Showing posts with label শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত. Show all posts
Showing posts with label শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত. Show all posts

ছড়া-কবিতা:: ইচ্ছে - শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত


ইচ্ছে
শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত
 
তেমন করে চাও গো নদী
আকাশ হবে আলোর নদী।
মেঘগুলো সব নৌকা হবে
চলবে হেলেদুলে।
মৌমাছিরা মিষ্টি গানে
বলবে কথা কানে কানে
গুনগুনিয়ে গান শোনাবে
বসবে এসে ফুলে।
 
এমন যদি ভাবতে পারো
বাগান হবে সবুজ আরও
পাখিরা সব নাচ দেখাবে
গানের তালে তালে।
ফুলের মুখে আলতো হাসি
বলবে তোমায় ভালোবাসি
রঙের ডালি উজাড় হবে
গাছের ডালে ডালে।
 
ইচ্ছে তোমার যদি করে
আকাশটাকে মুঠোয় ভরে
ভাসিয়ে দিও নতুন দিনে
ভাবনাগুলো যত।
মেলে দিও মনের ডানা
উড়ে যেতে নেই যে মানা
খুশিগুলো ঝরনা হয়ে
ঝরবে আলোর মতো।।
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

ছড়া-কবিতা:: সকালবেলার ছড়া - শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত


               সকালবেলার ছড়া
                শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত

একটা সকাল        ভীষণ তাড়া।
অল্প  আলোয়        জাগছে পাড়া।
ঘাসের ডগায়        শিশিরদানা।
ছোট্ট চড়াই          মেলছে ডানা।
সবুজ জামা          টিয়া পাখি।
পড়াশুনায়           দেয় না ফাঁকি।
কোকিল ভায়ার      গলা ভালো
মিষ্টি সুরে           মন ভোলাল।
রোদ পড়েছে        পাতার বুকে
নাচছে ফিঙে         মনের সুখে।
টুনটুনিটা            করছে পড়া
দোয়েল পাখি        কাটছে ছড়া।
দুষ্টু ভারি            কাকের ছানা
একটা পড়াও        নেই যে জানা।
ক্লাসের সেরা         ছোট্ট চড়াই
শালিক পাখি         করছে লড়াই।
বাতাস হেসে         দিচ্ছে দোলা
পূব আকাশের        দরজা খোলা।
মৌমাছিরা            ফুলের বনে
উড়ে বেড়ায়         আপন মনে।
প্রজাপতি            রঙবাহারি
নরম জামায়         নকশাকারি।
সূর্যিমামা             মিষ্টি হাসে
দিচ্ছে উঁকি          ওদের ক্লাসে।
হাঁস চলেছে          পুকুর জলে
কাঠবেড়ালি          লাফিয়ে চলে।
সবুজ গাছে          ফুলের মেলা
রোদ ঝিলমিল        সকাল বেলা।।
_____
                       ছবিঃ আন্তর্জাল