
মশার গান
শ্যামাচরণ কর্মকার
যতই বলো শুনব না গান মশা কি আর শোনে?
কানের কাছে পোঁ পোঁ সুরে গান গায় একমনে।
মনটা দিয়ে শোনো যদি দিব্বি শোনায় গান
না শুনলেই হুল ফোটাবে, জব্দ হবে কান।
মশারা কি গান শিখেছে? গাইতে তেমন পারে?
বিরক্তিকর পিনপিনে সুর ঢালে একনাগাড়ে!
কান চাপা দিই, যতই তাড়াই গান শোনাবেই জানো
জব্দ আমি, জব্দ তুমি, জব্দ সবার কানও।
সেদিন তেমন একটা মশা কানের কাছে এসে
বলল, ‘কবি, গান শুনবে? শোনাই ভালোবেসে?’
আমি তখন মগ্ন লেখায় পুজোর লেখা বাকি
‘গান শোনবার সময় তো নেই।’ বলেই দু-কান ঢাকি।
শুনেই মশার রাগ হল খুব বলল অভিমানে,
‘জানি ভালো ছড়া লেখো, তেমনি ভালো
গানে।
তুমি গানের মর্ম বোঝ শিল্পীকে দাও মান,
তবু তুমি শুনবে না গান? বন্ধ করো কান?’
বলেই মশা বসল খাতায়, খাতার ওপর ঘোরে
হাতে বসে হুলও ফোটায় চোখের সামনে ওড়ে।
এ তো দেখি অবাধ্য খুব! বড্ড বেয়াক্কেলে!
গান শুনব মশার এখন পুজোর লেখা ফেলে?
মশা তখন বসছে গালে, বসছে নাকের ডগায়
এ যে দেখি বড্ড জ্বালায়! করব সাবাড় ক’ঘায়?
শিল্পী আমি, শিল্পীকে তাই শাস্তি দিতে পারি?
মন দিয়ে তার গান শুনতেই লেখায় দিলাম দাঁড়ি।
----------
ছবি - আন্তর্জাল

'শিল্পী আমি, শিল্পীকে তাই ...' darun byapar - sanjay bandyopadhyay
ReplyDelete