Showing posts with label স্নেহা অধিকারী কর. Show all posts
Showing posts with label স্নেহা অধিকারী কর. Show all posts

ভ্রমণ:: বাঙালির রাজস্থান ভ্রমণ - স্নেহা অধিকারী কর


বাঙালির রাজস্থান ভ্রমণ
স্নেহা অধিকারী কর

‘ভ্রমণ’ কথাটির সঙ্গে জুড়ে আছে অনেক অভিজ্ঞতা। ভ্রমণ মানে কিন্তু শুধুই ঘুরে বেড়ানো নয়, সঙ্গে নিয়ে চলা অনেক স্মৃতি আর গল্প। আমরা ভ্রমণ করি ঠিকই, কিন্তু তার সঙ্গে জুড়ে থাকা ইমোশনগুলোকে উপলব্ধি করি না। এমনই এক ভ্রমণের গল্প আজ বলব যেটা আমাকে উপলব্ধি করতে শিখিয়েছে অনেক কিছু। অদ্ভুত সব ঘটনা ঘটে জানেন। সে সব ঘটনা যেন এক একটা জ্যান্ত জীবনী। জায়গাটার সঙ্গেই মিলেমিশে আছে গল্পগুলি।

ঘুরতে বেড়াতে কে না ভালোবাসে। আমরাও খুবই ভালোবাসি। তবে ইন্টারনেটের দুনিয়ায় ভ্রমণ কিন্তু আজ ব্যস্ত প্রফেসন বলা চলে। বহু জায়গায় আমি আর সৌম্য, মানে আমার হাসব্যান্ড ঘুরেছি, কারণ এটা আমাদের কাজের একটা পার্ট। তবে আমাদের ঘোরাঘুরি একটু অন্যরকম। সবাই যেখানে হোটেল বুকিং করে, আমরা সেখানে হোস্টেল বুকিং করি। গাড়ি ভাড়া না করে পায়ে হেঁটে জায়গাগুলো চিনি। আর গল্প করি মানুষের সঙ্গে।
এমনই আগের বছর গেছিলাম রাজস্থান। আসলে রাজস্থান কিন্তু লোকে ট্রাভেল এজেন্সির মাধ্যমেই যায় বেশি। সঙ্গে খাওয়াদাওয়া, থাকা সবকিছুর ব্যবস্থা নিয়েই যায় এরা। আর ঐদিকের লোকেরা সেরকম আমিষভোজী নয়। মাছ মাংস তো পাওয়া যায় না ঠিকই, ভাতও পাওয়া ভাগ্যের ব্যাপার। রুটি পাওয়া যায়, কিন্তু একটু শক্ত। আর বেশিরভাগই ঘি দিয়ে ভাজা। এত কিছু তো জানতাম না আমরা। শুধু ঘোরার নেশায় বেরিয়ে পড়েছিলাম।
যাওয়ার সময় সেরকম খাওয়াদাওয়ার অসুবিধে না হলেও, ওখানে পৌঁছে ভালোই টের পাচ্ছিলাম আমরা ভেতো বাঙালি। হোটেলের খাবার খাচ্ছি, কিন্তু মন ভরছে না। খিদে খিদে ভাবটা কিন্তু রয়েই গেছে আমাদের।
যোধপুর, জয়সালমের আর বিকানের এই তিনটি জায়গায় প্রচুর মিষ্টি খেয়েছিলাম। ঘটুয়া কি লাড্ডু, ক্ষীর, ঘেওয়ার আরও অনেক কিছুই চেখেছিলাম, কিন্তু বাঙালির মন তো। ভাতের কথা মনে হতেই মনটা আমার কেমন কেমন করে উঠছিল।
যোধপুরে আমরা একদিন বিরিয়ানি অর্ডার করলাম। সেই বিরিয়ানি মুখে রোচে না। একটুও ভালো খেতে তো নয়ই, উলটে শরীর খারাপ করে গেল একটু। মনটা কী যে খারাপ ছিল বলে বোঝানো যাবে না। জয়সালমেরে একটা দিনের কথা ভুলব না। সোনার কেল্লার পাস দিয়ে রাস্তাটা একটা বাজারের ভেতরে ঢুকে গেছে। রকমারি রাজস্থানি জিনিস বিক্রি হয় সেখানে। আমরা হাঁটতে হাঁটতে একদিন অনেকটাই ভেতরে চলে গেছিলাম। গিয়ে দেখি একটা বাঙালি খাবারের দোকান। হাতে চাঁদ পাওয়ার মতন ভেতরে ঢুকে দেখি একজন বাঙালি ভদ্রলোক মালিক। উনি আমাদের সাদরে আমন্ত্রণ জানিয়ে পেটপুরে ভাত আর ডিমের কারি খাইয়েছিলেন সেইবার।
এবারে আসি আসল ঘটনায়। সেদিন আমাদের মরুভূমি যাওয়ার প্ল্যান করা হয়েছে। যথারীতি গাড়ি নিয়ে আমরা থর মরুভূমির উদ্দেশে যাত্রা করলাম। বিশাল মরুভূমির প্রান্তে শুধুই বালি আর বালি। গাড়ি এক জায়গায় আমাদের নামিয়ে দিলে দেখলাম উট অপেক্ষা করছে আমাদের জন্য। উটে চড়ে যাওয়ার সময় কিন্তু একটু একটু ভয় করছিল। তবে ভালোই লাগছিল নতুন একটা অভিজ্ঞতা অর্জন করে। দুলে দুলে উট বাবাজি আমাদের নিয়ে গেল গন্তব্যে। দেখলাম খাটিয়া পাতা রয়েছে আমাদের জন্যে। ক্যাম্পিং হবে।
আমাদের যারা নিয়ে যাচ্ছিল তারা হল সেলিম আর রহিম। সর্বদা হাসিমুখ দু’ভাই আমাদের কত যে গল্প বলছিল তার ঠিক নেই। বাড়ির গল্প, ছেলেমেয়েদের গল্প। শুনছিলাম বিভোর হয়ে।
অপরূপ সুন্দর সূর্যাস্তের পরে উটের দুধের চা খেলাম প্রাণ ভরে। তারপর হাঁটু গেড়ে গল্প করতে বসলাম ওদের সঙ্গে। ওরা তো অবাক। বলে এরকম নাকি কাউকে দেখেনি তারা, যারা ওদের সঙ্গে এত সহজে মিশে যেতে পারে। লোকে তো আসে, মজা করে, ঘুরে বেড়ায় আর ফিরে যায়। কেউ তো ওদের কথা জানতে চায় না।
আসলে সব শহরেই মানুষের ভিন্ন গল্প জুড়ে আছে। মানুষের মনের কথা শহরগুলোর আনাচে কানাচে ঘুরে বেড়ায়। ওরাও প্রথমে বলতে চাইছিল না। তারপর ভাতের জল ফুটতে ফুটতেই তারা বলতে থাকে তাদের গল্প।
মাছ খাওয়া নাকি তাদের স্বপ্ন। মাছ ঠিক কেমন দেখতে হয় ওরা জানে না। মাঝেসাঝে বাচ্চাগুলোর মুখে শক্ত একটা বাজরার রুটি তুলে দেয়। না, কোনো তরকারি করার সাধ্য তাদের নেই। সবজি কেনার টাকাই নেই যে। যখন কোনো কিছুই জোটে না, তখন আদ্দেক রুটি লাল লঙ্কা গুঁড়োর জলে গুলে তাই খায়! ওটাই সারাদিনের খাওয়া।
চুপ করে গেছিলাম এমন মর্মান্তিক সত্য জানার পর। মানুষ এভাবেও বাঁচে! আর আমরা ক’দিন ভাত না পেয়ে থাকতেই পারছিলাম না, কত নালিশ করছিলাম। এদের তো কাউকেই বলার নেই, কোথাও বলার নেই।
আমাদের সঙ্গে লাড্ডুর একটা বাক্স ছিল। সৌম্য বলল পুরো বাক্সটাই ওদের দিয়ে দিতে, বাড়ি ফিরে যাতে ছেলেমেয়েদের দিতে পারে।
দিয়ে দিয়েছিলাম ওটা। প্রথমে নিতে না চাইলেও জোর করে দিয়ে দিয়েছিলাম। ওদের ছেলেমেয়েগুলো খেয়ে বাঁচুক। চোখ ভর্তি জল নিয়ে সেলিম ওদের ভাষায় কী বলেছিল জানি না। তবে আশীর্বাদ করেছিল এটুকু বুঝতে পেরেছিলাম।
এখানেই সমাপ্তি হতে পারত গল্পটার, কিন্তু এর পরেও অবাক করা ঘটনা আছে যেটা কর্মফল বলব কি অন্য কিছু, জানি না।
আরও দু-তিনদিন কাটিয়ে, বিকানের ঘুরে সেদিন আমাদের ফেরার ট্রেন। ওয়েটিং রুমে অনেকক্ষণ অপেক্ষা করে অবশেষে কলকাতা যাওয়ার ট্রেন প্লাটফর্মে ঢুকতেই এমন আনন্দ হয়েছিল - কী বলি! নিজের বাড়ি, নিজের জায়গা একটা ভালোবাসাই হয়তো। রাত্রে কী খাব কী খাব যখন ভাবছি, দেখি একজন ভদ্রলোক ট্রেন থেকে নেমে এদিক ওদিক ঘুরছেন। ট্রেনের স্টাফ হবেন, পোশাক দেখে তাই ভেবেছিলাম। ট্রেন তখনও ধোয়া মোছা চলছে। আরও দশ মিনিট পর দরজাগুলো খুলবে।
এতই আমাদের কলকাতা যাওয়ার ইচ্ছে যে ট্রেনের দরজার কাছে আমরা দাঁড়িয়েছিলাম, খুলে দিলেই ঢুকে নিশ্চিন্ত হয়ে বসব। মার্চ মাস, ভালোই গরম লাগছিল আমাদের।
ভদ্রলোক আমাদের দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন বাঙালি কিনা। মুখ দেখেই নাকি বুঝেছিলেন। উনিও বাঙালি, নাম বাপি চক্রবর্তী, ট্রেনের ইঞ্জিনিয়র। আমাদের সঙ্গে গল্পে মশগুল হয়ে কত কথা যে বললেন। তারপর যখন খাওয়ার অসুবিধের কথা জানলেন তখন হাসতে হাসতে বললেন, “আরে হাম হ্যায় তো ক্যায়া গম হ্যায়।”
কী অদ্ভুত জানেন, সঙ্গে সঙ্গে সৌম্যকে সঙ্গে করে ওনার একটা চেনা দোকানে নিয়ে গেলেন। রুটি আর একটু ডিমের কারি পাওয়া গেল। পরের দিন ভাতের ব্যবস্থাও ট্রেনে করে দিলেন। তবে একটি পয়সা নিলেন না। পেট ভরে ট্রেনে আমরা ভাত, ডাল তরকারি খেয়েছিলাম। সে কী তৃপ্তি! কী করে উনি ব্যবস্থা করেছিলেন আজও আমার জানা নেই। তবে সেই খিদের মুখে উনিই আমাদের ভগবান।
কলকাতা নেমে হাত ধরে মন ভরে ধন্যবাদ জানিয়েছিলাম ওনাকে। লজ্জা পেয়ে হেসে বলেছিলেন, “মানুষ তো মানুষেরই জন্য, তাই না?”
একে কর্মফল বলব না কপাল, না নিছকই coincidence, আমি জানি না।
এই অভিজ্ঞতা ভুলব না আমরা। মনে দাগ কেটে আছে যেমন সেলিম ও রহিম, সেরকম মন জুড়ে রয়েছেন বাপি বাবু। মানুষের এ হেন রূপ দেখে উপলব্ধি করেছিলাম ভ্রমণের মানে। ভ্রমণ মানে মানুষের গল্প, জীবনের গল্প যা জুড়ে থাকে একটি জায়গার আনাচে কানাচে। এমন পাগল ভ্রমণ প্রেমিক মানুষের প্রেমে পড়তে চায় যেন। প্রাণ ফিরে পেতে চায় গল্পগুলো, মানুষগুলো।
----------
ছবি - আন্তর্জাল

ভৌতিক:: চাকর - স্নেহা অধিকারী কর


চাকর
স্নেহা অধিকারী কর

তখন আমি অনেক ছোটো। এই সিক্স কি সেভেন-এ পড়ি। আমাদের বাড়ি ছিল তখন দুর্গাপুরে। বাড়ি বললে ভুল হবে। বাবা ডি ভি সি-তে কর্মরত ছিলেন। সেই সূত্রে আমরা একটা বড়ো বাসা পেয়েছিলাম। বিশাল বড়ো ডি ভি সি’র বাসায় আমরা বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকতাম। মা আমি বাবা ভাই ঠাকুমা।
আমাদের বাড়ির সামনে ও পেছনে ইয়া বড়ো এক বাগান ছিল। আর বাড়ির পেছন দিকটায়, ঠিক বাগানটা যেখানে শেষ হয়েছিল, তারপরেই, কাজের লোকদের থাকবার জায়গা। এই কাজের লোকগুলো ছাড়া আমার মায়ের ও ঠাকুমার একেবারেই চলত না। এত বড়ো বাড়ি, তাকে ঘষা মাজা, রোজ পরিষ্কার করা - এ কি চাট্টিখানি কথা! শুধু বাড়িই বা বলি কেন। বাগান দেখভাল করা, ঠাকুমার হাজার কাজকম্মও তো ছিল। তাই কাজের লোক না থাকলে বেশ অসুবিধেই হত।
রোজ মা হাঁকত, “এই জবার মাআআআআ - আমার রসুনগুলো বেটে দাও”। অথবা, “জবার মা, আমার কাচা জামা-কাপড়গুলো ইস্ত্রি হল না, পড়েই রইল?”
ঠাকুমাও ডাকত, “খেয়ালি রে... ও খেয়ালি, আমার পূজার ফুল কই রে?” আর সন্ধে হলেই খেয়ালিকে দিয়ে পা টেপাত।
কাজের লোক বলতে একটা পরিবার থাকত ঐ পেছন দিকের আউট হাউসে। বুড়ো তপন, তার ছেলে কেজো, ছেলের বউ জবা, নাতি খোকা আর নাতনি খেয়ালি। আমার পিসিই এনে দিয়েছিল এদের। বড্ড ভালো লোক ছিল ওরা। কাজেকর্মে জবা নিপুণ। কেজো বাগানের দেখভাল করত আর বাবার গাড়ি  ধুয়ে-মুছে সাফ করে দিত রোজ। ঠাকুমা তো খেয়ালি বলতে অজ্ঞান। খেয়ালি ঠাকুমার ভালোই খেয়াল রাখত।
তা একবার তপন বুড়ো এসে ছুটি চাইল ঠাকুমার থেকে। দেশের বাড়ি যাবে, মেজো ছেলের মেয়ের বিয়ে। যেতে তো হবেই। ঠাকুমা ছুটি দিল। কয়েকটা দিন একটু অসুবিধে হবে ঠিকই, কিন্তু কী আর করা!
ঠিকে কাজের লোক খোঁজা শুরু হয়ে গেল। এত সহজে কি আর পাওয়া যায়! কারুর তো এত্ত পয়সার খাই যে ঠাকুমা বলল, “দূর দূর...। এর চেয়ে বউমা নিজেই করে নাও কয়েকটা দিন। এত টাকার খাই! বাপ রে বাপ!”
এরকমই অবস্থা যখন, তখন একদিন একটা ব্যাপার ঘটল।
ডিসেম্বর-এর শীত। ভালোই ঠাণ্ডা ভাব বাতাসে। দুপুরের দিকটায় মা একটু ঘুমিয়ে গেছিল বারান্দায়। বাইরে সুন্দর রোদ উঠেছে। আমরা খেলছিলাম সামনের বাগানে। ঠাকুমা গেছিল পাশের রতন দিদার বাড়ি আড্ডা দিতে। বাবা অফিসে। নিঝুম দুপুরে দূরে ফেরিওয়ালার ডাক। রাস্তায় তেমন কেউ নেই। কয়েকটা কুকুর ল্যাদ খেয়ে শুয়ে জিরোচ্ছিল।
হঠাৎই কোথা থেকে একটা ছোট্ট, বেঁটেখাটো, কালো কুচকুচে চেহারার লোক এসে আমাদের গেটে হাঁক দিল। প্রায় ধড়মড়িয়ে উঠে মা তো গেল বেজায় চটে।
“কে ভাই তুমি? এমন হাঁক-ডাক করছ দুপুরে। কী চাই?” বলল মা।
লোকটা লাজুক লাজুক মুখে, একটু বিনয়ের সুরে একটু থেমে থেমে বলল, “মা আমি ঐ মানে... কাজের খোঁজে। আপনারা লোক খুঁজতিছেন শুনলুম... তাই... তাই আ... আমি... ।”
আমরা বেশ অবাক। কে রে বাবা, চিনি না জানি না। হঠাৎ কাজের খোঁজে এখানেই বা এল কেন? জানল কেমন করে আমাদের লোকের দরকার? একে তো কোনোদিন পাড়ায় দেখিনি!
প্রশ্ন করতেই আবার সেই লাজুক মুখে লোকটা বলল, “ঐ আমাকে পিসিমা পাঠালেন যে - আপনাদের রানি পিসিমণি... বললে গণেশ, ওদের লোক দরকার, তুই যা দিকি... তাই আমি”। পিসিমা মানে আমাদের পিসি –রানি পিসি। এই রানি পিসিই আমাদের আগের লোকটাকে জোগাড় করে দিয়েছিল। কিন্তু পিসি জানল কেমন করে আমাদের লোকের দরকার।
তখন কিন্তু এত মোবাইল ফোন-এর চল ছিল না। মা একটু চুপ করে থেকে কী যেন ভাবল। পিসি ক’দিন আগেই আমাদের বাড়ি ঘুরতে এসেছিল। তখনই মা হয়তো বলেছিল কাজের লোকের কথা। পিসির অনেক বড়োলোক বাড়িতে বিয়ে হয়েছিল। বিশাল বাড়িতে কাজের লোকের ছড়াছড়ি ছিল তাদের। তাদেরই কাউকে হয়তো পাঠিয়ে দিয়ে থাকবে।
যাই হোক, অনেক ভেবেচিন্তে, ঠাকুমা আসার পর গোলবৈঠক করে সেই কালো কুচকুচে লোকটাকে রাখা হল আমাদের ঠিকে কাজের লোক হিসেবে।

প্রথম প্রথম মা তো ভেবেই পাচ্ছিল না এই ছোটোখাটো, রোগা লোকটা কেমন করে এত বড়ো বাড়ির এতগুলো কাজ সামলাবে! বহুবার তাকে জিজ্ঞেসও করা হল, “ভাই তুমি পারবে তো?”
উত্তরে শুধু লাজুক হেসে লোকটা মাথা নেড়েছিল। কিন্তু তখন কি আর জানতাম আমরা, কপালে কী লেখা আছে!
ক’দিনেই গণেশ নামক লোকটা কাজে পটু হয়ে গেল। মা যা বলে, প্রায় সঙ্গে সঙ্গে কি জাদু মন্ত্রবলে নিমেষেই করে ফেলে সে। মা তো খুবই খুশি। ঠাকুমার পান সেজে রাখা থেকে ঠাকুরের ফুল তোলা, গরম জল করা থেকে বাগানের ফুলে জল দেওয়া, সবই সে নিমেষে শেষ করে। গোটা বাড়িটা কী সুন্দর গোছগাছ করে রাখে সব কিছু, ধুয়েমুছে এক্কেবারে ঝকঝকে তকতকে করে রাখে সে।
প্রথম প্রথম সন্দেহ হয়নি। কিন্তু ধীরে ধীরে কেমন যেন মনে হতে লাগল।
মা ঠাকুমা প্রায়ই বলাবলি করত। কী’করে ও সব কাজ নিমেষে করে ফেলে? অথচ একটুও হাঁপায় না? সন্দেহ দানা বাঁধল একটি খুব আশ্চর্য ব্যাপারে।
আমার জন্মদিন ছিল সেদিন। জানুয়ারি মাস। প্রবল ঠাণ্ডায় হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে যায়। সেদিন সকাল থেকেই অনেক কাজ, মা প্রায় পাগল পাগল। দুপুরের পর লোকজন আসবে। খুবই অল্প লোকজন, তবুও তাদের জন্যে রান্না তো করতে হবে। আমার জন্মদিনের কেক তখনও আনা হয়নি। তখন তো আর এখনের মতো বাড়িতে দিয়ে যেত না।
মা গণেশকে বলে গেল রান্নার আয়োজন করতে। কেক নিয়ে ফিরেই মা হাত লাগাবে। একা এতগুলো রান্না লোকটা পারবে না।
সবাই যে যার কাজে ব্যস্ত। ঠাকুমাও মন্দিরে পূজা দিতে গেছে আমার নামে। ভাই ঘরে টিভি দেখছে। আমি আর মা বেরোলাম। আধঘণ্টার ব্যপার। কেক নিয়েই এসে পড়ব জলদি।
কিন্তু কেক এনে যা দেখলাম তাতে আমি মা ভাই ঠাকুমা - সকলের চোখ কপালে। আধা ঘণ্টার ভেতরে প্রায় পঁচিশ জনের রান্না খতম!! পোলাও, চিলি চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, ফিশ কাটলেট... সব হয়ে গেছে!
মা হাঁ মুখ করে গণেশকে বলল, “তুমি... এত কিছু... কী করে এত তাড়াতাড়ি... মানে আমি যখন গেলাম কিছুই... হয়নি... ।” গণেশ কিন্তু সেই লাজুক মুখেই চুপ করে দাঁড়িয়ে রইল। শুধু একটু হেসে বলল, “মা... এ আর এমন কী, হয়ে গেল আর কি।”
কেউ কিছুই বললাম না। সেদিন রান্না খেয়ে সবাই দুর্দান্ত বলেছিল ঠিকই, কিন্তু মা আর ঠাকুমার রাতের ঘুম উড়ে গেছিল। কিছুতেই একটা লোকের পক্ষে একা এতজনের রান্না, তাও প্রায় এত কম সময় করে ফেলা সম্ভবই নয়। মা আর আমি যখন বের হই, তখন কিচ্ছু হয়নি, এমনকি কুটনো কোটাও না। তাহলে কি লোকটা জাদু জানে?
এরপর চুপিচুপি কিন্তু গণেশের ওপর মা চোখ রাখতে শুরু করল। চুপচাপ লোকটা, রোগা, কালো, মাথাটা ইয়া বড়ো টাক। শুধু সরু একটা গোঁফ ছিল তার। পরনে ধুতি ও একটা সাদা পাঞ্জাবি। ভারি সাদামাটা গ্রামের লোক ছিল সে। কিন্তু মুখে সব সময় কেমন একটা হাসি হাসি কৌতুক ভাব। যেন ঠাট্টা করত আমাদের নিয়ে। মাকে অবাক করে দুই বালতি কাপড় সে পনেরো মিনিটে কেচে আনত, বিশাল চারটে ঘর ঝাঁটিয়ে মুছে ফেলত প্রায় দশ মিনিটে। ঘর যে নোংরা কোনোমতে ঝাঁটানো তা নয়, একেবারে ঝকঝকে। ছাদ থেকে কাপড় জামা আনত যেন হাওয়ায় ভর করে, গাছ ভরতি ফুল আর মগডালের ফল কেমন করে যে পাঁচ মিনিটে পেড়ে আনত কে জানে! বাজারে এই যেত এই আসত, কিন্তু পুরো ব্যাগ ভর্তি বাজার নিয়ে। একটুও হাঁপাত না কিন্তু। বাজার আমাদের বাড়ি থেকে প্রায় আধঘণ্টার রাস্তা। রিকশায় গেলেও, বাজার করে আসতে প্রায় একঘণ্টা তো লাগেই - পনেরো মিনিট লাগে না নিশ্চয়ই।
কথাটা বাবার কানে গেলেও, হাজার লক্ষ করেও ব্যাপার বোঝা গেল না।
বোঝা গেল কিছুদিন পর। বুড়ো তপন তার পরিবার নিয়ে ফিরে এল যেদিন, তার আগের দিনই গণেশ হাওয়া। কোথায় যে গেল, কাউকে কিছু বলেও যায়নি। অনেক খুঁজেও কিন্তু তাকে পাওয়া গেল না। পুলিশে ব্যাপারখানা জানানো হবে ঠিক হল। এবং জানানো হলও। বাবা মা আমরা সকলেই খুব চিন্তিত। একটা লোক বেমালুম হাওয়া কী করে হয়! সে এমন তো ছিল না। যেখানেই যেত, মা বা ঠাকুমাকে বলেই যেত। তার কোনও বিপদ হল না তো?!
নাহ! বিপদ হয়নি। বিপদ হয়েছিল যখন আমরা টের পেলাম ব্যাপারটা।
রানি পিসি এল আমাদের বাড়ি ঘুরতে। জানুয়ারি মাসের শেষ তখন। মা গণেশের কাণ্ড জানাতেই পিসি তো থ!
পান মুখে পিসি গোল্লা গোল্লা চোখ কপালে তুলে বলল, “কী বলিস রে বীথি? আমি পাঠিয়েছি কাকে??”
মা তো আরও থ। বলল, “দিদি, আরে তুমি যে আমায় লোক পাঠালে... আরে ঐ গণেশ গো। কালো কুচকুচে বেঁটে লোকটা...”
“দূর, কে কালো লোক রে। আমি কাউকে তো পাঠাইনি। তুই বললি বলে ঠিক করছিলাম কাউকে পাঠানো যায় নাকি।”
থমথমে পরিবেশ।
পাশেই ঠাকুমা আর রতন দিদা বসেছিল। আর দিদার পা টিপছিল তার চাকর মেয়েটা ননি। ননি কিন্তু ভয় ভয় চোখে একবার আমাদের দিকে তাকিয়েই মুখ নামিয়ে নিয়েছিল। এরকমই যখন আমাদের মধ্যে কথা চলছে, কেউ বুঝতে পারছে না ব্যাপারখানা কী, ননি তখন ভয়ে ভয়ে বলল, “কাকিমা, একটা কথা বলব?”
সব্বাই তাকাল ওর দিকে। ও কী বলবে? মা বলল, “কী রে, তুই কী বলবি আবার?”
ননি আরও একবার সভয়ে গোল বৈঠকে বসা ঠাকুমা পিসিমা মা’দের দিকে তাকিয়ে বলল, “কাকিমা... তোমাদের ঐ গণেশ কিন্তু একটু... মানে মানুষ না...।”
ঠাকুমা তো ক্ষেপে গেল, “আং বাং কী বলিস রে ননি! মানুষ না? মানেটা কী... যা ইচ্ছে...!”
ননি কিন্তু বলেই চলল, “ঠাকুমা, আমি নিজের চক্ষে যা দেখেছি, তা অস্বীকার করতে পারি না যে।”
মা আবার বলল, “কী দেখেছিস? কী হয়েছে বল?”
“আমি তোমাদের পেছনের বাগান দিয়ে কুলের আচার নিয়ে আসছিলাম। দিদা আমায় পাঠিয়েছিল তোমাদের দিতে। তা বেড়া টপকাতে যাব, দেখি কিনা তোমাদের গণেশ জবা গাছের ফুল তুলছে।”
একটু হাঁপ নিয়ে ননি আবার বলতে শুরু করল, “জবা গাছে ভর্তি ফুল। একদম মগডালে এত্ত বড়ো একখানা জবা ফুটেছিল। গণেশ... গণেশ... কাকিমা... ওর হাতটা দেখি ইয়া লম্বা হয়ে গেল! টুক করে মগডালের ফুলটা পেড়ে আনল গো। আমি ভয়ে আর এগোইনি। ভূত...!”
সবাই গোল্লা চোখ করে শুনছিল। ননির কথা শেষ হতেই মুখ চাওয়া-চাওয়ি করতে লাগল। ঠাকুমা তো ধমকে দিল ওকে। কিছুতেই বিশ্বাস করবে না। ননি বলতে লাগল, “ঠাকুমা আমি নিজের চোখে... আমি দেখেছি...” ইত্যাদি ইত্যাদি।
যে যার বাড়ি গেল চুপচাপ। কারও মুখে কথা নেই। শুকনো মুখে ঠাকুমা ঠাকুরের সামনে বসল। পিসিমা পান মুখে মা’কে বোঝাতে লাগল ননি ভুলভাল দেখেছে।
কিন্তু যতই যাই হোক, মনের সন্দেহটা যে ঠিক সেটা আমরা সকলেই জানতাম। ওরকম আশ্চর্য ক্ষমতা আমরা নিজেরাও তো টের পেয়েছিলাম। তাহলে কি সত্যি গণেশ ভূত? তার রহস্য আজও জানি না। আজ আমরা ওই বাড়িতেও থাকি না। অনেক বছর কেটে গেছে।
কিন্তু গণেশ ও তার অদ্ভুতুড়ে কাণ্ডের মীমাংসা কিন্তু কেউ করতে পারিনি আমরা।।
(সত্য ঘটনা অবলম্বনে)
_____
ছবিঃ আন্তর্জাল