Showing posts with label জয়ন্ত মুখোপাধ্যায়. Show all posts
Showing posts with label জয়ন্ত মুখোপাধ্যায়. Show all posts

ছড়া-কবিতা:: বইমেলা - জয়ন্ত মুখোপাধ্যায়


বইমেলা
জয়ন্ত মুখোপাধ্যায়

ধুলো মাখা পথ, অজানা শপথ
মেলা প্রাঙ্গণ জুড়ে আছে ঘ্রাণ
কত অক্ষর খুঁজে পেল ঘর
মলাটের মাঝে ভাষা পায় প্রাণ।

এত কোলাহল, ঘিরে আছে স্টল
বইপোকা যত, তৃপ্ত মনন
শীতের আমেজ, আনন্দ দে
কবিতার ভিড়ে ভরা আশ্রম।

মুখরিত গান, কিছু অভিমান
চেনা পরিচিতি মিলন মেলায়
জ্ঞানের পিপাসা, সেই ভালবাসা
যত বেশি পড়ি, মন তত চায়।

দিন পালটায়, মেলা আসে যায়
অপেক্ষা থাকে সম্বৎসর
প্রিয় এই মেলা, শীতের দুবেলা
লেখক পাঠক ঘেরা প্রান্তর।
----------

ছড়া-কবিতা:: ভাদু কবি - জয়ন্ত মুখোপাধ্যায়


ভাদু কবি
জয়ন্ত মুখোপাধ্যায়

সরলতা চোখে মুখে
এমনিতে ভালো ছেলে ভাদু
অকারণে তবু তাকে
পাড়ায় সকলে বলে, ‘হাঁদু’!

অঙ্কে যদিও কাঁচা
তবুও সে ক্লাসে পাশ করে
সবাই প্রথম হলে
থাকবে কে আর অনাদরে!

খাতা পেন নিয়ে শুধু
পংক্তি সাজাতে চায় ভাদু
এটুকু বুঝতে পারে
ছন্দেতে আছে কোনো জাদু।

বৃথা হয় হয়রানি
অক্ষরে ভরে যায় পাতা
দিন যায়, রাত আসে
তবু কেন হয় না কবিতা!

দোকানে, বাজারে গেলে
ভাবুক ভাদুর মাথা ঘোরে
সরষে আনতে গিয়ে
জিরে গুঁড়ো কিনে ব্যাগে ভরে।

মন নেই কোনো কাজে
ভুল করে ভাদু অকারণে
বাড়িতে, বাইরে তাকে
বকাঝকা করে জনে জনে।

দিনেতে স্বপ্ন দেখে
খাওয়া ঘুম সব কিছু ভুলে
মনেতে প্রশ্ন তার,
‘কবি গড়া হয় কোন স্কুলে?

শেষে হয়ে বৈরাগী
মুছে দেয় বাবার পদবি
কবিতা নিছক ব্যাধি
আজ তার নাম - ভাদু কবি।
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প