Showing posts with label সমীরণ সরকার. Show all posts
Showing posts with label সমীরণ সরকার. Show all posts

ছড়া-কবিতা:: খুকুর পুতুল - সমীরণ সরকার


খুকুর পুতুল
সমীরণ সরকার
 
আমার একটা পুতুল আছে
নাম দিয়েছি আয়না,
আমার সাথে যখন তখন
নিত্যি নতুন বায়না
সকালবেলায় ঘুম ভাঙে না
ডাকলে পরেই গোঁসা,
গুনে গুনে তিন হামিতে
মেজাজটা হয় খাসা
দুপুরবেলা মাছ খাবে না
এক জোড়া ডিম চাই,
পেটের অসুখ হলে পরে
বলুন কোথায় যাই?
সন্ধ্যাবেলা গরম লুচি
সঙ্গে মিহিদানা,
সাজিয়ে দিলেই মেজাজ খুশি
আহ্লাদে আটখানা
আয়না যতই বায়না করুক
রাগ করি না আমি,
মুখ গোমড়া করলে পরেই
ও দিয়ে দেয় হামি
_____
ছবিঃ আন্তর্জাল

ছড়া-কবিতা:: বিষ্টি এল - সমীরণ সরকার


বিষ্টি এল
সমীরণ সরকার

বিষ্টি এল ঝমঝমিয়ে
মেঘের বাদ্যি বাজে,
লাঙল কাঁধে হারাণ খুড়ো
চলল চাষের কাজে।
বিষ্টি দেখে হাঁসের ছানা
প্যাঁকপ্যাঁকিয়ে গায়,
মাছের খোঁজে পদি পিসি
জালি হাতে যায়।
বিষ্টি দেখে ছাগল ছানা
খোঁজে নিজের মাকে,
পরাণ মুদির গোয়াল ঘরে
প্যাংলা গাইটা ডাকে
বিষ্টি দেখে আনন্দেতে
নাচে ব্যাঙের খোকা,
গলা ছেড়ে ধরল যে গান
তাইরে নাইরে না কা!
বিষ্টি দেখে খোকা খুকু
মনের আনন্দেতে
ছড়া বলে খেয়াল খুশির
শব্দেতে, ছন্দেতে –
_____
ছবিঃ সমীর সরকার