Showing posts with label জয়ন্ত মুখোপাধ্যায়. Show all posts
Showing posts with label জয়ন্ত মুখোপাধ্যায়. Show all posts

ছড়া-কবিতা:: শরৎ - জয়ন্ত মুখোপাধ্যায়


শরৎ
জয়ন্ত মুখোপাধ্যায়

এমন দিনেই দূর আকাশে
দৃষ্টি ছোটে অমোঘ টানে
নীল-সাদার ঐ প্রেক্ষাপটে
নতুন ছবির খুঁজতে মানে।

এমন দিনেই দামাল ছেলে
খেই হারিয়ে স্কুলের পাঠে
নিছক রোদে ভরদুপুরে
সঙ্গী খোঁজে কাশের মাঠে।

এমন দিনেই স্বপ্ন বোনা
খামখেয়ালি মনের মাঝে
শিউলি, শালুক হাতছানি দেয়
আনমনা এই সকাল সাঁঝে।

এমন দিনেই আগমনী
শুনতে যে চায় আকুল হৃদয়
ঢাকের ধ্বনি ঐ বলে যায়
দুর্গাপুজোর আসছে সময়।
----------
ছবি - আন্তর্জাল

ছড়া-কবিতা:: মহালয়া - জয়ন্ত মুখোপাধ্যায়


মহালয়া
জয়ন্ত মুখোপাধ্যায়
 
এখন সময় নয়, তবু এসে ছুঁয়ে দিয়ে যায়
ভিজেছে খড়ের স্তূপ, ভেজা মাটি কাঠামোর গায়ে।
 
ভেসেছে কোথাও বাড়ি, পথে ঘর, মাথায় আকাশ
বৃষ্টি কেড়েছে সুখ, চেয়ে থাকে শরতের কাশ।
 
কমলে জলের ধারা, ঘর পায় নতুন সকাল
স্বপ্ন রঙিন হয়, আশা থাক বেঁচে চিরকাল।
 
রঙের প্রলেপ পড়ে প্রতিমার জীবন্ত মুখ
চক্ষুদানের দিনে মুছে যাক সমস্ত দুখ।
_____
ছবিঃ আন্তর্জাল

ছড়া-কবিতা:: মাতৃভাষা - জয়ন্ত মুখোপাধ্যায়


মাতৃভাষা
জয়ন্ত মুখোপাধ্যায়

ভাষার কথা উঠল যখন
বলছি তবে শোনো
বাংলা ভাষা মায়ের মতন
ছাড়ে না কক্ষনো।
বকার হলে বকবে ভীষণ
মারার হলে মারে
রাগ অনুরাগ লেগেই থাকে
মানাই বারে বারে।
আবার যখন আদর করে
নিজের কাছে টানে
জীবন আমার ওঠেই ভরে
কবিতা আর গানে।
এমনি করেই বাংলা ভাষা
থাকুক পাশে পাশে
এমনি করে তোমায় আমায়
ক’জন ভালবাসে!
_____
ছবিঃ আন্তর্জাল