Showing posts with label নীলেশ নন্দী. Show all posts
Showing posts with label নীলেশ নন্দী. Show all posts

ছড়া-কবিতা:: মায়ের প্রতি আর্জি - নীলেশ নন্দী


মায়ের প্রতি আর্জি
নীলেশ নন্দী

বর্ষা শেষে শরৎ এল
আকাশে মেঘের ভেলা,
চতুর্দিকে আনন্দ রব
রঙিন ফুলের মেলা,
টইটুম্বুর দিঘির জলে
শাপলা-শালুক হাসে,
শিউলি ফুলের মিষ্টি সুবাস
হাওয়ার তালে ভাসে;
আগমনী সুর উঠল বেজে
মা আসছেন তাই,
মায়ের প্রতি একটা আর্জি
রাখতে আমি চাই,
পথের ধারের মানুষ যেন
থাকে হাসিমুখে,
ক্ষুধার জ্বালায় তাদেরকে আর
থাকতে না হয় দুখে।
----------
ছবি - আন্তর্জাল

ছড়া-কবিতা:: শরতে - নীলেশ নন্দী


শরতে
নীলেশ নন্দী

বর্ষা শেষে মেঘের দলের
নেইকো তাড়া আর,
আকাশে ভেসে তরির মতো
করছে পারাপার,
ছোট্ট খোকন বারান্দাতে
দেখছে বসে চেয়ে,
এমন সময় বুলবুলিটা
আসলো উড়ে ধেয়ে;
বলল, “তুমি দেখবে এসো
আমার পিছু পিছু,
বনেতে কত কাশ ফুটেছে,
পুকুরে শালুক কিছু,
ছোট্ট খোকন দেখল গিয়ে
জুড়োলো তার প্রাণ,
মা আসছেন ক’দিন পরেই
বাতাসে পুজোর ঘ্রাণ।
----------
ছবি - আন্তর্জাল

ছড়া-কবিতা:: পুজোর আমেজ - নীলেশ নন্দী


পুজোর আমেজ
নীলেশ নন্দী

শরৎ ভোরে যেই কেটেছে
বিষাদ মেঘের রাশি,
সুয্যিমামা মুখটি তুলে
দিলেন অমল হাসি।

আকাশ-বাতাস আকুল করে
শিউলি ফুলের ঘ্রাণ,
মায়ের আসার আনন্দে আজ
পুলক ভরা প্রাণ।

পুজো মানে নতুন জামা
নতুন গল্প-বই,
পুজোবার কয়েকটি দিন
করব যে হইচই।

ঢাক, কাঁসর আর শঙ্খধ্বনি
বাজছে যে ওই দূরে,
পুজোর আমেজ ফিরে এল
আগমনী সুরে।
----------
ছবি - আন্তর্জাল