
দুগ্গিপুজোর জাঁকজমক
সুমন দলুই
বাজল কাঁসর, বাজল ঢাক;
দুগ্গিপুজোর জমল জাঁক।
পড়ল ছুটি ইশকুলে,
নাচল সবাই দিল্-খুলে!
সিলেবাসের পড়ার ভার?
এই ক’টা দিন থাক না ছাড়!
নীলচে আকাশ, মেঘ ধবল ‒
বলছে ডেকে, “বেড়াই, চল্!”
নতুন জামায় নতুন সাজ,
মুলতুবি থাক অন্য কাজ।
সবুজ মাঠের সতেজ কাশ,
খুশির হাওয়ায় নিচ্ছে শ্বাস।
মিলছে পুজোয় হরেক মন,
ফিরছে ঘরে আপনজন।
পুজোর নতুন বার্ষিকী,
পড়ছে মিনি আর মিকি।
খাওয়া-দাওয়ায় জমজমাট ‒
জন-স্রোতের পুজোর মাঠ।
গরিব হোক বা ধনীর ঘর,
প্রত্যেকে পাক পুজোর বর।
হোক না ভ্যানিশ সব বিভেদ,
যাক ঘুচে যাক সকল খেদ।
দুখ-ভোলানো ছন্দ সুর,
মাতিয়ে তুলুক অন্তঃপুর।
----------
ছবি: এ আই (নির্মাণ: তাপস মৌলিক)
No comments:
Post a Comment