে-ছেনে, চটকে ঠিক কোলের কাছে পুষি বেড়ালটাকে আদর করার মত তপতপে উদগ্রীব সোনালী ভালবাসা। যাতে একটুও তর সয় না নতুন বইয়ের গন্ধ বুকের ভিতর টেনে নিতে। আর শুধু বুঝি নতুন বই? বইমেলায় তো হরেক কিসিমের পুরোনো ধুলিমলিন বা ধুলোঝাড়া ন্যাপথলিনের গন্ধ লাগা লালচে পাতা বইও পাওয়া যায়। আআহহহ তার যা সুস্বাদ!


তা যা বলছিলাম, এখুনি অধৈর্যের কথা বলতে বলতে এইবারে আসি বইপাঠক হওয়ার ধৈর্যের কথায়। বইগুলো তো ঠিক একেকটা মানুষেরই মতো। কেউ দেখতে খুব সুন্দর, কেউ ততটা নয়। কারুর রস কথায় কথায় প্রথম পাতায় ফোটে তো কেউ তার রসভান্ড উপুড় করে এক এক পৃষ্ঠা সরিয়ে আলতো হাতে কম্পিত মনে বইয়ের হৃদয়ে প্রবেশ করার পর। কেউ আবার মনে ঝিলমিল লাগিয়েই রেখেছে। কিনতে, খুলতে আর পড়তে শুধু বাকি ! আর রইল বাকি পাগলামি। তার শুরুও নেই শেষও নেই। সীমা সরহদ্দ ছাড়িয়ে সে একেবারে বুভুক্ষু পাঠককে বইমাতাল করে ছাড়ে। কিন্তু আজকাল যে শুনি চতুর্দিকে রব উঠেছে, এই পড়া কাজটাই আর নাকি হয়ে ওঠে না। কেউ আজকাল বই পড়ে না। পুরোনো সব মানুষ, অভিজ্ঞ মানুষ যারা বই পড়ে পড়ে ঘুণ হয়ে গেছে তাদের কথা ছেড়ে দিলাম; নতুন যে সব শিশু কিশোর তরুণ যুবা... তারা কি সত্যিই বই পড়ে না?! পড়তে ভালোবাসে না?? কেন? অনেকেই তারা শুধুই পিডিএফ পড়ে বুঝি বই হিসেবে?? কিম্বা কিণ্ড্‌ল্‌ যন্ত্রে বই পড়ে (তাও খুব সরু চটি বই?! নাকি তাও না?)! আচ্ছা সত্যি করে বলো কিম্বা ভেবে দেখো তো চোখ আর বইয়ের মধ্যে অন্য কোনও যন্ত্রের নাকগলানো কাঁহাতক সহ্য করা যায়?? তবে অবশ্য বলতেই পারো চশমা পরে যাঁরা বই পড়েন তাদের বেলায়?? আমার উত্তর চশমা তো চোখকে দেখতে আরও বেশি সাহায্য করে, তাই চশমার কাঁচ দুটোকে আরও দুটো চোখই বলা যেতে পারে; খামোকা যন্ত্র বলব কেন?? কিন্তু তবু তো সে একরকমের বই পড়া। আর তোমরা যদি বলে ওঠো বই পড়তে বড্ড বেশি সময় খরচ হয়ে যায়, তবে বলো দেখি ঘুমোতে, খেতে, স্নান সারতে ,মোবাইলে গেম খেলতে, ভিডিও দেখতে এবং আরো যা যা তোমরা করে থাকো, তার কোনটা করতে সময় লাগে না? আজকাল বেশির ভাগ বাবা-মা বলে থাকেন, বই পড়ে সময় নষ্ট হবে। স্কুলে কলেজে পড়াশোনার এতো চাপ, এত কম্পিটিশন যে তার মধ্যে গল্পের বই পড়বে কখন? আর কেনই বা পড়বে? ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে, জীবনে অর্থ উপার্জন করতে গেলে কাজের বই পড়তে হবে, মানে সাদা বাংলায় যাকে বলে পড়ার বই। কিন্তু সিলেবাসের বাইরে পড়া কোনোকালেই খারাপ কাজ নয়, সে তোমরা পরীক্ষার হলে কঠিন কঠিন প্রশ্নের উত্তর লেখার সময়েই বুঝতে পারো। আবার ঠিক তেমনই জরুরি জীবনের সিলেবাসের বাইরে যতরকম বই, সেইসব চেখে দেখা।


আমরা বলব তোমাদের (কারণ তোমাদের বুদ্ধি বাবা মায়েদের চেয়েও ঢের বেশি বলেই আমরা মনে করি) জীবনের অর্থ উপার্জনের দিকেই মন দেওয়া দরকার; আর ছোটোবেলা থেকে পাঠের অর্থাৎ নিজে নিজে বুঝে বই পড়ার অভ্যাস তৈরি হলে তবেই জীবনের শ্রেষ্ঠতম, ‘ওয়াও’তম অর্থগুলো নিজেরাই খুব শিগগির খুঁজে বার করে ফেলতে পারবে, যা শুধু টাকায় কিম্বা ধনে মাপা যায় না। মাপা যায় সম্পদে। আর এই পাঠাভ্যাস আসে বইয়ের প্রতি ভালবাসা থেকে। চিরকালই বই বিন্যস্ত হতে (ডিসিপ্লিন) শেখায়। বই শেখায় সততা, সরলতা আর খুশির মূল্য। অন্য মানুষকে একটু সময় দিতে শেখায় বই, শেখায় যথোচিত সম্মান দিতে। ভালবাসতে, সবার হাতে হাত রেখে নতুন সাহস বুকে নিয়ে নতুন সমস্ত আইডিয়া মাথায় নিয়ে বিশাল এই পৃথিবীটা পাড়ি দিতে শেখায় বই। আর সেই সব বইয়ের কীসব কথা, কী তার ছবি, কী তার অঙ্গসজ্জা আর কীইবা তার মনের ভেতর আলো ছড়ানোর কায়দা! পাতার পর পাতা শব্দের জ্যান্ত ম্যাজিক।


বইগুলো ঠিক আমাদের দাদু ঠাকুমা পুরোনো দিনের স্নেহময় আত্মীয়দের মতন। এই সাংঘাতিক গতির যুগে তাল মিলিয়ে ছুটে চলতে না পারলে তো তোমরা জানোই কেউ ছেড়ে কথা বলবে না। বরং তোমাদের লক্ষ্যপূরণের ক্লান্তিকর দৌড়টা দৌড়তে সাহায্য করবে এক একটা ভালোবাসার বই, যার পাতায় পাতায় দৌড় নয়, তোমাকে একেবারে উড়িয়ে নিয়ে যাওয়ার সংকল্প। তাই এইবারের বইমেলায় তোমরা শুধু ঘুরতেই এসো না, একটা করে পছন্দমতো বই কিনে নিয়ে বাড়ি গিয়ে পড়ে ফেলো তো দেখি!!

_____
ছবি সূত্রঃ ইন্টারনেট

ম্যাজিক পেন্সিলঃ রূপকথার রাজত্ব

ম্যাজিক পেন্সিল
ছোটোদের নিজস্ব বিভাগ
এবারের বিষয়ঃ রূপকথার রাজত্ব

ছোট্ট বন্ধুরা, তোমরা যারা যারা যা যা পাঠালে –
(১)


বর্তমানে বাসস্থানের অভাবের জন্য এই ছবিতে এক যাদুকর বেগুন দিয়ে বাড়ি বানিয়ে মানুষের বাসস্থান তৈরি করেছে। আর গাড়ির ধোঁয়ার দূষণরোধে ইঁদুর গাড়ি টানছে। উড়ন্ত ঘোড়ায় চলাচলের ব্যবস্থা রয়েছে আকাশপথে আর মাটিতে ইউনিকর্ণ যাতায়াতের একমাত্র উপায়। দূষণমুক্ত আকাশে রামধনু রঙ ছড়াচ্ছে। যে পৃথিবীকে দূষণমুক্ত করতে পারবে পুরস্কার হিসেবে দূরবর্তী সোনার প্যালেসে থাকতে পারবে সে।

অঙ্কন শিল্পীর পরিচিতিঃ
নামঃ প্রত্যক চক্রবর্তী
বয়সঃ ৮ বছর ৯ মাস
শ্রেণীঃ তৃতীয়; স্কুলঃ ওয়েলকিন ন্যাশনাল স্কুল
শখঃ কার্টুন আঁকা, কমিকস লেখা, বিভিন্ন ডাইনোসরের ছবি আঁকা

(২)


এ এক রূপকথার শ্রেণীকক্ষ যেখানে শিক্ষক স্বয়ং আইনস্টাইন। সেই কল্পনার শ্রেণীকক্ষে সহপাঠীরা হল ফেলুদা, স্পাইডারম্যান, বেন টেন এবং সৃজিত নিজে। ক্লাসরুমটি আকাশে ভাসমান। তাই মেঘেরাও এই আইনস্টাইনের ছাত্র। জানালা দিয়ে দেখা যায় মহাকাশযান, রকেট চলাচল এবং সোনার নদী।

অঙ্কন শিল্পীর পরিচিতিঃ
নামঃ সৃজিত সরকার
বয়সঃ ৮ বছর ১০ মাস
শ্রেণীঃ তৃতীয়; স্কুলঃ ওয়েলকিন ন্যাশানাল স্কুল
শখঃ নানারকম ক্র্যাফটের কাজ করা ও ছবি আঁকা, হাস্যকৌতুক পরিবেশন করা।

(৩)


আমার কল্পনার রঙে আঁকা রূপকথার রাজ্য ‘জলপরিদের মিঠে দ্বীপ’। পদ্মপুকুরে জলপরিরা থাকতে ভালোবাসে। জলের মাঝে তাদের মিঠে দ্বীপ। চকোলেট, টফি, ললিপপ, আইসক্রিম ইত্যাদি মিষ্টি জিনিস দিয়েই তৈরি এই দ্বীপ।

অঙ্কন শিল্পীর পরিচিতিঃ
নামঃ অয়ঙ্ক ভৌমিক
বয়সঃ ৮ বছর
স্কুলঃ নবনালন্দা; শ্রেণিঃ চতুর্থ
শখঃ ছবি আঁকা, গান গাওয়া আর গল্প শোনা।

(৪)


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ
নামঃ আদ্রিজা দাশ
বিদ্যালয়ঃ মঙ্গলম বিদ্যানিকেতন
শ্রেণিঃ তৃতীয়
শখঃ ছবি আঁকা, গল্পের বই পড়া, ভ্রমণ, সাইক্লিং আর দারুণ সব খাবারদাবার।

(৫)


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ
নামঃ মেঘবর্ণী বৈদ্য
বিদ্যালয়ঃ মঙ্গলম বিদ্যানিকেতন
শ্রেণিঃ তৃতীয়
শখঃ ছবি আঁকা আর নাচ।

(৬)


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ
নামঃ কুশার্ক মুখোপাধ্যায়
স্কুলঃ স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিসকভারি
গ্রেডঃ ওয়ান; বয়সঃ ৬
শখঃ লেগো ব্রিকস দিয়ে নানা কিছু তৈরি করা, ডাইনোসর সম্পর্কে জানা, গল্পের বই পড়া, নিজে নিজে গল্প তৈরি আর ছবি আঁকা।
_____