দুটি ছড়া
সঞ্জয় বন্দোপাধ্যায়

১
স্মাইলিতে জব্দাও শব্দ
‘হাই পুকি’ ডাক শুনে অসুরের
ভয়ানক খচে বলে দুর্গা,
‘মর্ত্যের হাওয়ায় কী আছে রে?
যার খায় তাকে করে মুর্গা!’
তিনচোখে খোঁজে হাবি শিবকে
দায়সারা দেয় সাড়া নন্দী:
‘ভয়েস মেসেজ ঠোকো মামণি,
তারপর এসো আঁটি ফন্দি।’
‘অসু্রই তো আমাদের ফেস-কার্ড
জেন জি-তে থইথই চারদিক
রিজ-এ তো টেক্কা মারে আমাকেও।’
‘চিল মাম্মা’ বলে যায় কার্তিক।
‘ভাষা তো নদীর মতো বহমান
পরিবেশে ভাসে নয়া শব্দ,’
বোঝালেন গৌরীকে ভোলেনাথ
‘স্মাইলিতে করো সব জব্দ।’
----------

২
পেটুকের মেনুকার্ড
ভোজন রসিক বটে বর্মার ন’পিসে
চিতলের পেটি দিয়ে লাঞ্চ করে অফিসে
প্রায়দিন চাওমিন তাতে সারে নাস্তা
বুধবার ফিক্সড তার স্প্যাগেটি ও পাস্তা।
ছুটির দুপুরে, আহা বিরিয়ানি কাচ্চি
সঙ্গতে বেকড ক্র্যাব, ফালুদা ও লাচ্ছি
ডিনারেতে ঘুরেফিরে ইলিশ বা ভেটকি
প্রণ কাটলেট, সাথে লইট্টার শুঁটকি।
ফেভারিট জিলিপি ও ক্যাডবেরি সন্দেশ
পর্ক শাপটায় নাকি ফিশ কিমা জমে বেশ
মাঝে মাঝে খান পিসে সরভাজা কচুরি
ডায়েটের চিট-ডে তো দিনভর খিচুড়ি!
----------
ছবি - আন্তর্জাল
সম্পাদিকাসহ সকল সহকলমসৈনিকদের অভিনন্দন ...সঞ্জয় বন্দোপাধ্যায়
ReplyDelete