Showing posts with label রঞ্জন ঘোষাল. Show all posts
Showing posts with label রঞ্জন ঘোষাল. Show all posts

গল্পের ম্যাজিক:: মন্ত্রসিদ্ধি - রঞ্জন ঘোষাল

অণু-কল্পবিজ্ঞান

মন্ত্রসিদ্ধি
রঞ্জন ঘোষাল

গ্রহান্তরের প্রাণীরা ধরা দিল তো অবশেষে! এখন শান্ত সুশীল হয়ে নাসা-র অ্যারিজোনা বেস স্টেশনে বসে সব কিছু কেমন উগ্‌রে দিচ্ছে। অথচ গত পনেরো ঘন্টা ধরে কী নাকানি-চোবানিটাই না খাওয়াল।
ওদের মহাকাশযানটির নাট-বল্টু খুলে ফেলে এবার ভালো করে রিভার্স এঞ্জিনিয়ারিং করতে হবে।
পাঁচ লক্ষ আলোকবর্ষ জাম্প করে এসেছে ব্যাটারা। বাপ্‌ রে!
*      *      *
নাসার নাসিকাগ্রে মাছির মতো বসে আছেন প্রোফেসর অমিতাভ ভট্টাচার্য। ২০১১-র পর থেকে নাসা-উৎক্ষেপিত যাবতীয় মহাকাশযানের যা অতি সংবেদনশীল প্রত্যঙ্গ, সেই ঘ্রাণিকা অংশটির ডিজাইন অমিতাভর টিমের।
অমিতাভ নাসার অ্যারিজোনা ফেসিলিটিতে তড়িঘড়ি পৌঁছে গেছেন। এসে এই ভিন্‌গ্রহী মহাকাশযানটির নাসিকা অংশের কৃ‌ৎকৌশল দেখে মুগ্ধ। এইখানেই তাহলে নিহিত আছে হাইপার জাম্পের আসল কেরদানি!
রহস্যটা কী?
অগুন্তি আণুবীক্ষণিক মাছি।
কাছে গিয়ে পরীক্ষা করতে যেতেই মৌচাকে, না, ঢিল নয়, একটা যেন বাতাসের ঝাপটা লাগল। আগন্তুক যানের কোটি কোটি মাছিতে ঢেকে থাকা বর্মটিতে সামান্য কুঞ্চন দেখা দিল। একটু চাঞ্চল্য। তারপরেই মাছিরা আবার ধ্যানস্থ। আশ্চর্য!
একটা ফরসেপের ডগায় করে তুলে মাইক্রোস্কোপের স্লাইডে সামান্য আঠা মাখিয়ে একটি মাছিকে বসিয়ে দিয়ে অণুবীক্ষণে চোখ রাখলেন অমিতাভ।
কী সাংঘাতিক ব্যাপার!
*      *      *
আজ ২০১৭-র পয়লা এপ্রিল। খবরটা আজকে কোনও মিডিয়াই ক্যারি করবে না। অল ফুল্‌স ডে’র ধাপ্পা বলে খবরটাকে সব নিউজ চ্যানেল ইগনোর করবে। সেটা খানিকটা বাঁচোয়া। গ্রহান্তরের সবুজ প্রাণীদের, সর্বমোট চারজন, ইন্টারোগেট করার জন্য পেন্টাগন থেকে, নাসার হিউস্টন ফেসিলিটি থেকে, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্স বিভাগ থেকে এবং হোয়াইট হাউস থেকে প্রতিনিধিরা এসেছেন।
চারজন এলিয়েন কোনও রকম মহাজাগতিক বায়োবীজাণু বহন করছে কিনা কিম্বা কোনও রেডিও-অ্যাকটিভ রশ্মি বিকিরণ করছে কিনা সেটা দেখে নিয়ে নিশ্চিন্ত হয়ে একটি লেকচার রুমে সবাই বসেছেন এলিয়েনদের ঘিরে। এডোয়ার্ড চ্যাং, অ্যারিজোনা অ্যাস্ট্রোফিজিক্স প্রথমে বলতে শুরু করলেন – “সমবেত ভদ্র ও ভদ্রমণ্ডলী, আমরা এদের কমিউনিকেশন প্রোটোকল জানি না। এরা প্রোটিন-বেসড বায়ো অর্গ্যানিজম এটুকু বোঝা যাচ্ছে। অবশ্য রোবট হওয়াও বিচিত্র নয়। এরা কি ভোকালি, মানে শব্দতরঙ্গের মাধ্যমে কমিউনিকেট করে, না জেশ্চারের সাহায্যে, নাকি সরাসরি মস্তিষ্কে ...।”
বলতে না বলতেই উপস্থিত সবার ব্রেইনে পিং করে আওয়াজ হল। এবং বোঝা গেল প্রশ্নোত্তরের আসরটি এই আগন্তুকরাই পরিচালনা করবেন। প্রত্যেকের মস্তিষ্কে জোরালোভাবে এদের সিগন্যাল ভেসে এল, “তোমরা কি আমাদের নতুন ক্যাপ্‌টর? আমাদের বন্দি করেছ কেন? কে তোমাদের কর্তা? আমরা তার সঙ্গে কথা বলতে চাই।”
এলিয়েনদের রীতি এ রকমই বটে। গল্পে কমিক্‌সে দেখা গেছে, ওরা এসেই সাধারণত বলে, “টেক আস টু ইয়োর লিডার।” এবং কোনও এক অজ্ঞাত কারণে গল্পকারেরা ধরে নেন যে অ্যামেরিকার প্রেসিডেন্টই সেই ব্যক্তি, যাঁকে মনুষ্যসমাজের নেতা হিসেবে গণ্য করা উচিত। কিন্তু সে জমানা এখন আর নেই রে ভাই! হোয়াইট হাউস দীর্ঘশ্বাস ফেলল। পেন্টাগন বলল, “আমাদের লিডার বলতে এখন ইয়ে, মানে ইউনাইটেড  নেশনসের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস-এর কথা যদি বলো, উনি এখন ছুটিতে।”

এলিয়েনদের মুখপাত্র এগিয়ে এল। বলল, “তোমাদের গ্রহের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কোন্‌জন? তার সঙ্গে আমাদের কথা বলিয়ে দাও।” এবার নাসার তরফ থেকে নরেন্দ্র মোদীর নাম উঠল। সব চেয়ে তেজি রফ্‌তারে জিডিপি বাড়িয়ে যিনি সওয়া বিলিয়ন আবাদির দেশকে বিকাশের পথে নিয়ে যাচ্ছেন, তিনি অবশ্যই পৃথিবীর বুদ্ধিমানতম ব্যক্তি হবেন।
এলিয়েনরা বলল, “বুলাও উন্‌কো।”
ঘরের দরজা ঠেলে ঢুকলেন বিজ্ঞানী অমিতাভ ভট্টাচার্য। এসে বললেন, “তার আর দরকার হবে না। মশা  মারতে কামান দেগে লাভ নেই। এই চারজন ভিনগ্রহী বন্ধুকেও ছেড়ে দেওয়া হোক। এরা এই পৃথিবীতে নিজের ইচ্ছেমতো ঘুরে বেড়াক। চাষবাস করুক। গঙ্গার হাওয়া খাক। এরা মহাকাশচারী স্বেচ্ছায় হয়নি। এদের বন্দি করে আনা হয়েছে। এনেছে একদল মহাজাগতিক ক্ষুদ্র মাছি। ভয়ঙ্কর তাদের উদ্দেশ্য। গ্রহ থেকে গ্রহান্তরে তারা বুদ্ধিমান প্রাণীদের খুঁজে বেড়াচ্ছে। তাদের স্পেসিমেন হিসেবে ধরে খাঁচায় পুরে রাখছে কোনও এক বদ্‌ উদ্দেশ্যে। এখানে নেমেছে পৃথিবীর কিছু লোকজনকে তুলে নিয়ে যাওয়ার জন্য। ওদের মহাকাশযানটি আসলে একটা বিরাট কয়েদখানা।”
“মাছি? মানে ভন্‌ভন করা মাছি? যারা আম-কাঁটালের টাইমে এসে উপদ্রব করে সব চেয়ে বেশি?” একজন মালয়েশিয়ান বিজ্ঞানী প্রশ্নটা না করে পারলেন না।
অমিতাভ বললেন, “হ্যাঁ। সেই গোত্রেরই জিনিস। কিন্তু মহা ধুরন্ধর। নিজেরা মহাকাশযানের বাইরের খোলস সেজে ঘুরে বেড়ায়। আর যানের পেটের মধ্যে রাখে বন্দিদের।”
“কোথায়? কোথায় সেই মাছির দল?” পেন্টাগন আগ্রহের সঙ্গে প্রশ্ন করল।
অমিতাভ বললেন, “ধরা পড়তেই পালিয়েছে। প্রত্যেকটি পতঙ্গ তাদের জেট্‌প্যাক সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। আমি ক্যাঁক করে চেপে ধরতেই প্রত্যেকে মুহূর্তের মধ্যে নিজেদের ব্যক্তিগত ট্রান্সগ্যালাকটিক জেটপ্যাক অ্যাকটিভেট করে পালিয়েছে। রেখে গেছে খালি ওদের স্পেস্‌ক্রাফ্‌টের খোলসটা আর এই ক’জন বন্দিকে। তা হ্যাঁরে বনমালী, হাইপার জাম্পের রহস্য কিছু শিখলি তোরা?”
এলিয়েনদের নেতা, যাকে বনমালী বলে ডাকা হল, সে ঠোঁট উলটে বলল, “ওদের মক্ষিরাণীটি ভীষণ ধুরন্ধর। কিচ্ছু ফাঁস করেনি। শুধু বুঝেছি ঐ মাছিরাই হল হাইপার-জাম্প মারা গ্যালাকটিক এঞ্জিনের এক একটি ইউনিট। ওরা ওদের ক্লাস্টারের সম্মিলিত শক্তিতে স্পেসস্টেশনটাকে চালিয়ে নিয়ে চলে, এক ছায়াপথ থেকে  অন্য ছায়াপথে। হাইপার জাম্প মারবার মুহূর্তে ওরা একবার সমস্বরে বলে ওঠে ‘জয় শ্রীহনুমান’। ব্যস্‌, সঙ্গে সঙ্গে এক নক্ষত্রলোক থেকে অন্য নক্ষত্রলোকের স্পেসে উত্তরণ। তা তোমাদের এ তল্লাটে শ্রী হনুমান নামের কেউ আছে নাকি? আমাদের জিজ্ঞেস করছিল। আমরা তো বাপু অমন নাম কখনও শুনিনি।”

অমিতাভ প্রমাদ গুণলেন। হনুমানজীর স্মরণমাত্রে হাইপার জাম্প-গুণ প্রাপ্ত হওয়া যায়? অথচ আর্যাবর্তের সন্তান হয়েও অজরামর পরমগুণান্বিত শ্রী হনুমান জপশক্তির খোঁজ ভারতীয়রা এখনও পায়নি এ তো ভারি  লজ্জার কথা। একটি জেটপ্যাক ও জয় শ্রীহনুমান মন্ত্র। ব্যস? তাহলেই এক নক্ষত্রপুঞ্জ থেকে অন্য নক্ষত্রপুঞ্জে লাফ দিয়ে পৌঁছোনো যাচ্ছে? অমিতাভর আর তর সইছে না। এক্ষুনি একটা জুত মতো জেট-প্যাক বানিয়ে ফেলতে হচ্ছে। “জয় হনুমান জ্ঞানগুণসাগর, জয় কপীশ তিঁহ লোক-উজাগর।” অমিতাভ রামায়ণের দেশের ছেলে। জেট-প্যাক যন্ত্রের সঙ্গে এই মন্ত্রটি জুতে দেওয়া, এই তো? কাজ হবেই। দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এলিয়েনদের বললেন, “ফলো মি। তোমাদের দেশে ফেরার বন্দোবস্ত করে দিচ্ছি।”
_____
অলংকরণঃ সুমিত রায়

গল্পের ম্যাজিক:: অণুগল্প:: ট্রেন জার্নির আগে - রঞ্জন ঘোষাল


ট্রেন জার্নির আগে
রঞ্জন ঘোষাল

“লাল ট্রেন, হলুদ হাতল। পানি পাঁড়ে, ভাঁড়ের চা।”
এইটুকু বলতেই দুই বোন কাছে এসে ঘন হয়ে বসল। চোখে মুখে দারুণ উত্তেজনা। চাপা গলায় বলে চলল, “বল না, ছোড়দা। বল না। তারপর, তারপর? কোথায় যাচ্ছি আমরা? দিনের ট্রেন না রাত্তিরের? হাওড়া থেকে না শেয়ালদা? কে কে যাচ্ছি রে আমরা?”
আমি পিঠ ঘুরিয়ে বসলাম। সঙ্গে সঙ্গে মালা পিঠে সুড়সুড়ি দিতে লাগল। শুক্লা চুলে বিলি কেটে দিতে শুরু করল। আমি গলার স্বরকে আরও রহস্যময় করে তুললাম।
“ট্রেনের নাম দার্জিলিং মেইল। শেয়ালদা থেকে ছাড়ে দুপুর বারোটা পঁচিশে। ট্রেনের রঙ ম্যাজেন্টা লাল। সদ্য ধোয়ামোছা হয়ে রেলের ইয়ার্ড থেকে বেরিয়েছে। একটা স্টিম এঞ্জিন ষোলো কামরার ট্রেনটাকে টেনে এনেছে। শেয়ালদা মেইনের আট নম্বর প্ল্যাটফর্মে। কুলিরা চঞ্চল হয়ে উঠেছে। গাড়িটা এসে থামতে না থামতেই তাদের হাঁকাহাঁকি শুরু হয়ে গেছে। হৈ হৈ, রৈ রৈ কাণ্ড।”
“ছোড়দা, আমরা উঠব কী করে?”
আমি বললাম, “ভাবিস না। আমরা কি আর থার্ড ক্লাসের প্যাসেঞ্জার নাকি? আমরা যাচ্ছি সেকেন্ড ক্লাসে। আমাদের সবার সীট রিজার্ভ করাই আছে। চামড়ার গদি-আঁটা সীট আমাদের। কুলি আসছে আমাদের সঙ্গেই, হেলতে দুলতে। কোনও তাড়া নেই ওদের। জানে তো। আমাদের হোল্ড-অলগুলো, তিনটে ট্রাঙ্ক, স্টোভ, জলের কুঁজো সব একে একে উঠে গেল কামরায়। মা আর কাকিমাকে নিয়ে আমরা ছ’জন তো। আমরা উঠে গুছিয়ে বসতেই টিটিই এসে আমাদের টিকিট দেখতে চাইবে। তোদের তিনজনের তো হাফ টিকিট। আমি, মা আর কাকিমার ফুল। বাবার আর্দালি আমাদের তুলে দিতে এসেছিল। সে স্টেশন ওয়াগন নিয়ে ফিরে গেছে। হুইসেল বাজিয়ে ট্রেন ছাড়ল। প্রথমে ধীরে ধীরে, তারপর ট্রেন ক্রমশ স্পীড তুলতে লাগল। আমি স্টেশনে নেমে ঘোরাঘুরি করছিলাম। চলন্ত ট্রেনে আমি ঠিক দৌড়ে উঠে গেছি। তোদের তো কণ্ঠাগত প্রাণ। ছোড়দা গেল কোথায়? আমার হাতে হুইলার বুক ট্রলি থেকে কেনা নতুন বেরনো পুজোসংখ্যার উল্টোরথ আর দেব সাহিত্য কুটিরের শারদীয়া সংখ্যা। আমার জমানো টাকা থেকে। উল্টোরথ পেয়ে মা আর কাকিমা কীরকম খুশি হবে বল?”
মালা-শুক্লা দু’জনেই সায় দিল। শুক্লা বলল, “বিশেষ করে মেজো-মা। মেজো-মা পড়বে আর মাকে ডেকে ডেকে বলবে, শোন ফুলি, বসন্ত চৌধুরীর একটা সাক্ষাৎকার বেরিয়েছে। নিয়েছেন সুচিত্রা সেন। একটু পড়ে শোনাই।”
কাঞ্চন বলল, “ছোড়দা, আমাদের হাফ টিকিটে কি পুরো দার্জিলিং অবধি যেতে দেবে, নাকি হাপ রাস্তায় নামিয়ে দেবে?”
কাঞ্চনের বয়েস আট। মালার সাড়ে দশ। শুক্লার সাড়ে এগারো। আমি তেরো।
আমি কাঞ্চনকে আশ্বস্ত করলাম। “এই ট্রেন তো পুরো দার্জিলিং অবধি একটানা যাবে না। আমরা প্রথমে সকড়িগলি ঘাট যাব। সেখানে ট্রেন থেকে নেমে কুলির মাথায় মাল চাপিয়ে অনেকটা হাঁটতে হবে নদীর চরের ওপর দিয়ে। সেখানে স্টিমারে উঠব আমরা। বিরাট গঙ্গা পার হয়ে ওপারে মণিহারিঘাটে নেমে আবার হাঁটা। তারপর দেখব সেখানে আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে। হুবহু এই ট্রেনের মতোই দেখতে। কিন্তু মিটার গেজ। বহরে একটু ছোটো। সেখানে আমাদের কামরাটা খুঁজে নিয়ে আমাদের উঠে বসতে হবে। ভোরবেলায় শিলিগুড়ি জং। সেখান থেকে ন্যারো গেজের টয় ট্রেনে করে তবে না দার্জিলিং যাওয়া। সব আমাদের এক সঙ্গে। সেইরকমই টিকিট করা আছে সবার।”
“শেয়ালদা থেকে তো ট্রেন ছাড়ল আমাদের। তারপর, তারপর কী হবে ছোড়দা?”
আমি বললাম, “কাকিমা বেতের বাক্সর ডালা খুলে সবাইকে লুচি, ঝাল ঝাল আলুর দম আর মোহনভোগ খেতে দেবে। শুধু কাঞ্চন ঝাল খেতে পারে না বলে ওকে একটু বেশি করে মোহনভোগ।”
সেই শুনে কাঞ্চনের আকর্ণ হাসি। ছোড়দা সব আগে থেকে ভেবে রেখেছে।
সামনেই সেকেন্ড টার্মের পরীক্ষা। তারপরে না পুজোর ছুটি। সেই ছুটিতে বেরোনো হবে। মহালয়ার ঠিক পরের দিন। সেই উত্তেজনার রুটি সেঁকা হচ্ছে রোজ। মা, কাকিমা বা কাকু এলেই আমরা পড়ার ভান করছি। আবার ওরা চলে গেলেই যে কে সেই।
শুক্লা বলল, “অত লুচি খেলে আমরা ঘুগনিয়ালার ঘুগনি কখন খাব?”
আমি বললাম, “লাল শালুতে অ্যালুমিনিয়ামের বড়ো মুখওয়ালা হাঁড়ির কমলা রঙের ধোঁয়াওঠা ঘুগনি? শালপাতায় করে? সে তো এখন নয়। সে তো নবদ্বীপ পেরিয়ে তারপর। তার আগে তো ব্যান্ডেলে ভাঁড়ে করে চা। সে অবশ্য তোরা পাবি না। চা শুধু যাদের ফুল টিকিট লাগে, তাদের।”
মালা-শুক্লা একটু গোঁজ হয়ে গেল। কিন্তু সে মুহূর্তেকের জন্য। মালা বলল, “তাতে কী? মা তো আমাদের জন্য হরলিকস বানিয়ে নিয়ে যাবেই। আমরা মা আর কাকিমার চা খাওয়া হয়ে গেলে সেই ভাঁড়ে ঢেলে হরলিকস খাব।”
কাঞ্চন বলল, “আমি ছোড্ডার ভাঁড়ে হল্লিস্ক খাব।”
আমি উদারতার সঙ্গে রাজি হয়ে গেলাম।
আমাদের গল্প থামতেই চায় না। “তারপর ছোড়দা, তারপর? আমাদের জলতেষ্টা পেলে?”
আমি ভালোমানুষের মতো মুখ করে বললাম, “কেন? জলের কুঁজো তো যাচ্ছেই সঙ্গে। কাঁসার গেলাসও থাকবে। যত ইচ্ছে জল খেগে যা না!”
শুক্লা অধৈর্য হয়ে মনে করিয়ে দিল, “না না, ছোড়দা, ঐ যে, পানি পাঁড়ে।”
আমি তখন বললাম, “ও হ্যাঁ, সে তো কৃষ্ণনগর স্টেশন এলে সেখানে। তখন বিকেল গড়িয়ে গেছে। স্টেশনে একটা বিরাট রাধাচূড়াগাছ ছায়া মেলে দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন এসে থামতেই মিঠাইওয়ালারা কামরায় ঢুকে পড়ল। সরভাজা, সরের নাড়ু আর রাজভোগ। আর প্ল্যাটফর্মে পেতলের বালতি ভরা টলটলে জল নিয়ে খাকি উর্দি পরা পানি পাঁড়েজী ‘পানি পানি, পীনে কা পানি’ বলে হাঁকতে হাঁকতে চলেছে। জানালার গরাদ দেওয়া থাকে না তো। সেখান দিয়ে আমরা ঝুঁকতেই একটা পেতলের লম্বা হাতল লাগানো ঘটিতে করে বালতি থেকে জল তুলে ঢেলে ঢেলে দিচ্ছে আর আমরা আঁজলা করে খাচ্ছি।”
কাঞ্চন বলল, “আমি আঁজলা করে খাই না। আমি গ্লাসে করে খাব।”
শুক্লা বিরক্ত হয়ে বলল, “তাই খাস। অ্যাই ছোড়দা, ঐ সরপুরিয়া সরভাজা কি কেনা হবে?”
আমি বললাম, “বেড়াতে বেরিয়ে পেট কামড়ানো কিম্বা কিরমির ভয় করলে চলে নাকি? সে আমি কাকিমাকে ঠিক ম্যানেজ করে নেব।
“সন্ধে ছ’টা বাজতে ট্রেন পৌঁছোবে সকড়িগলি ঘাট। আমাদের নেমে পড়তে হবে। কুলিরা যতক্ষণে মাল নিয়ে ওপারের ট্রেনে তুলে দেবে, আমরা নদীর চরের সারি সারি যে চালাঘরের হোটেলগুলো, সেখান থেকে ‘আসুন মা, আসুন দিদি, ছেলেমেয়েদের নিয়ে এখানে আসুন, ব্রাহ্মণের হোটেল’, বলে হাঁক দিচ্ছে সে সব অগ্রাহ্য করে স্টিমারের দিকে এগিয়ে যাব। সেখানে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের যাত্রীদের খাওয়ার ব্যবস্থা। মুরগির ঝোল আর ভাত। নয়তো ইলিশ আর ভাত। যার যেমন পছন্দ।”

* * *

সেবার কেন, কোনওবারই আমাদের যাওয়া হয়নি। উনিশশো আটষট্টিতে একটা বড়ো রকমের বন্যায় মালদহের কাছটায় রেললাইন ভেসে গিয়েছিল। ঠিক মহালয়ার আগের দিন। অনেকেরই মনে থাকার কথা। ভাগ্যিস টিকিট কাটা ছিল না আগে থেকে। নইলে ফেয়ারলি প্লেসে গিয়ে টিকিটের রিফান্ড নাও রে, হ্যানো রে, ত্যানো রে করে হ্যাপা কম হত না।
সে না হোক। কিন্তু বারবার গিয়ে গিয়ে সেই যাত্রাপথ আমাদের একদম মুখস্থ ছিল।
_____
অলঙ্করণঃ অরিজিৎ ঘোষ