ছড়া-কবিতা:: খবর শুনেছ? - কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়


খবর শুনেছ?
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়

টিভিতে আজকে খবর শুনেছ? খবর?
ইডেন গার্ডেনে আজব খেলাটা জমে গেছে নাকি জবর!
শুনেই তো আমি ইডেনে গেলাম ছুটে —
দেখি কোত্থেকে কাতারে কাতারে লোকজন গেছে জুটে।
দেশি ও বিদেশি দুইটি দলের তরজায়
খেলোয়াড়গুলো যত না লাফায়, দর্শক বেশি গর্জায়।
সারা মাঠ জুড়ে কী সাংঘাতিক টেনশন —
ব্যাট হাতে নিয়ে কাঁপিয়ে দিচ্ছে জনসন আর রনসন।
টিনটিন মোটে রান করেছিল কুড়ি,
ম্যানড্রেক আর লোথার জুটিতে করেছেন সেঞ্চুরি।
আর্চি, হেনরি শূন্য রানেই আউট,
ক্যালকুলাসের এল-বি-ডাবলু বেনিফিট অব ডাউট।
এখনও রয়েছে বেতাল, ফ্ল্যাশ ও কার্বি —
কেল্টুদা এসে বলে হেসে হেসে, ‘হারবি তোরাই হারবি।
আমাদের আছে বাঁটুল, বগলা, রাপ্পা,
বাহাদুর আর বঙ্কুর রান দেখে হয়ে যাবি খাপ্পা।
নন্টে-ফন্টে, হাঁদা আর ভোঁদা সবাই
আজ ইডেনেই একে একে ধরে তোদের করব জবাই।’
শুনে যেই রেগে বিদেশিরা ওঠে মারতে —
ঘুম ভেঙে দেখি শুয়ে আছি আমি ট্রেনের আপার বার্থে।
                     _____
   ছবিঃ আন্তর্জাল

9 comments:

  1. ফাটাফাটি হয়েছে কৃষ্ণেন্দু দা। পুরো ম্যাচ চোখের সামনে ভেসে উঠল।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ সপ্তর্ষি ।

      Delete
  2. ফাটাফাটি ছড়া। পরিচিত কমিক্স চরিত্রদের ক্রিকেট ম্যাচ। অভিনব ভাবনা।

    ReplyDelete
  3. দারুন লিখেছ কৃষ্ণেন্দুদা
    -শুভ্রা ভট্টাচার্য

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. অনেক ধন্যবাদ শুভ্রা ।

      Delete