Showing posts with label মৃন্ময় ঘোষ. Show all posts
Showing posts with label মৃন্ময় ঘোষ. Show all posts

ছড়া-কবিতা:: হাট্টিমা টিম ডিম, ননসেন্স কাব্য - মৃন্ময় ঘোষ


হাট্টিমা টিম ডিম
মৃন্ময় ঘোষ

হাট্টিমা টিম টিম
জয়েন করে জিম
ব্যায়াম শেষে ভীষণ খিদে,
বললো অতঃকিম?

পাউরুটিতে জেলি
মাখিয়ে তো বেশ খেলি,
হাঁক দিলি ফের সেদ্ধ করো
তিনটে ঘোড়ার ডিম!!

ভয় পেয়ে তাই ঘোড়া
করলো শুরু ওড়া,
পুচ্ছ দিয়ে আগুন বেরোয়
নাক দিয়ে ইস্টিম।

ঘোড়ার দুটো ছানা
নেইকো তাদের ডানা,
হাট্টিমাকে বললো রেগে
"ব্যাপারটা এক্সট্রিম!!

চেঁচিয়ে এবং হেঁকে
শিঘ্রী আনো ডেকে,
লেংগী দিলে দেখবে চোখে
সর্ষে ফুলের ড্রিম।"

ভয় পেয়ে হাট্টিমা
বললো ঘোড়া মামা
ফেরত এসো, ছানার ভয়ে
হাড় হয়েছে হিম।

সেই থেকে রোজ দিন
ব্যাটা হাট্টিমা টিম টিম,
নিজের খাড়া শিং বাগিয়ে
মাঠে পাড়ে ডিম।

আহা হাট্টিমা টিম টিম
তাদের খাড়া দুটো শিং
_____


ননসেন্স কাব্য
মৃন্ময় ঘোষ

ঈগল পাখীর পুচ্ছে গজায় বাদুড় ছানার ন্যাজ
রাত্রে যে তার ঘুম আসে না, দিনে গা ম্যাজ ম্যাজ
প্রতিকারের উপায় আছে কঠিন মুষ্ঠিযোগ,
কষ্ট বাপু করতে হবে সারতে হলে রোগ
অশ্বডিম্ব রাঁধতে হবে গব্য ঘৃতে ভেজে,
আমলকী রস মিশিয়ে তাতে কষবে রসুন প্যাঁজে
ঘোড়ানিমের আচার আছে তারপিনে চোবানো,
কয়েক চামচ তাও মেশাবে অন্যথা নেই কোনো
এবার এ চীজ খাওয়াও দেখি ইসবগুলের সাথে,
সেরে যাবার সুযোগ আছে, পরদিন প্রভাতে
______
ছবিঃ সুজাতা চ্যাটার্জী

ছড়া-কবিতা:: ভূতুড়ে অসুখ - মৃন্ময় ঘোষ


ভূতুড়ে অসুখ
মৃন্ময় ঘোষ

শীতকালে সর্দিতে শাঁকচুনি ক্লান্ত,
তাই তো শ্যাওড়া গাছে ঝিঁ ঝিঁ পোকা শান্ত।
নইলে মধ্যরাতে সকরুণ বেহাগে,
মামদো সালসা নাচে নিদারুন সোহাগে।
অতিকায় রাত্রিতে গুটিকয় প্যাঁচারা
নাচা গানা হলো না যে, বোর হলো ব্যাচারা।
তাই তারা প্ল্যান করে ডেকে আনে ডাক্তার,
মিস্টার ঘোস্ট তিনি, খুব নামডাক তার।
বদ্দিটি রদ্দি না, জানে ভূত রাষ্ট্র,
বললেন সার্জারী কেস এটা পষ্ট।
এই বলে প্যাঁচ দিয়ে ঘ্যাঁচ করে মুন্ড
ঘাড় থেকে খুলে নিলো, কি ভীষণ কান্ড।
সেই ঘাড় জুড়ে দিয়ে ভ্যাকুয়াম ক্লিনারে
সর্দি বাহির হলো জাস্ট ওয়ান আওয়ারে।
তারপর করোটিটা ফের জোড়া হলো যেই,
শাঁকচুনি গান ধরে পুনরায় বেহাগেই।
________
ছবিঃ সুজাতা চ্যাটার্জি