বায়োস্কোপ:: রাজস্থানে রক্তপাত - সত্যজিৎ দাশগুপ্ত


রাজস্থানে রক্তপাত
সত্যজিৎ দাশগুপ্ত

আর পাঁচটা বাঙালীর মতো ওদের সঙ্গে আমার বন্ধুত্ব ছেলেবেলা থেকেইকখন যে ওরা আমার জীবনের একটা অংশ হয়ে গেল, তা টেরও পাইনি। দিন নেই রাত নেই, সকাল সন্ধের হিসেব নেই, ওদের সঙ্গে যে কত সময় কাটিয়েছি, তার হিসেব রাখিনি। কখনও দুপুরে আয়েশ করে ওদের ২১ রজনী সেন রোডের বাড়িতে বসে সঙ্গে আড্ডা দিয়েছি আবার কখনও শীতে বেরিয়ে পড়েছি বাক্স-প্যাঁটরা নিয়ে, পাড়ি দিয়েছি হাজার মাইল পথ। গাড়ি নিয়ে চষে ফেলেছি থর মরুভূমির দেশটাআগে জানতাম না, শীতে মরুভূমি এতটা মায়াময় হয়। ওদের পাল্লায় পড়ে সেটা জেনেছিলাম। একবার গাড়ির চাকা ফেটে গেছিল। কিন্তু দমে যাইনি। "কুছ পরোয়া নেহি" - এই ভেবে উটের পিঠে চেপে বসেছি।
এই উট সম্পর্কে সেই টাক মাথা লোকটা বলেছিল - "আশ্চর্য জানোয়ার! নিজের পাকস্থলীর মধ্যে ওয়াটার সাপ্লাই, এই বয়ে নিয়ে দূর, দূর পথ হেঁটে চলেছে"
তাতে আবার রোগা ছিপছিপে লোকটা সেই ভুল শুধরে দিয়ে বলেছিল - "উটের জলটা আসে উটের কুঁজ থেকে। পাকস্থলীর সাথে তার কোনও সম্পর্ক নেই!"
টাকমাথা লোকটা নাকি তাঁর লেখা একটা বইতে এই ভুল তথ্যটাই এতদিন চালাচ্ছিলেন। ছটা এডিশনও নাকি বের হয়ে গেছিল। তাতে সেই রোগা লোকটা বলেছিল, "সাতে শুধরে নেবেন!"
হাঃ হাঃ হাঃ - হাসি চাপা যায়! তবে সামনে হাসতে পারিনি বটে! পরে অবশ্য সেই টেকো লেখক উটের পিঠে চাপার পর প্রায় ভিরমি খেয়ে উট সম্পর্কে বলেছিলেন, "ভয়ানক জানোয়ার!"
ওদের সঙ্গে সেবার রাজস্থানে গিয়ে দেখি, মরুভূমির পরতে পরতে রোমাঞ্চ! যেদিকে তাকাও, শুধু কেল্লা আর কেল্লাসেগুলো দেখে তো আরেকটা টাকমাথা লোক বলেই ফেলল, "এরা তো দেখছি যেখানে পেরেছে একটা করে কেল্লা গুঁজে রেখেছে!"
এই দুই টেকো ছাড়াও আরও এক টেকোর সঙ্গে আমার সেবার পরিচয় হয়েছিল। সে আবার নিজেকে ডাক্তার বলে পরিচয় দিচ্ছিল। পরে অবশ্য জেনেছিলাম সে বেটা এক মহা ধড়িবাজ। ডাক্তার-ফাক্তার সব ভাঁওতা! আসলে সে ওই বাচ্চা মিষ্টি ছেলেটাকে হাতিয়ার করে গুপ্তধন হাতাবার ধান্দায় ছিল।
আমি কী নিয়ে কথা বলছি, তা বোঝা যাচ্ছে কি? বুঝেও ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? যাক, আর কাউকে অন্ধকারে রাখব না। যারা আন্দাজ করে ফেলেছ, তাদেরকে মাথা ঝুঁকিয়ে "হ্যাঁ" বলি। আর যারা এখনও মাথা চুলকাচ্ছো, তাদেরকে অন্ধকার থেকে বের করে আনি।
তোমরা ঠিকই ধরেছ। আমি বাংলা ছবির মাইল স্টোন, "সোনার কেল্লা" ছবিটার কথাই বলছি। বাংলার অন্যতম সেরা ছোটোদের ছবির কথা উঠলে এই ছবির নাম আসবেই। তবে সোনার কেল্লাকে আমি কিন্তু বাংলার "অন্যতম সেরা" ছবি বলতে নারাজ। আমার মতে এ'ছবি পৃথিবীর অন্যতম সেরা। আর তা শুধু ছোটোদের নয়, আমাদের সবার। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক শ্রী সত্যজিৎ রায়ের এক অমর সৃষ্টি
যেই দিন সত্যজিৎ রায় তাঁর সোনার ছবিকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন, সেটা ছিল ১৯৭৪-এর ২৭ শে ডিসেম্বর। দেখতে দেখতে প্রায় পঁয়তাল্লিশটা বছর হতে চলল! আমাদের মধ্যে কতজন তো তখন জন্মগ্রহণই করিনি! সেবার জাতীয় পুরস্কার পেয়েছিল এই ছবিতা ছাড়া, সেরা শিশু অভিনেতা (কুশল চক্রবর্তী), সেরা চিত্রনাট্য (সত্যজিৎ রায়) আর সেরা পরিচালকের (সত্যজিৎ রায়) পুরস্কারও এসেছিল এই ছবির জন্য। এ ছাড়া চিকাগো ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশনও পেয়েছিল ছবিটি।
১৯৭৪-এর আগের তিন বছর দর্শক কিন্তু ছিল পাঠক। মানে, গল্পটা লেখা হয়েছিল ১৯৭১-এ। আপাদমস্তক রোমাঞ্চকর গোয়েন্দা গল্প বলতে আমরা যা বুঝি, "সোনার কেল্লা" হল তাই। অপরাধীর পরিচয় পেতে আমাদের শেষ অবধি গল্পটা পড়তে হয়। অবশ্য ছবিতে কিন্তু গল্পটা আমরা পাই একটু অন্যভাবে। সে আলোচনায় আমি পরে আসছি।
ছবিটা ইতিহাস হয়ে ওঠার পেছনে ছিল এর গল্প আর চিত্রনাট্য। সাহিত্য যখন ছবিতে প্রকাশ পায়, তখন তার গতি বা ধারা অনেকসময় পরিবর্তিত হয়। পৃথিবীবিখ্যাত চিত্রনাট্যকার বা পরিচালকরা এই ধারাতেই বিশ্বাসী।
ছবিতে আমরা দেখতে পাই, কলকাতা শহরের এক নিম্নবিত্ত পরিবারের ছেলে মুকুল ধরের জীবনে আচমকা একটা পরিবর্তন আসে। মাত্র ছ'বছরের মুকুল চলে যায় প্রায় সাতশো বছর পেছনে। সে দাবি করে, বহুদিন আগে কোনও এক সোনার কেল্লার ভেতরের একটা শহরে সে থাকতছোটোবেলায় সে যুদ্ধ দেখেছে। রাজা দেখেছে। ময়ূরও দেখেছে। উটও দেখেছে। তার দেখা জিনিসগুলোর ছবিও আঁকে সে। কিন্তু সেগুলো সে করে রাত তিনটের সময় উঠে! গড়গড়িয়ে সে বলতে থাকে সাতশো বছর আগেকার কথা! মুকুলের বাবা-মায়ের আর বুঝতে বাকি থাকে না যে তাঁদের ছেলে জাতিস্মর! মানে তার পুনর্জন্ম হয়েছে। এই জন্মে তার আগের জন্মের কথা মনে পড়ছে! ছেলের অবস্থা দেখে চোখ কপালে ওঠে বাবা-মায়ের। কিন্তু আসল বিপদটা সে ডেকে আনে সাংবাদিকদের সামনে দামি পাথরের কথা বলে। সে বলে যে, সে তার বাড়িতে দামি দামি পাথর দেখেছে সে কথা কাগজে বেরোয় আর মুকুল পড়ে যায় দুজন দুষ্টু লোকের চোখে। অপহরণ করার চেষ্টা করা হয় তাকে। কারণ ততক্ষণে চারদিকে চাউর হয়ে গেছে যে মুকুলের সেই সোনার কেল্লার বাড়িতে গুপ্তধন ছিল। তাই শেষমেশ ফেলুদার শরণাপন্ন হন মুকুলের বাবা।
এবার মঞ্চে প্রবেশ ফেলুদার (ভালো নাম, প্রদোষ চন্দ্র মিত্র)পেশায় সে একজন প্রাইভেট গোয়েন্দা। কেস নিয়ে হিল্লি-দিল্লি করে বেড়ায়। তোপসে (তপেশ রঞ্জন মিত্র) হল ফেলুদার খুড়তুতো ভাই। সে ফেলুদার নেওটা। তোপসে নামটা ফেলুদারই ভালোবেসে দেওয়া। আর সব থেকে বড়ো কথা, সে হল ফেলুদার সহকারী।
মুকুলের কেসটা নিতে রাজি হয় ফেলুদা। কেল্লা, উট, ময়ূর - এই সবের কথা শুনে ফেলুদা আন্দাজ করে মুকুল হয়তো পশ্চিম রাজস্থানের কথাই বলছে। মুকুল অবশ্য ততক্ষণে তার ডাক্তার জেঠুর (ডঃ হেমাঙ্গ হাজরা) সঙ্গে রাজস্থানের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে সোনার কেল্লা দেখার আশায়।
এই ডঃ হাজরার ব্যাপারে আগে থেকেই একটু জেনে নিতে চায় ফেলুদা। তাই সে এবারে যায় তার সবজান্তা সিধু জ্যাঠার বাড়ি। এখানেই সে জানতে পারে দুই শয়তান ভবানন্দ আর তার চেলার সম্পর্কেএলাহাবাদে অনেকদিন আগে ডঃ হাজরা নাকি এই ভবানন্দ আর তার চেলানন্দকে বেজায় জব্দ করেছিল।
মজার ব্যাপার, এই ভবানন্দ আর তার চেলানন্দই হল এই "সোনার কেল্লা" ছবির দুই দুষ্টু লোক। মানে চলতি কথায় "ভিলেন"। ভবানন্দর আসল নাম, এম বর্মণ। আর তার চেলা মন্দার বোস। মুকুলদের সঙ্গে একই ট্রেনে তারাও এবার রওনা দেয় রাজস্থানের উদ্দেশে। দেখতে দেখতে পরিচয়ও করে ফেলে মুকুলদের সঙ্গে। ডঃ হাজরা কিন্তু কোনও ভাবেই তাদের চিনতে পারেন না। কারণ, এলাহাবাদের ঘটনার পর কেটে গেছে বহুদিন। আর তাদের চেহারারও পরিবর্তন হয়েছে অনেক।
এবার সুযোগ বুঝে ডঃ হাজরাকে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দেয় মন্দার বোস। আর আসল ডঃ হাজরার জায়গায় এবার ডঃ হাজরা সেজে বসে মিঃ বর্মণ! তারপর মুকুলকে হাত করে এই বলে যে, তারাই এবার ওকে সোনার কেল্লা দেখাবে। উদ্দেশ্য, মুকুলের আগের জন্মের বাড়ি খুঁজে বের করা আর তারপর সেখান থেকে গুপ্তধন হাতানো।
কিন্তু জয়পুরে সার্কিট হাউসে পৌঁছে মুকুলের বাবার করা একটা টেলিগ্রাম পেয়ে টনক নড়ে দুজনের। কোনও এক পি সি মিটার (ফেলুদা) নাকি মুকুলের সাহায্যে আসছে এইখানেই! ফেলুদাকে শায়েস্তা করার জন্য এবার তৈরি হয় দুই শয়তান। আসলে এই টেলিগ্রামটা মুকুলের বাবা করেছিলেন আসল ডঃ হাজরার উদ্দেশে। দুর্ভাগ্যবশত তা দুষ্টু লোকেদের হাতে চলে আসে।
ফেলুদা তখন ট্রেনে। সঙ্গে তোপসে। এবার ট্রেন কানপুরে ঢুকতে, তাদের কামরায় এসে ঢোকেন এক আশ্চর্য মানুষ। পাঁচ ফুটের সামান্য বেশি উচ্চতা। মাথা ভর্তি টাক। পরনে ধুতি আর পাঞ্জাবী। মাফলারে ঢাকা কান আর মাথা, আর তার সঙ্গে জহর কোট। ভদ্রলোকের হিন্দি শুনেই বোঝা যায় উনি বাঙালি।
হ্যাঁ, ঠিকই ধরেছ সবাই। বই-এর পাতা থেকে এই প্রথমবার জীবন্ত হয়ে উঠতে দেখি বাংলা সাহিত্য তথা বাংলা ছবির জগতের অন্যতম জনপ্রিয় চরিত্র "জটায়ু"-কেভালো নাম (ওনার ভাষায় - "আসলি নাম") লালমোহন গাঙ্গুলী। অবশ্য এই পদবিটাকেও উনি কায়দা করে বলেন - "গাঙ্গোওলী"। প্রাথমিক পরিচয়েই ইনি যেমন ফেলুদার সম্পর্কে মুগ্ধ হয়ে যান, তেমনই আমরাও সবাই ভালোবেসে ফেলি ওনাকেফেলুদা রাজস্থান যাচ্ছে শুনে উনি ঝুলে পড়তে চান ফেলুদা আর তোপসের সঙ্গে। জানান, ভয়ডর বলে ওনার কিছু নেই। তাই ফেলুদা যখন ওনাকে বলেন যে পথে বিপদ-আপদ আসতে পারে, তখন উনি হো হো করে হেসে বলেন, "আপনি বিপদের ভয় দেখাচ্ছেন? জটায়ুকে!" যদিও উটের পিঠে চড়তে গিয়ে বেচারার নাকানি-চোবানি খেয়ে একসার অবস্থা হয়। মানে বিপদ না আসা পর্যন্ত জটায়ুর বিপদে কোনও ভয় নেই! শুরু হয় পথ চলা থ্রি মাস্কেটিয়ার্সের।
প্রায় অনেক রাত করেই ফেলুদা এন্ড কোং পৌঁছয় জয়পুরের সার্কিট হাউসে। কিন্তু তাকে স্বাগতম জানানো হয় বিষাক্ত কাঁকড়া বিছারূপী মৃত্যু ফাঁদ পেতে রেখে। এর কারসাজি অবশ্যই মন্দার বোসের। যদিও বুদ্ধিটা নকল ডঃ হাজরার। সেবার তোপসের তৎপরতায় প্রাণ বাঁচে ফেলুদার। অবশ্য তারা কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারে না এর পেছনে আসলে হাত কাদের।
সবাই মিলে এবার শুরু হয় সোনার কেল্লা খোঁজা। আর এখানেই আসল উত্তেজনা! কারণ ফেলুদারা জানতেই পারে না যে নকল ডঃ হাজরা বা মন্দার বোসই আসলে দুষ্টু লোক! মূর্তিমান শয়তান!
তাহলে? মুকুলের কী হবে? ফেলুদা এন্ড কম্পানির কি তবে ঘোর বিপদ? কিন্তু শেষমেশ গল্পে মোড় আসে।  
মুকুলকে হিপ্নোটাইজ (সম্মোহিত) করে দুষ্টু লোকেরা জানতে পারে মুকুলের সোনার কেল্লা আসলে জয়সলমীরে। আর ফেলুদা তা জানার আগেই তারা মুকুলকে নিয়ে পাড়ি দেয় সেখানেকিন্তু ফেলুদাও কম ধূর্ত নয়। নামের বানান দেখে সে জেনে ফেলে নকল ডঃ হাজরার আসল পরিচয়। তোপসে আর জটায়ুকে নিয়ে সেও গিয়ে পৌঁছয় জয়সলমীর। উদ্ধার করে মুকুলকে।
টান টান উত্তেজনার মধ্যে চেয়ারের হাতল খামচে ধরে ছবিটা দেখতে হয়েছিল দর্শককে। এর অন্যতম কারণ কিন্তু এর দুর্ধর্ষ চিত্রনাট্য। সারা ছবি জুড়ে প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু ঘটছে। বই পড়লে দেখা যাবে রহস্য উদ্ঘাটন হচ্ছে একেবারে শেষে। কিন্তু ছবিতে আমরা খল চরিত্রকে আগেই চিনে ফেলেছি। এই ছবির গল্প বলা হয়েছে অনেকটা বিখ্যাত চিত্র পরিচালক অ্যালফ্রেড হিচককের ঢংয়ে। মানে, প্রথমেই দর্শক জেনে যাচ্ছে আসল অপরাধীর পরিচয়। এইসব ক্ষেত্রে কিন্তু দর্শকের বাকি ছবি দেখার ইচ্ছেটাই চলে যেতে পারে। তাই তাদেরকে দর্শকাসনে বসিয়ে রাখার জন্য ভীষণ মুন্সিয়ানার প্রয়োজন হয়। আর তা আমাদের প্রিয় সত্যজিৎ রায় কতটা ভালোভাবে দেখিয়েছেন তা বিশ্লেষন করার সাহস আমার নেই।
আমার এক বন্ধু একবার বলেছিল, সত্যজিৎ রায় তাঁর পাঠক বা দর্শককে কখন যে সব তথ্য গুলে খাইয়ে দেবেন তা ঘুণাক্ষরেও টের পাওয়া যাবে না। কথাটা কিন্তু ভীষনভাবে খাঁটি। জটায়ু আর ফেলুদার কথাবার্তার মধ্যেই আমরা যেমন জানতে পারি আরাবল্লীর ডাকাতরা তাদের শত্রুদের শাস্তিস্বরূপ নাক কেটে দেয়আবার ফেলুদার থেকেই জানতে পারি  উটের পানীয় জল থাকে তার কুঁজের মধ্যে। এই কুঁজটা আসলে চর্বি যা সে অক্সিডাইজ করে জল তৈরি করে শরীরে জলের প্রয়োজন মেটায়। তেমনই জয়পুর থেকে জয়সলমীরের দূরত্ব যে প্রায় দেড়শো মাইল (ছবিতে নকল ডঃ হাজরা মন্দার বোসকে জানাচ্ছে, "আসতে যেতে প্রায় তিনশো মাইল"), তাও আমরা জানতে পারি এই ছবি থেকে। নিঃসন্দেহে রাজস্থান ঘুরতে গেলে এই তথ্য আমাদের কাজে লাগবে।
আর সিধু জ্যাঠাই তো আমাদের বলেন আই সি এস ইংলিশ ম্যান উইলিয়াম জেমস হারশে-এর কথা, যিনি কিনা আঙুলের ছাপ থেকে অপরাধী ধরার উপায় সম্পর্কে ১৮৮০ সালে ইংল্যান্ডের নেচার পত্রিকায় একটা চিঠি লেখেন।
তবে শুধুমাত্র চিত্রনাট্য বা কাহিনি নিয়ে আলোচনা করলে অন্যায় করা হয় ছবির ক্যামেরা বা এডিটিং-এর প্রতি। সৌমেন্দু রায়ের ক্যামেরা আজও আমাদের মুগ্ধ করে। রাজস্থানের দৃশ্যপট কী সাধারণভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, না দেখলে তার স্বাদ পাওয়া যাবে না। ছবি দেখতে দেখতে কখন যে আমরা ফেলুদাদের সঙ্গে রাজস্থানে পৌঁছে যাই তা টের পাই না। এর সিংহভাগ কৃতিত্ব কিন্তু অসাধার ক্যামেরার কাজেরবিশেষ করে উঠের পিঠে চেপে ফেলুদা, তোপসে আর জটায়ুর ট্রেনের পেছনে ধাওয়া করার দৃশ্যটা! এটা কিন্তু ছিল সত্যজিৎ রায়ের সব থেকে প্রিয় দৃশ্যগুলোর মধ্যে একটা। ক্যামেরা ছাড়াও আছে দুলাল দত্তর অসাধারণ এডিটিং।


এবার আসি ছবির সঙ্গীত ও আবহ বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথায়। যা না বললে একটা বিরাট শূন্যতা তৈরি হবে! এর সৃষ্টিকর্তাও স্বয়ং সত্যজিৎ রায়! ছবিতে রাজস্থানী পরিবেশ তৈরির পেছনে আবহর বিরাট হাত ছিল। সেখানকার লোকসঙ্গীতকে কী দারুণভাবে ব্যবহার করেছিলেন সত্যজিৎ রায়। এই মুহূর্তে আমার মনে পড়ছে সেই দৃশ্যটার কথা। যেখানে মাঝরাতে মন্দার বোস ফেলুদাকে খতম করার জন্য রামদেওরা স্টেশনে অপেক্ষা করছে। আর একদল লোক সেখানে প্রায় আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে গোল হয়ে বসে দেহাতি গান গাইছে। শোনা যায়, এক সময় ব্যক্তিগত জীবনে ওদের পেশা ছিল ডাকাতি! মজার ব্যাপার হল, যে গানটা আমরা শুনি, তার গলাও ছিল তাদেরই! ভাবা যায়! আর ছবির সেই মন মাতাল করা থিম মিউজিক? ছবিটা একবার দেখলে তা কানে বাজবে একশো বার! অনেকে তো (আমিও) সেটাকে আজকাল ফোনের রিং টোন হিসেবেও ব্যবহার করেন দেখেছি।
ছবির প্রতিটা চরিত্র আজও অমর। ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন, ভয়ডরহীন এক যুবক হল ছবির নায়ক। শ্রী প্রদোষ চন্দ্র মিত্র। মানে আমাদের প্রিয় ফেলুদা। স্বভাবে সামান্য গম্ভীর হলেও প্রয়োজনে কিন্তু রসিকতা করতে ছাড়ে না। অবশ্য যাই করুক না কেন, চোখ আর কান কিন্তু ফেলুদার সবসময় সচল। কোনোকিছুই নজর এড়ায় না তার। লালমোহনবাবুকে দেখেই বলে দেন তিনি বেশ কিছু দিন হল বাড়ি থেকে বেরিয়েছেনকারণ, তাঁর হাতের ঘড়ির ব্যান্ডের তলায় চামড়ার আসল রংটা তখন উঁকি দিচ্ছিল, যেটা কিনা ফেলুদার নজর এড়ায়নি। আর এর সঙ্গে আছে দুর্দান্ত উপস্থিত বুদ্ধি, যাতে করে যে কোনও প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করে নিতে পারে সে।
তাছাড়া সহজ সরল তোপসের (ফেলুদার ভালোবেসে দেওয়া নাম তোপসে) স্বভাব আমাদের মন কাড়েফেলুদা তার একাধারে বন্ধু আর শিক্ষক। তাকে সে যেমন ভালোবাসে তেমন শ্রদ্ধাও করে খুব।
আর শিশুসুলভ আচরণসম্পন্ন লালমোহনবাবু বা জটায়ু? প্রথম দেখায় আমরা জানতে পারি আজ পর্যন্ত উনি সাতাশখানা কাহিনি লিখেছে (ওনার কথায় - "আপ টু ডেট সাত্তাইশ কাহানিয়া লিখখি হ্যায়")এবার উনি যোধপুরের পটভূমিকা একটা কাহিনি লিখতে চান। কিন্তু তাঁর লেখাতে তথ্যে ভুল থাকে। পরবর্তীকালে আমরা দেখতে পাই, প্রায়ই ফেলুদা তাঁর লেখার ভুল ধরিয়ে দেয়। অবশ্য এত নামকরা লেখক হয়েও উনি কিন্তু ফেলুদার সব সমালোচনা ইতিবাচক ভাবেই গ্রহণ করেন এবং নিজের ভুল স্বীকার করে সবার সামনে জিভও কাটেন। ওনার গল্পের নামগুলোও আকর্ষণীয়! সাহারায় শিহরণ, ‘হন্ডুরাসে হাহাকার, বোর্নিওর বিভীষিকা’ বা নতুন বই দুর্ধর্ষ দুশমন- নামগুলো শুনলে মনে হতেই পারে এগুলো হয়তো কোনও হাসির গল্পের বই। অবশ্য জটায়ুর ভাষায় এগুলো সব রহস্য রোমাঞ্চ উপন্যাস। জানার জন্য বলি, এই মিলিয়ে মিলিয়ে দেওয়া নামের পদ্ধতিকে বলে ‘অ্যালিটারেশন বা অনুপ্রাস’
বলতে গেলে প্রায় সব সময়ই একটা নোট বই আর পেন হাতের কাছে রাখেন জটায়ু। যেটা দরকার মনে হয়, নোট করে নেন। যখন মন্দার বোস ঠাট্টা করে বলেন রাজস্থানে রক্তপাত, সঙ্গে সঙ্গে তিনি তখন সেটা নোট করে নেন। বলেন, ওনার পরের উপন্যাসের উনি এই নামটাই দেবেন আর সেটা আশা করা যায় নামের জোরেই কেটে যাবে”, কারণ উনি এবার রাজস্থান নিয়েই লিখতে চলেছেন।
এছাড়া ভালো লোকেদের দলে আছেন ডঃ হেমাঙ্গ হাজরা আর সিধু জ্যাঠা। আপাদমস্তক ভালো মানুষ ডঃ হাজরা একজন প্যারাসাইকোলজিস্ট (যাঁরা পূর্বজন্ম নিয়ে গবেষণা করেন)।
আর সিধু জ্যাঠা? খবরের কাগজের কাটিং জমানো হল ওনার নেশা। জ্ঞান আর স্মৃতিশক্তির বহর দেখে মনে হতেই পারে আজকের গুগল হয়তো ওনাকে ভেবেই তৈরি হয়েছে!
এবার আসি নকল ডঃ হাজরা (আসলে এম বর্মণ) ও মন্দার বোসের কথায়। মানুষটা যে মূর্তিমান শয়তান, তা নকল ডঃ হাজরার মুখ দেখলেই বোঝা যায়। আর মন্দার বোস? চারিত্রিক দিক থেকে খল তো বটেই, আরও একটা বিশেষণ তাঁর নামের পাশে অনায়াসে বসিয়ে দেওয়া যায় - "মজাদার"। হাতের খেলা থেকে শুরু করে নানান ভেলকি এমনকি হরবোলা (গলা দিয়ে নানান পশু পাখির ডাক) পর্যন্ত সে করতে পারে।
ছবির সঙ্গেই অমর হয়ে আছে ছবির সংলাপ।
সিধু জ্যাঠার মুখে আমরা শুনি - "আমি অনেক কিছু করলে অনেকেরই পসার থাকত না ফেলু, তাই আমি কিছুই করিনি।"
লালমোহনবাবু ফেলুদার বুদ্ধির তারিফ করতে গিয়ে বলেছিলেন - "আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই!" - কথাটা কিন্তু আজ অনেকেই মজা করে ব্যবহার করেন। আর এখানেই তো ছবির সংলাপের সার্থকতা - তাই না? আর তাছাড়া জটায়ুর মুখে যখন আমরা শুনি "এরা কি বন্য উট" বা "কাঁটা কি এরা বেছে খায়?", তখন আমাদের না হেসে উপায় থাকে না।
তারপর নকল ডঃ হাজরার সেই হা হিম করা সংলাপটা? - "টিকটিকি বিছের খাদ্য, নাকি বিছে টিকটিকির?" - ভোলা যায়?
ভোলা যায় না মন্দার বোসের সেই কথাগুলো - "জয়সলমীর যাবে? তোমায় পথে বসিয়ে তবে আমি ছাড়ছি।" বা জটায়ুকে ঠেস দিয়ে বলা কথাটা - "আপনি কামচটকা গেছেন?" অথবা, "আপনি শনি মনসা দেখেছেন? শনিবারে শনিবারে ফুল ধরে, বুঝেছেন? শনিবারে শনিবারে ফুল ধরে।"
কত বলব? শেষ হবে না। তাই সংলাপ নিয়ে বলতে গিয়ে শেষ কথা বলি ফেলুদার মন্দার বোসের উদ্দেশ্যে বলা সেই কথাটা - "ভবানন্দের চেলা, সাঙ্গ তোমার ভবের খেলা"।
এবার আসি ছবির কলাকুশলীদের কথায়। ভারতের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছিলাম ফেলুদা হিসেবে। লোকে বলত, ওনাকে মাথায় রেখেই নাকি সত্যজিৎ রায় ফেলুদার চরিত্রটা সাজিয়েছিলেন। তাঁর অভিনীত ফেলুদার পরের ছবি ছিল "জয় বাবা ফেলুনাথ"। সেটাও কিন্তু আরেকটা দুর্দান্ত ছবি। কোনওদিন সুযোগ পেলে সেই ছবি নিয়েও গল্প করা যাবে।
তোপসে ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ চ্যাটার্জী"জয় বাবা ফেলুনাথ"-এও উনি ছিলেন। অবশ্য পরবর্তীকালে ওনাকে আর আমরা তেমনভাবে অভিনয় জগতে দেখতে পাইনি।
আসল আর নকল হাজরার ভূমিকায় ছিলেন যথাক্রমে শৈলেন মুখার্জী ও অজয় ব্যানার্জি
আর মন্দার বোস? যাঁকে ছাড়া "সোনার কেল্লা" ভাবাই যায় না? হ্যাঁ, পর্দার মন্দার বোসের মতোই আসল মানুষটা, মানে কামু মুখার্জিও কিন্তু ছিলেন বেজায় আমুদে মানুষ। এত বড়ো অভিনেতা খুবই কম পেয়েছে বাংলা ছবি।
একই কথা বলা যায় সিধু জ্যাঠা মানে অভিনেতা হারীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে। ছবির মতোই আসল মানুষটাও কিন্তু ছিলেন অসম্ভব জ্ঞানী
সবশেষে আসি ছবির মধ্যমণি, মানে আমাদের সবার প্রিয় জটায়ু বা সন্তোষ দত্ত-র কথায়। প্রথম দর্শনেই সবার মন কেড়ে নিয়েছিলেন উনি। সোনার কেল্লা ফেলুদার গল্প হলেও আদতে শিরদাঁড়া কিন্তু ছিলেন জটায়ু লালমোহনবাবু ছাড়া ফেলুদা? ভাবা যায়? সন্তোষ দত্ত-র কমেডির টাইমিং এত মারাত্মক ছিল যে অনেক বাঘা বাঘা অভিনেতাও ওনার সঙ্গে অভিনয় করতে গিয়ে হিমসিম খেতেন। তাই হয়তো ওনার মৃত্যুর পর সত্যজিৎ রায় আর ফেলুদাকে নিয়ে ছবি বানাননি।
এছাড়া আছে শ্রীমান মুকুল। যার চরিত্রে অভিনয় করেছিলেন কুশল চক্রবর্তী। আজ উনি কিন্তু খুব খ্যাতনামা একজন অভিনেতা। প্রতিভা তো ছিলই, তাঁর সঙ্গে ছিল সত্যজিৎ রায়ের অভিনয় বের করে নেবার দক্ষতা। ছোট্ট কুশল চক্রবর্তীকে কিন্তু কখনও কুশল চক্রবর্তী বলে মনে হয়নি। মনে হয়েছিল সাহিত্যের পাতা থেকে মুকুল সোজা নেমে এসেছে রুপোলি পর্দায়।
সব মিলে সোনার কেল্লা ছবিটার মধ্যে যেন একটা ছন্দ রয়েছে। আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দেয় এই ছবি। নব্বই-এর দশকে আমরা যখন স্কুলে, তখন টিভির এত চ্যানেল ছিল না। সব মিলে চ্যানেল মাত্র দুটো। ডিডি ওয়ান আর মেট্রো। গরমের বা পুজোর ছুটিতে সেই সময় রোজ সকাল দশটা নাগাদ ছুটি ছুটি বলে একটা অনুষ্ঠান হত। হাঁ করে টিভির সামনে বসে গিলতাম ছোটোদের সব ছবি। সেখানেই আমার প্রথম দেখা ফেলুদার সঙ্গে। অবশ্য আলাপ হয়েছিল তারও আগে। ক্লাস ফাইভে পড়ার সময় এক পরিচিতর থেকে ফেলুদার বইগুলো নিয়ে পড়েছিলাম। তোপসের চোখ দিয়েই আমি প্রথম দেখেছিলাম রাজস্থান। সেই তখন থেকেই যেন ফেলুদা-তোপসে-জটায়ুসঙ্গে একাত্ম হয়ে গেছি আমি। তারপর থেকে কতবার যে ছবিটা আমি দেখেছি, তার ইয়ত্তা নেই। হয়তো একশো ছাড়িয়ে গেছে! আরও একশো যদি করে ফেলি, অবাক হবার কিছু নেই কিন্তু! কারণ প্রতিবারই নতুন নতুন কিছু পেয়ে যাই যে!
আর হ্যাঁ, এত কিছু কিন্তু ছবিটা উপভোগ করা যায় আরও একজন মানুষের সঙ্গে বসে। তিনি হলেন স্বয়ং পরিচালক মশাই! কারণ মনে মনে উনিই তো প্রথম ছবিটা দেখেছিলেন। তাই ছবিটা দেখতে বসে আমার সবসময়ই মনে হয় আমার একেবারে পাশেই বসে আছেন সত্যজিৎ রায়!
_____
ছবিঃ আন্তর্জাল

বায়োস্কোপ:: বাংলা শিশু চলচ্চিত্র: তিন দশকের তিনটি ছবি, একটি আলোচনা - সুগত চক্রবর্তী

        

বাংলা শিশু চলচ্চিত্র - তিন দশকের তিনটি ছবি, একটি আলোচনা
সুগত চক্রবর্তী

বর্তমানে কোথাও শিশু চলচ্চিত্র নিয়ে আলোচনা শুরু হলে অনেক ক্ষেত্রেই আলোচনায় আসে হ্যারি পটার, জঙ্গল বুক বা এই ধরনের কোনও বিদেশী চলচ্চিত্রের নাম, হয়তো এখনকার অভিভাবকরা তাদের সন্তানদের এই সব বিদেশী ছবি দেখাতেই বেশি উৎসাহিত করেন। কিন্তু আমাদের ভারতীয় ভাষায়ও একাধিক জনপ্রিয় শিশু চলচ্চিত্র তৈরি হয়েছে বা হচ্ছে, সেগুলিও যথেষ্ট উন্নত মানের। আমাদের মাতৃভাষা বাংলা, সেই ভাষাতেও তৈরি হয়েছে একাধিক শিশু কিশোর উপযোগী ছবি। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের জানাব সেরকম তিনটি ছবি সম্পর্কে যা তৈরি হয়েছিল আমাদের প্রাণের ভাষা বাংলাতে।
এখানে আমি বেছে নিয়েছি গত তিন দশকের তিনটি ছবি, সত্তরের দশকের 'চারমূর্তি', আশির দশকের 'ফটিকচাঁদ' এবং দু’হাজারের দশকের 'পাতালঘর'এই তিনটি ছবি বাছার কারণ হল, এই তিনটিই পুরোপুরি সাহিত্যনির্ভর ছবি, বাংলার তিন কিংবদন্তী সাহিত্যিকের উপন্যাস অবলম্বনে ছবি তিনটি তৈরি হয়েছিল। তাহলে আর বেশি দেরি না করে, আলোচনা শুরু করা যাক। ও, তোমরা হয়তো বলবে, যে তোমরা ছবিগুলি দেখবে কী ভাবে? তোমাদের বলি, স্মার্টফোন ও কম্পিউটার তো আজ তোমাদের ঘরে ঘরে। ইউটিউবে কিন্তু ছবিগুলি আপলোড করা আছে। আর তা ছাড়া দূরদর্শনের পর্দায় ছবিগুলি মাঝে মাঝেই দেখায়।
তোমরা তো পটলডাঙার বিখ্যাত টেনিদা ও তার চার সাগরেদের কীর্তিকাহিনী বই-এর পাতায় পড়েইছ। প্রয়াত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি এই চারমূর্তি। টেনিদা, প্যালা, ক্যাবলা ও হাবুলকে নিয়ে পঞ্চাশের দশকে নারায়ণ বাবু লিখলেন উপন্যাস ‘চারমূর্তি’র তার মৃত্যুর (১৯৭০) পর ১৯৭৮ সালে পরিচালক উমানাথ ভট্টাচার্য এই উপন্যাসকে নিয়ে এলেন সিনেমার পর্দায়। গল্পটা তোমরা অনেকেই পড়েছ, যারা পড়নি তাদের বলি, পরীক্ষার পর এই চারমূর্তি তো ক্যাবলার পিসেমশাই-এর কেনা এক বাংলোয় ঝন্টিপাহাড়ি বলে একটা জায়গায় ক’দিন থাকতে এল। তা সেখানে দমে খাওয়াদাওয়া আর আরাম। কিন্তু হলে কী হবে, সেই বাংলোয় রাত-বিরেতে নাকি ভূতের উপদ্রব, কিন্তু শেষে দেখা গেল কি, কতকগুলো দুষ্টলোক সেখানে জাল নোট ছাপাত আর লোককে ভূতের ভয় দেখাত। ছিল এক ভেকধারী স্বামীজি, এক শেঠজি আর স্বামীজির এক শিষ্য।
যাক, সিনেমাটার কথা বলি। টেনিদার চরিত্রে এই ছবিতে অভিনয় করেছিলেন চিন্ময় রায়, আর প্যালা, ক্যাবলা ও হাবুলের চরিত্রে ছিল যথাক্রমে শিবাজিকৃষ্ণ সাহা আর শম্ভু গাঙ্গুলী। আর বদমাস স্বামীজি ঘুটঘুটানন্দ, শেঠজি ঢুণ্ডুরাম আর শিষ্য গজেস্বরের চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে প্রয়াত সত্য বন্দোপাধ্যায়, রবি ঘোষ এবং শম্ভু ভট্টাচার্য। এই তিনজন আজ আমাদের মধ্যে নেই বটে, কিন্তু তাদের অসাধারণ মজার অভিনয় আমাদের বাধ্য করে হাসিতে গড়িয়ে পড়তে। আরে, এরা নেই শুনে মন খারাপ হয়ে গেল নাকিকী আর করবে বল, মানুষ তো আর অমর নয়। তা মনখারাপ দূর করার জন্যে ছবিটা একবার দেখবে নাকিগজেস্বর যা একটা ঘাঘরা পরে নেচেছিল না এই ছবিতে, তার সঙ্গে পাল্লা দিয়ে নেচেছিলেন সত্যবাবু এবং রবিবাবু। কোন সময়টা বল তোযখন প্যালাকে ওদের আড্ডায় ধরে নিয়ে গেল তখন। আর শুধু নাচ হয়, তার সঙ্গে একটা দারুণ গান - 'ঘচাং ফু, খাব তোকেঘচাং ফু, ঝাল নুন আদা দিয়ে রুটি দিয়ে সাপটে সুপটে খাব তোকে, ঘচাং ফু, খাঁটি তেলে ভেজে নেব মচমচে করে, মোরগ মোসল্লম করে খাব আজ আমি তোরে, গুলগুল্লা গুলগুল্লা.....’। গানটা কে গেয়েছিলেন বল তো, অংশুমান রায়। গানটা লিখেছিলেন শিবদাস বন্দোপাধ্যায় আর সুর দিয়েছিলেন অজয় দাশ। আরেকটা কথা জানো কিআমাদের যে কোনও দেশাত্মবোধক অনুষ্ঠানে মান্না দের গাওয়া একটা গান প্রায়ই গাওয়া হয়, ‘ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো" হ্যাঁ, এটাও কিন্তু এই ছবিরই গান। তোমরা অনেকেই গানটা জান, হয়তো গুনগুন করে গাইতেও শুরু করেছ, এখন জেনে গেলে গানটার সুরকার গীতিকারের নামও। আর তারপর, সিনেমাটার রাতের দৃশ্যগুলো পুরো জমজমাট, যখন বাংলোয় ভূত এসে চারমূর্তিকে ভয় দেখাতে লাগল বা প্যালাকে খুঁজতে চারমূর্তির বনে জঙ্গলে ঘোরা, আউটডোর লোকেশন দেখার মতো। এছাড়া ছবির একটা দারুণ মজার দৃশ্য ক্যাবলার বাড়িতে টেনিদার খাওয়া। বা, পরীক্ষার হলে টেনিদা ও প্যালার কথোপকথন। তাহলে আর বেশি বলে কী হবে, ছবিটা বরং দেখেই নাও।
এরপরের ছবি যেটা বলব সেটা হল সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে সন্দীপ রায়ের ছবি 'ফটিকচাঁদ' সন্দীপ বাবুর পরিচয় তো তোমরা জানোই, সত্যজিৎ বাবুর ছেলে। কী বলছএখনকার ফেলুদা ছবিগুলোর পরিচালক? ঠিক বলেছ। কিন্তু জানো কি, এটা সন্দীপ বাবুর প্রথম পরিচালনা করা ছবি। ১৯৮৩ সালে এই ছবিটি উনি বানিয়েছিলেন। কয়েকজন বদমাস মিলে একটি ছেলেকে অপহরণ করে, পথে দুর্ঘটনার কবলে পড়ে বদমাসদের কয়েকজন মারা যায়, দু’জন খালি বেঁচে যায়। আর ছেলেটার মাথায় চোট লেগে স্মৃতি হারিয়ে যায়। এবার সেই অবস্থায় ছেলেটির সঙ্গে দেখা হয় এক জাগলারের, যার নাম হারুনদা। এবার হারুনদা তাকে কীভাবে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দিলনানা ঘটনা পেরিয়ে সেই নিয়েই গল্প। এই জাগলারের চরিত্রে অভিনয় করেছিলেন কামু মুখোপাধ্যায়, যিনি আবার ‘সোনার কেল্লা’ ছবিতে মন্দার বোসের রোল করেছিলেন। একটা টানটান চিত্রনাট্য এই ছবির সম্পদ। চিত্রনাট্য লিখেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। সংলাপও তাঁর। জানো কি, এই ছবির জন্য সত্যিকারের জাগলিং শিখেছিলেন কামুবাবু। ছবিটি সেই সময় সুপার ডুপার হিট হয়েছিল।
এবার আসি তৃতীয় ছবি ২০০৩-এ মুক্তি পাওয়া শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি, অভিজিৎ চৌধুরীর ছবি ‘পাতালঘরের’ কথায়। এই ছবি সম্পর্কে একটি কথা বলা যায়, ছবিটিতে কিন্তু মূল গল্পকে  অনেকাংশে পরিবর্তন করা হয়েছিল, এমনকি গল্পের প্রধান চরিত্র সনাতন বিশ্বাসের চরিত্রটিকেও রাখা হয়নি। গল্পটি প্রায় আমূল পরিবর্তন করা হয়েছিল বলা যায়। সত্যি কথা বলতে গেলে বইয়ে পড়া কাহিনির সঙ্গে মিলিয়ে ছবি দেখতে হলে পদে পদে হোঁচট খেতে হবে। তাহলে ছবিতে কী আছে? ছবিটি দেখতে হলে শীর্ষেন্দুবাবুর কাহিনীটি ভুলে গিয়ে ছবিটি দেখতে হবে। এবং তখন ছবিটি যথেষ্ট ভালো লাগবে। কারণ, টানটান চিত্রনাট্য, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, নজর কাড়া আউটডোর লোকেশন এবং মন মাতানো অভিনয়, এবং দেবজ্যোতি মিশ্রর সুরে কিছু ভালো গান। ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জীরমাপ্রসাদ বণিক এরকম একাধিক নামীদামী শিল্পিমনুবাবুর লিপে একটি মজার গান আছে, 'তুমি কাশী যেতে পারো, যেতে পারো গয়া, পাবে না দ্বিতীয় এমন অপয়া' - কারণ, মনুবাবু অভিনয় করেছিলেন বিখ্যাত অপয়া গোবিন্দ বিশ্বাসের চরিত্রে। এবং দেখার মতো জিনিস অন্য গ্রহের প্রাণী হিকের চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায়ের অসাধারণ মেকআপ।
তাহলে এক কাজ কর, আমি তোমাদের একটু প্রাথমিক ধারণা দিলাম, এবার তোমরা একটু সময় করে তিনটে ছবি দেখে নাও। তবে খবরদার, পড়াশোনার সময় বাঁচিয়ে কিন্তু। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সিনেমাকে সব সময় ছবি বলবে, বই একদম বলবে না। অনেকেরই দেখবে একটা স্বভাব আছে ‘অমুক বইটা দেখেছিস’ বা ‘সত্যজিৎ রায়ের সোনার কেল্লা বইটা দেখলাম’ এরকম ধরনের কথা বলা। এটা ভুল। স্বয়ং সত্যজিৎ রায় এটা শুনলে খুব বিরক্ত হতেন।
ভবিষ্যতে তোমাদের জন্যে আরও কিছু ছবির আলোচনা করার ইচ্ছে থাকল। ঠিক আছে, ছবি দ্যাখো এবং প্রচুর বাংলা বই পড়।
_____
ছবিঃ আন্তর্জাল

বায়োস্কোপ:: ছোটোদের সিনেমা - দেবমাল্য মুখোপাধ্যায়


ছোটোদের সিনেমা
দেবমাল্য মুখোপাধ্যায়

সিনেমা বা চলচ্চিত্র আজকের যুগে সেরকম মূল্যবান না হলেও একটা সময় ছিল যখন এই সিনেমা ছিল বিনোদনের একটা অংশ। সত্যি কথা বলতে সিনেমা আজও বিনোদনের অংশ। কিন্তু এখন কটা লোকই বা সিনেমা দেখে হলে গিয়ে। আর সিনেমা বলতেই এখন বড়োদের সিনেমা। ছোটোদের জন্য সিনেমা বলতে গেলে কেউ বানায় না। অথচ একটা সময় ছিল যখন ছোটোদের জন্য সিনেমা বার হত।
আমাদের সময়েই যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সেই সময় ছোটোদের কথা চিন্তা করে প্রচুর সিনেমা বেরিয়েছে। কিন্তু এখনকার দিনে নাকি ছোটোদের উপযুক্ত গল্প নেই। অন্তত অনেক পরিচালকই এই কথা বলেন। কিন্তু আমরা যদি একটু সাহিত্যের অন্দরমহলে উঁকি মারি তাহলে দেখতে পাব ছোটোদের সিনেমা করার মতো বিষয়ের কোন অভাব নেই। উপেন্দ্রকিশোর বা সুকুমার রায়ের রচনাগুলি যদি দেখি তাহলে আমরা দেখতে পাব শিশুদের বা ছোটোদের উপযুক্ত সিনেমা করার মতো অনেক বিষয় আছে।
ছোটোদের মন হল কল্পনাপ্রব। তারা কল্পনার জগতে বাস করে। আর তাদের ভালো লাগে রূপকথা, আজব কল্পকাহিনিতারা পছন্দ করে কার্টুন জাতীয় সিনেমা। আর এখন ডরেমন, শিঞ্চ্যান বা অগির মতো নানা রকমের কার্টুন বেরিয়েছে যা ছোটোদের সত্যিই খুব প্রিয়। কিন্তু আমার ছোট্ট বন্ধুরা, তোমরা জানো না বোধহয় যে একদম প্রথম কার্টুন বেরিয়েছিল মিকি মাউস। বার করেছিলেন ডিজনি সেই ১৯২৮ সালে। তারপর আসে আরও অনেক কার্টুন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৩৭ সালে স্নো হোয়াইট। আর ১৯৪০ সালে পিনক্কিও বানিয়ে ডিজনি যে যাত্রা শুরু করেতা আজও অব্যাহত।
তবে ছোটোদের জন্য তৈরি যে সিনেমাটি সাড়া ফেলেছিল সেটি হল ১৯৩৯ সালে মেট্রো গোল্ডেন মাইয়ার বা এম জি এম-এর তৈরি উইজার্ড অফ ওজ, যেটি সবচাইতে বেশিবার দেখা হয়েছে। ১৯৪০ সাল থেকে নির্মিত হয়ে চলেছে এক দুষ্টু বিড়াল আর এক মিষ্টি ইদুরের গল্প। মানে তোমাদের বা আমার প্রিয় টম আর জেরি। এই টম আর জেরির সৃষ্টি যারা করেছিলেন তারা হলে উইলিয়াম হানানা আর জোসেফ বারবেরা।
এবার আসি আমাদের বাংলায়। বাংলা চলচ্চিত্রের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু অনেক সিনেমার সন্ধান পাওয়া যায়। যেমন সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালি, গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাথ আজও সকল বয়সের জন্য সমানভাবে সমাদৃত। এছাড়াও সেই সময়ের আরও কিছু সিনেমার নাম না বললেই নয়। এর মধ্যে অনেক সিনেমাই এখন পাওয়া যায় না। যেমন পরিচালক বিভাস চট্টোপাধ্যায়-এর গোলক ধাম রহস্য এবং ঘুরঘুটিয়ার ঘটনা। এ ছাড়া দূরদর্শনে সত্যজিৎ রায়ের ছোটো গল্পগুলো নিয়েও একটা সিরিজ হত। তারপর হত পরশুরামের গল্প এবং আরও অনেক কিছু। তারপর দামু, হিরে মানিক, দাদু নাতি আর হাতি এইসব সিনেমাগুলো সেই সময়ের একেটা মাইলস্টোন ছিল। এরপর আসে পাতাল ঘর, মনোজদের অদ্ভুত বাড়ি, ছায়াময় ইত্যাদি সিনেমা।
মিকি মাউসের পর আশির বেশি বছর পার হয়ে গেছে। এর মধ্যে প্রযুক্তির আরও উন্নতি হয়েছে, যার ফলে সিনেমার জগতে ঘটেছে এক বিশাল বিপ্লব। কার আগেকার দিনের সিনেমাগুলোতে প্রযুক্তিগত অভাব দেখা যেত। তবে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, কার তখন এত সুন্দর ভি এফ এক্স-এর কাজ সত্যিই খুব কম দেখা গেছে। তবে এখন আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে সিনেমা হয়ে উঠেছে এক চোখ ধাঁধানো কর্মকাণ্ডের সমাহার। এর যেমন মন্দ দিক রয়েছে তেমনই ভালো দিকেরও শেষ নেই। কার এই সমস্ত প্রযুক্তি ছাড়া হ্যারি পটার-এর সিনেমাগুলো করা সম্ভব হত না। এছাড়া মারভেল, এভেঞ্জার ইত্যাদি সিনেমাগুলোও করা সম্ভব হত না। আর সত্যি কথা বলতে এই সিনেমাগুলো আধুনিক প্রযুক্তির এক অন্যতম নিদর্শন।
এছাড়া ইটি, টয়স্টোরি, স্পাইডার ম্যান, ব্যাটম্যান এইসব সিনেমার কথাও না বললে নয়। কারন ভি এফ এক্স-এর সুন্দর ব্যবহার এতে দেখানো হয়েছে। আবার শুধুমাত্র কল্পনাশক্তি বা আঁকার দিক দিয়েও কিছু সিনেমা খ্যাতির চরমে পৌঁছে গেছে। যেমন প্রখ্যাত জাপানি পরিচালক হায়াও মিয়জাকি মাই নেইবার টটারনামে একটা সিনেমা বানিয়েছিলেন।
সব শেষে একটা কথা বলি, আজ পড়াশোনা এবং কোচিং-এর চাপে শিশুরা ঠিক মতো খেলতেই পারে না, বা ভালো বইও পড়তে পারে না, বা ভালো ভালো সিনেমা দেখতেও পারে না।
ছোটোদের মনের আনন্দ আর সূক্ষ্ম অনুভূতির জানালা খুলে দেয় ভালো বই বা ভালো ছায়াছবি। তাই আমাদের সকলের কর্তব্য শিশুদের জন্য ভালো ও শিক্ষামুলক বা মনীষীদের জীবনীমূলক সিনেমা দেখার সুযোগ তৈরি করে দেওয়া।
_____
ছবিঃ আন্তর্জাল

ম্যাজিক পেনসিলঃ ছোটোদের নিজস্ব বিভাগঃ এপ্রিল ২০১৯

ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ

এবারের ম্যাজিক ল্যাম্পের ম্যাজিক পেনসিল বিভাগে এসেছে দুটি ছবি।
নিচের পেনসিল স্কেচটি এঁকে পাঠিয়েছে স্বাতন্ত্রী অধিকারী...


অঙ্কনশিল্পীর পরিচিতি
স্বাতন্ত্রী অধিকারী
ওয়েল্যান্ড গোল্ডস্মিথ স্কুল, পাটুলি ব্রাঞ্চ, পঞ্চম শ্রেণি

*****

দ্বিতীয় ছবিটি এঁকে পাঠিয়েছে জামালপুরের শুভম রায়...


অঙ্কনশিল্পীর পরিচিতি

শুভম রায়
সপ্তম শ্রেণি, জামালপুর হাই স্কুল
জামালপুর, পূর্ব বর্ধমান
_____