
সিনেমা কাণ্ড
অর্ণব ভট্টাচার্য
তাড়াতাড়ি হতে চাই বিখ্যাত খুবই
শেষে তাই বহু ভেবে বানালাম মুভি।
সবই ঠিক ছিল শুধু, খুঁজে খুঁজে দেখে
প্রযোজক পাই এক হাড়কিপটেকে!
পাহাড়েতে শ্যুট হবে ভাবা ছিল প্ল্যান,
সোজা ‘ধাপা’ নিয়ে গেল, ভাড়া করে ভ্যান।
ফিফথ ফ্লোরে নায়িকার বাড়ি ছিল বলা,
কেঁদেকেটে পাই তবু মোটে একতলা।
নায়কও আসতে চায় বাইকেতে চড়ে,
প্রযোজক সোজা দেয় সাইকেল ধরে।
ভিলেনের কথা বলি ব্যথা চেপে বুকে,
স্কেচপেনে গোঁফ দেখি আঁকা তার মুখে।
অ্যাকশন সিন হল জানো কী কী দিয়ে?
চারচাকা দামি তাই, ঠেলাগাড়ি নিয়ে।
আমারও কি হল আর শান্তিতে থাকা!
‘চেক’-এ দেখি লেখা আছে শুধু দশ টাকা।
----------
ছবি - আন্তর্জাল

No comments:
Post a Comment