Showing posts with label সুব্রত দাস. Show all posts
Showing posts with label সুব্রত দাস. Show all posts

ছড়া-কবিতা:: শারদ খুশি - সুব্রত দাস


শারদ খুশি
সুব্রত দাস

নীল আকাশে দেখছ যাদের
চলছে আনাগোনা,
তারাই পেঁজা তুলোর ‘মাতন
মেঘের ছানাপোনা!

লাখে লাখে, শিউলি শাখে
যেই না সুবাস ছড়ায়,
জানবে তখন শারদ খুশি
দোরগোরাতে গড়ায়!

কাশের বনে ,আপন মনে
করলে বাতাস খেলা,
বুঝবে কাশের চামর দোলায়
পুজোর ছুটির বেলা!

ঝলমলে রোদ পড়বে যখন
কাঁকন-কনক পাতায়,
দেখবে কেমন দুগ্গাপুজোর -
আনন্দ, মন মাতায়!!
----------
ছবি - আন্তর্জাল

ছড়া-কবিতা:: শরৎ খুশির হীরকদ্যুতি - সুব্রত দাস


শরৎ খুশির হীরকদ্যুতি
সুব্রত দাস

খুশির শরৎ কোথায় লুটোয়
শিশির মাখা গাঁয়?
আলপনাময় শিউলি ঝরা
আমার আঙিনায়!
কাচপোকা টিপ লাজে, মায়ের
আলতা রাঙা পায়!!

লুটোয় শরৎ ভোরাই ঘাসে
আলতো আলোয় মেখে,
নিশির শিশির হীরকদ্যুতির
নাকছাবি ফুল এঁকে!
আকাশ নীলের পেঁজা তুলোর
মেঘ ছানাদের ডেকে!!

শরৎ লুটোয়, লুটোয় শরৎ
শুভ্র কাশের বনে,
হিজল বকুল শীরিষ গাছের
সবুজ পাতার কোণে!
সাতচাঁপা ফুল টুপুর, খুশি
ছড়ায় মনে মনে!!
----------
ছবি - আন্তর্জাল

ছড়া-কবিতা:: দুটি ছড়া - সুব্রত দাস


দুটি ছড়া
সুব্রত দাস

মস্ত খুশির আঁক

আগঝুম ঝুম, বাগঝুম ঝুম
লাগঝুম ঝুম দোল -
নাকছাবি ফুল সবুজ ঘাসে
তুলল কী হিল্লোল!

রোদ ঝলমল, খুব চঞ্চল
গগনাঞ্চল জুড়ে,
পেঁজা তুলোর মেঘ ছানারা
দিব্যি বেড়ায় ঘুরে!

লাবডুব লাব, টুবলাব ডুব
শিউলি ফুলের ঘ্রাণে,
শুভ্র কাশের চাম দোলা
ছড়ায় খুশি প্রাণে!

আগডুম ডুম, বাগডুম ডুম
টাকডুম ডুম টাক্,
খোকা খুকুর রাত আর দুপুর
মস্ত খুশির আঁক!

*        *        *


দুর্গা আমার

দুর্গা আমার বোন
দুষ্টুমি আর চঞ্চলতায়
স্রোতস্বিনী শ্যোন!

দুর্গা আমার দিদি
আটকে রাখে দিবানিশি
হাজার শাসন বিধি!

দুর্গা আমার কাকি
মায়ের ভয়ে তাঁরই কাছে
লুকিয়ে আমি থাকি!

দুর্গা আমার জেঠি
আমায় বুকে নিয়ে বলেন
সাতরাজাধন এটি!

দুর্গা আমার মাসি
মনটা কেমন করলে আমার
এক ছুটেতে আসি!

দুর্গা আমার পিসি
বাড়ি এলেই খুশির আলো
জ্বলবে দিবানিশি!

দুর্গা আমার মা
মায়ের মতন এমন যতন
কেউ যে করে না!!
----------
ছবি - নচিকেতা মাহাত ও সম্বিতা

ছড়া-কবিতা:: ভ্রমণ, কোথায়? - সুব্রত দাস


ভ্রমণ, কোথায়?
সুব্রত দাস

তোল্ দেখি হাত, আমার সাথে
ঘুরতে কে কে যাবি,
দীঘা-পুরী, সিমলা-উটি
কিংবা আবুধাবি?

পাহাড় প্রিয় দার্জিলিঙে
চল্ না ঘুরে আসি,
নাকি যাবি সবাই মিলে
গয়া বা ধর, কাশী!

তুই কী বলিস, লে-লাদাখ?
থাকুক খানা-খন্দ না,
স্বর্গদ্বারের মিলবে দেখা
জায়গাটা ভাই মন্দ-না!

এসব ছাড়াও ঘুরতে যাওয়ার
জায়গা আছে অন্য,
জলদাপাড়া, সুন্দরবন
মস্ত অভয়ারণ্য!!
----------
ছবি - আন্তর্জাল

ছড়া-কবিতা:: হনুমান - সুব্রত দাস


হনুমান
সুব্রত দাস
 
ঘুম থেকে উঠে দেখি
ওরে বাবা এটা এ কী
ঝুল ঝুল ঝুলছে,
পুরোপুরি লোমে ঢাকা
তার ওপর আঁকাবাঁকা
দুল দুল দুলছে!
দড়ি ভেবে যেই টান
দিয়েছি কী বাম ডান
দুই গালে লাগল,
কড়া পাকে দুই চড়
খেয়ে চোখে জল-ঝড়
ত্রিভুবন জাগল!
কী হল ব্যাপারটা
জড়িয়ে র্যাপারটা
করতেই অনুমান,
দেখি বসে ডালে সে
রাজকীয় চালে সে
ঠিক ব্যাটা হনুমান!!
----------

ছবিঃ আন্তর্জাল

ছড়া-কবিতা:: দাদা-ভাই - সুব্রত দাস


-  দে না দাদা একবারটি
আমিও ঘোড়াই লাট্টু!
-  না দেব না, তোর সাথে আজ
সত্যি আমার কাট্টু !
-  দিবি না তো, আচ্ছা তবে
আমার কাছেও আছে,
হরেক রঙের অনেক গুলি
সবকটি তাও কাচের!
-  আচ্ছা এ নে দু’বার ঘোরা
কিন্তু কাচের গুলি,
ভাইটি রাখিস আমার জন্য
না হয় কতক তুলি’!!
_____
ছবিঃ অতনু দেব