ছড়া-কবিতা:: গুচ্ছমেরিক - সঞ্জয় বন্দোপাধ্যায়

গুচ্ছমেরিক
সঞ্জয় বন্দোপাধ্যায়

১
নিখরচায়


দেববর্মার জোড়াসাঁকোর শ্বশুরবাড়ির
জোয়ানবুড়ো সবাই কেন লম্বা দাড়ির?
রঙবেরঙের ঝাড়ু কেনা
সাতপুরুষেই ওদের মানা
দাড়ির কাজ: নিখরচায় ঝাড়াঝাড়ির!

২
পেটুকের মেনুকার্ড


জনাইয়ের মনোহরা চুঁচড়োর তালশাঁস
আমিনিয়া কাঠিরোল পেলে হয় বিন্দাস
ভরপেটে ফিশফ্রাই
কাবাব ও মোগলাই
ছড়ার ছড়ির টানে রসময় কে সি দাশ।

বিরিয়ানি (কাচ্চি, শাহি) প্রাণহরা সন্দেশ
ইলিশ পাতুরি পেলে পেটুকের জমে বেশ
জয়নগরের মোয়া
সঙ্গতে ক্ষীর-খোয়া
সর্ষে বোয়াল, শেষে গাছপাঁঠা বোনলেস!

৩
ভিনদেশি পিসি

উড়ে এসে জুড়ে বসা বর্মার পিসি
তিনবেলা বসে খায় মিশো স্যুপ, সুশি
বিশ সাল যে জাপানে
কাটিয়েছে সে কারণে
মুখে আর রোচে না যা সাদামাটা, দিশি!


৪
হাতছাড়া

ডায়েটের চক্করে বর্মার পিসি
ব্রকোলিতে মজে বলে ফুলকপি দিশি
বিন-তেলে রান্না
ভাজা-ভুজি খান না
হাতছাড়া করেননি কাসুন্দি শিশি!

৫
আহ্লাদে আট

বর্মার রাঙামামা হিসাবেতে চোস্তো
আহ্লাদে আট, পেলে বিউলি ও পোস্ত,
বলে: “যত কাজ তত ফাঁকি।”
মাঝে ফাঁকটা আসল নাকি!
আর বলে দেখা হলে: ফ্রি নাকি ব্যস্ত?
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment